সিরিজ হেরে গেল 'এ' দল
নাদীফ চৌধুরীকে কাভার ড্রাইভে মারা অ্যালেক্স গিডম্যানের বাউন্ডারিটাই হয়ে গেল ইংল্যান্ড ‘এ’ দলের ম্যাচ এবং একই সঙ্গে সিরিজেরও ‘উইনিং স্ট্রোক’। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তিন ওয়ানডের সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংলিশদের ৬ উইকেটের জয়ের সঙ্গে সবচেয়ে মানানসই দৃশ্য ছিল মিডিয়াম পেসার গিডম্যানের ওই শটটিই। আর এই এই জয়ে তিন ম্যাচের প্রথম দুটো জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে গেলো ইংল্যান্ড ‘এ’ দল।
৪২ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশ ‘এ’ দলকে ৪ দশমিক ১ ওভার বাকি থাকতেই মাত্র ১৭৭ রানে গুঁটিয়ে দিতে মুখ্য ভূমিকা রেখেছেন, এটুকু বললেই পুরো তাৎপর্য প্রকাশ পাচ্ছে না। নিজের প্রথম ৩ ওভারে ১৭ রান খরচ করার পর কে ভেবেছিল এমন সংহারী হয়ে উঠবেন তিনি! যখন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান নাজিমউদ্দিন ও অধিনায়ক তুষার ইমরান মিলে ১০ রানেই দুই ওপেনারকে হারানোর বিপর্যয় সামাল দিয়ে বড়ো সংগ্রহের স্বপ্নই দেখাচ্ছিলেন দলকে। তাদের সুবাদেই এক পর্যায়ে স্কোর হয়ে গিয়েছিল ২ উইকেটে ১০৫, সেখান থেকে ১৩৪ --- ৭ বানিয়ে ফেলার কৃতিত্ব পুরোটাই গিডম্যানের। নাজিমউদ্দিনকে (৫৮) লং অনে আরেক ‘অ্যালেক্স’ লাউডনের ক্যাচ বানিয়ে শুরু। নিজের চতুর্থ ওভারে প্রথম উইকেট। এরপর পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম --- টানা পাঁচ ওভারের প্রতিটাতে একটি করে উইকেট তার। বাংলাদেশের অল্পতে শেষ হয়ে যাওয়া নিশ্চিত করা গিডম্যান ম্যাচ শেষে উইকেটকেও কৃতিত্ব দিয়েছেন কিছূটা,“ সঠিক লাইনে বল করার চেষ্টা করেছি আমি। তাছাড়া এই উইকেটে বল নীচু হয়ে আসার বিষয়টাও কিছূটা সাহায্য করেছে আমাকে।”
তার এমন বোলিংয়ের পর ম্যাচটা প্রথম ইনিংসেই শেষ হয়ে গেছে বলে মনে হয়েছে ইংল্যান্ড ‘এ’ দলের অধিনায়ক মাইক ইয়ার্ডিরও,“ বাংলাদেশের ব্যাটিংয়ের পরই ম্যাচটা জিতে গিয়েছিলাম আমরা। কারণ ওরা ৭০/৮০ রান কম করেছিল। এটা ২৫০ রান করার উইকেট।” ১৩ দশমিক ১ ওভার বাকি থাকতে উইল জেফারসন (৪০), নিক কম্পটন (৬৪), ম্যাট প্রায়োর (৩৪) এবং গিডম্যানদের (২১*) ব্যাটিংয়ে সহজেই ১৭৭ টপকে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের হাসি হেসেছে ইংলিশরা।
