২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশাকে পেছনে ফেলার লক্ষ্য নিয়ে মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

বার্সেলোনা ম্যাচ মানেই অন্য রকম এক লড়াইয়ে আবহ। স্প্যানিয়ার্ডদের কাছে ম্যাচটার সবচেয়ে বড় পরিচয় ‘ক্লাসিকো’। অথচ শনিবার স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’য় ফুটবল বিশ্বের বহু প্রতীক্ষিত লড়াইটার ঠিক আগে কোনো দলই স্বস্তিতে নেই। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ার দুঃখ তো আছেই, সেই সঙ্গে যোগ হয়েছে চোট ও সাসপেনশন জনিত কারণে গুরুত্বপূর্ণ কয়েক জন ফুটবলারকে না পাওয়ার হতাশা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 09:20 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

গত মৌসুমের স্প্যানিশ ও চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী বার্সেলোনা এবার বড় ম্যাচে কিছুতেই জ্বলে উঠতে পারছে না। ইওরোপিয়ান সুপার কাপে সেভিয়া কিংবা স্প্যানিশ লিগের প্রথম পর্বে  রিয়াল মাদ্রিদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্বে চেলসি কিংবা বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপে ইন্টারন্যাসিওনালের কাছে হেরে যাওয়া ‘বার্সা’ গত শনিবার সেভিয়া থেকেও ফিরেছে পরাজয়ের গ্লানি নিয়ে। ঐ ম্যাচে জিতেই বার্সেলোনাকে পেছনে ফেলে এখন স্প্যানিশ লিগে সেভিয়া সবার ওপরে।

এত সব হতাশার সঙ্গে যোগ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ার দুঃখ। মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে নকআউট পর্বের ফিরতি লেগ ১-----০ গোলে জিতেও কোনো লাভ হয়নি টুর্নামেন্টে গত বারের চ্যাম্পিয়নদের। প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে (বার্সেলোনায় অনুষ্ঠিত প্রথম লেগ ২------১ গোলে জিতেছিল লিভারপুল) কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ‘অলরেড’রাই।

একের পর এক ব্যর্থতায় জর্জরিত দলকে তাই নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জেগে ওঠারই পরামর্শ দিচ্ছেন রোনালদিনহো। যদিও দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের কণ্ঠ এই ম্যাচের আগে বেশ সতর্ক,“দুর্ভাগ্যজনকভাবে প্রত্যাশা অনুযায়ী অনেক কিছুকেই নিজেদের দিকে আমরা টেনে আনতে পারিনি। তবে আমাদের মাথা উঁচু রাখতেই হবে। দুঃখভারাক্রান্ত হওয়ার মতো সময় আমাদের হাতে নেই। কারণ রিয়াল মাদ্রিদ আমাদের জন্য অপেক্ষা করছে। এবং আর কোনো হোঁচট মেনে নেয়াও মুশকিল।” সেভিয়ার চেয়ে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা শনিবার সাসপেনশনের কারণে জিয়ানলুকা জামব্রোত্তা ও লুদোভিক জুলিকে পাচ্ছে না। সেভিয়ার সঙ্গে আগের ম্যাচে লালকার্ড পেয়েছিলেন দু জনেই।

ওদিকে রিয়াল মাদ্রিদ চোট সমস্যায় জর্জরিত। ডেভিড বেকহাম ও হোসে আন্তনিও রেইয়েস তো আগেই চলে গেছেন মাঠের বাইরে। এখন তাদের দলে যোগ দিয়েছেন গত বারের ফিফা বর্ষসেরা ফুটবলার ফ্যাবিও ক্যানাভারো ও রবার্তো কার্লোসও। ডান পায়ে চোটের কারণে দু জনের কেউই খেলতে পারবেন না এই ম্যাচে। বুধবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া স্পেনের সফলতম ক্লাবটির জন্য নিঃসন্দেহে এটা বড় দুঃসংবাদ।

বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে চতুর্থ স্থানে থাকা রিয়ালের কোচ ফ্যাবিও ক্যাপেলোর জন্য শনিবারের ম্যাচটা এক দিক দিয়ে অগ্নিপরীক্ষাও। স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন, চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হার মানলে বরখাস্ত হতে পারেন ক্যাপেলো। স্প্যানিশ কিংস কাপ থেকেও বিদায় নেয়া রিয়াল এই ম্যাচে হেরে গেলে গুঞ্জনটা বাস্তবেও রূপ নিতে পারে! গত তিন মৌসুম শিরোপাশূন্য থাকার হতাশা ঘোচাতেই তো তাকে এ মৌসুমের শুরুতে নিয়ে এসেছে ফিফার দৃষ্টিতে গত শতাব্দীর সেরা ক্লাবটি!