২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচগুলোর সাফল্য বাড়িয়ে দিল আশা

বারমুডাকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 08:12 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

কষ্টার্জিত হলেও কানাডার বিপক্ষে ১৩ রানের জয় অ্যান্টিগায় ত্রিদেশীয় সিরিজের শিরোপা এনে  দেয় হাবিবুল বাশারদের।

বারবাডোজে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ২ উইকেটে হারানোয় বিশ্বকাপে নিজেদের গ্র“প প্রতিপক্ষ ভারত আর শ্রীলঙ্কার জন্য সতর্কবার্তাও পাঠানো হয়ে যায়।

এবং সবশেষে বৃহষ্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের অনায়াস জয় দিয়ে ‘অল উইন’ নিয়ে প্রস্তুতির পাঠও চুকালো বাংলাদেশ।

বিশ^কাপে পারফরম্যান্সের এ ধারাটাই ধরে রাখার জন্য ব্যাকুল হয়ে আছেন অধিনায়ক হাবিবুল বাশার। কারণ তার বিশ্বাস,“ প্রস্তুতি ম্যাচগুলোতে যেভাবে খেলছিলাম সেভাবে খেলতে পারলে বিশ্বকাপে যে কোনো দলের জন্যই খূব কঠিন প্রতিপক্ষ হব আমরা।”

আগে প্রতিপক্ষ হিসেবে কঠিন হয়ে উঠতে হবে ভারত কিংবা শ্রীলঙ্কার সামনে। সুপার এইটে খেলার স্বপ্ন পূরণে এদের যে কাউকে হারানো বাধ্যতামূলক। সতীর্থদের কাছ থেকে তেমন কিছু ঘটিয়ে ফেলার আতœবিশ্বাসের যোগান বেশ ভালোই পেয়েছেন বলে মনে হল হাবিবুলের কথায়,“ সবাই দলের জন্য কিছু না কিছু করছে। এটাই আমাকে দারুণ আতœবিশ্বাসী করে তুলেছে।”

নিজ দলের মিডল অর্ডারের ব্যাটিংও তার আস্থাভাজন হয়ে উঠেছে। স্কটল্যান্ড ম্যাচও এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছে। নতুন বলের দুই স্কটিশ বোলার পল হফম্যান ও জন ব্লেইন মিলে ৭ রানেই ২ উইকেট হারানো দলে পরিণত করেছিলেন বাংলাদেশকে। হফম্যানের বলে কোনো রান না করেই শাহরিয়ার নাফীস আউট হওয়ার পরের ওভারেই অন্য ওপেনার তামিম ইকবালও ( ১৯ বলে ৭ রান) ব্লেইনের শিকার। এরপর ১৯ রান করে কোমরের চোটের জন্য আফতাব আহমেদ অবসর নিতে বাধ্য হওয়ার পর আপাতত বাংলাদেশ দলের ব্যাটিংয়ের ‘মি. ডিপেন্ডেবল’ সাকিব আল হাসানকে নিয়ে অধিনায়কের পার্টনারশিপ সহজ জয়ের  দোরগোড়ায় নিয়ে যায়। কানাডা ম্যাচেও ৩০ রানে ৩ উইকেট হারানোর পর এ দুজনের ১৩২ রানের পার্টনারশিপ বড়ো সংগ্রহের পথ দেখিয়েছিল দলকে। বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট টাইগারক্রিকেট ডটকমের সঙ্গে বারবাডোজ থেকে হাবিবুলের ফোনালাপে এসেছে এসব প্রসঙ্গও,“ আমরা দ্রুত দুটো উইকেট হারিয়েছিলাম। কিন্তু আবারো মিডল অর্ডার দলকে কখনোই চাপে পড়তে দিল না। আবারো সাকিবের সঙ্গে আমার দারুণ একটা পার্টনারশিপ হল। এরপর আশরাফুল আমাদের দ্রুত জয়ের লক্ষ্যে পৌছে দেয়। চোট পাওয়ার আগে আফতাবও সুন্দর ব্যাটিং করছিল।”

কানাডা ম্যাচে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হাঁকানো সাকিব এদিন অবশ্য ফিফটি মিস করেছেন। ৫৫ বলে তার ৪৫ রানের ইনিংসে বাউন্ডারি ছিল ৬টি। তবে হাবিবুল দলকে জিতিয়ে সাজঘরে ফেরার সময় তার নামের পাশে ৮৭ বলে ৬ বাউন্ডারি দিয়ে সাজানো ৫৭ রানের ইনিংস। আশরাফুলের অপরাজিত ২৩ (২০ বলে) রানের ২০ রানই এসেছে বাউন্ডারি থেকে।

তবে ব্যাটসম্যানদের কাজ সহজ করে দেওয়া বোলারদের কথাও ভুলে যাননি অধিনায়ক। ২৫ রানে ৩ উইকেট নিয়ে আব্দুর রাজ্জাকই এক্ষেত্রে অগ্রনী। সংহারে না হলেও মিতব্যয়িতায় সবচেয়ে এগিয়ে থাকা নাম কিন্তু দলের মূল বাঁ হাতি স্পিনার মোহাম্মদ রফিকই : ১০ --- ৩ --- ১৬ --- ২! মাশরাফি, তাপস ও সাকিবরাও পেয়েছেন একটা করে উইকেট। স্কটল্যান্ড ম্যাচে তাই আরেকবার সম্মিলিত পারফরম্যান্সের জয়ধ্বনিই ঘোষিত হতে দেখেছেন হাবিবুল,“ ব্যাটিংটা আমাদের ভালোই হচ্ছে। আজ ( বৃহষ্পতিবার)  বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংটাও হয়েছে বেশ।” এসব কিছুর যোগফলে প্রাপ্তির পাদপীঠে দাঁড়িয়ে হাবিবুলকে বলতেই হচ্ছে,“ প্রস্তুতিটা যেমন হলো আমাদের, তাতে ‘আমি খুবই সন্তুষ্ট’ কথাটা বলতেই হচ্ছে আমাকে।” বলতে  তো হবেই। প্রস্তুতি ম্যাচের চার জয়েই আছে বিশ্বকাপে ভালো করার রসদ!