২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ব্রাজিল দলে উপেক্ষিত রোনালদো

এ মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদে সময়টা ভাল কাটেনি। সেই হতাশাকে সঙ্গী করে এসি মিলানে পাড়ি জমানো রোনালদো কিন্তু বেশ ভাল ফর্মেই আছেন এখন। তবে সেই পারফরম্যান্স দিয়ে ব্রাজিল কোচ ডুঙ্গার মন গলাতে পারেননি ‘দি ফেনোমেনন’। কারণ এ মাসে চিলি ও ঘানার সঙ্গে দুটো প্রীতি ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে রোনালদোকে রাখেননি ডুঙ্গা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2007, 10:10 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সেই বিশ্বকাপের পর থেকেই তিনি ব্রাজিলের জাতীয় দলের বাইরে। জার্মানিতে তিন গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার সম্মান অর্জন করলেও রোনালদোর পারফরম্যান্স ঠিক প্রত্যাশানুযায়ী হয়নি। এর পর রিয়াল মাদ্রিদের হয়েও সেভাবে জ্বলে উঠতে না পারায় এত দিন ব্রাজিল দলে উপেক্ষিতই ছিলেন তিনি। তবে এসি মিলানে যোগ দেয়ার পর থেকে তিন বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পায়ে পুরনো ঝলক ফিরে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু ডুঙ্গার ধারণা, রোনালদো এখনো তার সেরা ফর্মে ফিরতে পারেননি,“আমরা তাকে ভাল মতোই লক্ষ্য করছি। যখনই তার পারফরম্যান্স আমাদের আকৃষ্ট করবে এবং সে সেরা ফর্মের কাছাকাছি পৌঁছাবে, তাকে দলে নেয়া হবে।” আর সেজন্যই আবার উপেক্ষিত হতে হল রোনালদোকে।

রোনালদোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে কোনো সমস্যা হয়নি। তবে আরেক তারকা রোনালদিনহোকে নিয়ে ডুঙ্গা কিন্তু ভীষণ চিন্তিত। দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের বর্তমান পারফরম্যান্সই ব্রাজিল কোচের দুশ্চিন্তার কারণ। ক্যারিয়ারের শুরুতে মাঠ জুড়ে খেলে প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়ানো রোনালদিনহো ইদানিং বার্সেলোনার আক্রমণভাগের বাঁ দিকটাতে খেলেন। কিন্তু এই জায়গায় কিছুতেই যেন জ্বলে উঠতে পারছেন না তিনি। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলা সেই উজ্জ্বল, প্রাণবন্ত রোনালদিনহোকে তাই ফিরে পেতে আগ্রহী ডুঙ্গা,“গ্রেমিওতে খেলার সময়কার রোনালদিনহোকে দেখতে চাই আমি। সারা মাঠ জুড়ে, বলে অজস্র বার স্পর্শ করে আক্রমণ গড়তে দেখতে চাই তাকে। মাঠের এক দিকে পড়ে থাকা, যে বদভ্যাসটা তার বার্সেলোনায় গিয়ে হয়েছে, তা দেখতে চাই না কিছুতেই।”

প্রীতি ম্যাচ দুটোর জন্য ঘোষিত ব্রাজিলের ২২ সদস্যের দলে নতুন মুখ দু জনÑÑÑÑব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন সাও পাওলোর রাইটব্যাক ইলসিনহো এবং মিডফিল্ডার জোসুয়া।

ব্রাজিল দল :

গোলকিপার : জুলিও সিজার ও হেল্টন।

ডিফেন্ডার : ড্যানিয়েল আলভেস, ইলসিনহো, জিলবার্তো, ক্লেবার, লুসিও, অ্যালেক্স রড্রিগো, হুয়ান ও লুইজাও।

মিডফিল্ডার : জিলবার্তো সিলভা, মিনেইরো, দুদু সিয়ারেন্স, এলানো, জোসুয়া, ডিয়েগো ও কাকা।

ফরোয়ার্ড : রোনালদিনহো, রবিনহো, ফ্রেড, রাফায়েল সবিস ও ভাগনার লাভ।