নিজের পরিচয়েই পরিচিত হতে চান কম্পটনের নাতি
ম্যানেজার গাই জ্যাকসনের কাছ থেকে তার সাক্ষাৎকার নেওয়ার কারণটা আগেই জেনে গিয়েছিলেন। তাই হোটেল শেরাটনের লবিতে এই প্রতিবেদকের সঙ্গে পরিচয়ের পরপরই কিছু একটা গণনার চেষ্টা করে ব্যর্থ হলেন নিক কম্পটন, “সংখ্যাটা এখন আর হিসাব করে বের করতে পারছি না। তাই বলা সম্ভব হচ্ছে না আপনি কতো নাম্বার। তবে আমি কিংবদন্তী ডেনিস কম্পটনের নাতি --- কেবল এই পরিচয়ের জন্যই অসংখ্য সাংবাদিককে সাক্ষাৎকার দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি।”
বাংলাদেশ সফররত ইংল্যান্ড ‘এ’ দলের এই ব্যাটসম্যানের পরিচয় তো তার কথা থেকেই পেয়ে গেলেন। এবার চলুন ঢোকা যাক ডেনিস --- নিক দাদু আর নাতির সম্পর্কের আরো গভীরে। কিন্তু ঢুকতে গিয়েই একটা হোঁচট খেতে হল, “দাদুর ব্যাপারে আমি সবচেয়ে বেশি জেনেছি বই পড়ে। কতো যে কীর্তি তার। তাকে নিয়ে কতো যে গল্প। ক্রিকেট ইতিহাসে সেগুলো বেশ গুরুত্ব দিয়েই লেখা আছে। তার সাহচর্য খুব বেশি একটা পাওয়া হয়নি আমার।”
না পাওয়ার কারণ --- গত শতাব্দীর ত্রিশের দশকের শেষভাগ থেকে পঞ্চাশের দশকের মাঝামাঝি পর্যন্ত ইংল্যান্ডের ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ হয়ে থাকা ডেনিস কম্পটন বিয়ে করেছিলেন এক দক্ষিণ আফ্রিকান ভদ্রমহিলাকে। তাদের ঘর আলো করে আসা রিচার্ড কম্পটন দক্ষিণ আফ্রিকা অনুর্ধ্ব ১৯ দলের হয়ে খেলা ছাড়াও খেলেছেন সেখানকার প্রাদেশিক ক্রিকেটেও। ইনজুরির কারণে ক্যারিয়ার দীর্ঘায়িত না হলেও স্থায়ীভাবে ডারবানে বসতি গাঁড়া রিচার্ডের একমাত্র ছেলে নিকের জন্ম আর বেড়ে ওঠা, সবই দক্ষিণ আফ্রিকায়। ১৪ বছর বয়সে ইংল্যান্ডে এসে স্থায়ীভাবে থাকতে শুরু করেন। কিন্তু এর এক বছর আগে, ১৯৯৭ সালেই ৭৮ টেস্টে ৫০ দশমিক ০৬ গড়ে ৫,৮০৭ রান করা ডেনিস ইহলোক ত্যাগ করেন। তাই দাদার সঙ্গে অল্পবিস্তর সাক্ষাৎই নিকের স্মৃতির লকারে মণিমুক্তোর শোভা নিয়ে আছে, “আমার ১৩ বছর বয়সে দাদু মারা যান। এর আগে আমরা ইংল্যান্ডে বেড়াতে গেলে তার সঙ্গে সময় কাটতো। কিন্তু তাঁর কীর্তিগাথা বোঝার বয়স তখনো হয়নি আমার। তাকে নিয়ে ভীষণ মধুর একটা স্মৃতি আছে অবশ্য। দক্ষিণ আফ্রিকার ক্লিফটন স্কুল প্রতিবছর ইংল্যান্ডে খেলতে যেত। ১২ বছর বয়সে আমিও ওই স্কুলের হয়ে খেলতে গেলাম। একটা খেলা হচ্ছিল লর্ডসে। ব্যালকনি থেকে বুড়ো মানুষটার কন্ঠ পরিস্কার শুনতে পাচ্ছিলাম। চিৎকার করে আমাকে জোরে জোরে বল পেটাতে বলছিলেন।”
দাদার মতোই ডানহাতি ব্যাটসম্যান এবং মিডলসেক্সের খেলোয়াড় নিকের মাঝে ডেনিসের প্রভাব তবু আছেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের হয়েও বেশ কিছু ম্যাচ খেলেছেন ডেনিস। সেগুলো আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা না পেলেও সেসময়ের অন্যতম সেরা লেফট আউট বলেই মানা হত তাকে। লন্ডনের ক্লাব আর্সেনালে দাপটের সঙ্গেই খেলে গেছেন তিনি। লিভারপুলকে ২ --- ০ গোলে হারিয়ে ১৯৫০ সালে আর্সেনালের এফএ কাপ জয়ে তার ভূমিকার কথাও লেখা আছে ইতিহাসের পাতায়। নিকের ‘গ্রেট আংকেল’ (দাদার বড়ো ভাই) লেসলি কম্পটনও আর্সেনালের হয়ে খেলেছেন পেশাদার ফুটবল। ২৩ বছরের যুবক নিক তাই ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দলটার পাঁড় সমর্থক না হয়ে পারেনই না, “হ্যাঁ, এটা একটা কারণ বটে। কিন্তু একমাত্র নয়। ওদের খেলার ধরনটাও আমার বিশেষ পছন্দের। তাছাড়া আর্সেন ওয়েঙ্গারেরও ভীষণ ভক্ত আমি। অঁরি আর ভিয়েরাকে যখন তিনি আর্সেনালে নিয়ে আসেন, তখন তারা কিছুই ছিল না। অথচ এই দলটার হয়ে খেলেই তারা বড়ো তারকা ফুটবলার হয়েছেন।”
ফুটবলভক্ত নিক দাদাকে ছাড়িয়ে হাত পাকিয়েছেন টেনিস, হকি, রাগবি এমনকি গলফেও, “আসলে আমি যখন যেটা খেলেছি, সিরিয়াসলি খেলেছি। আর দক্ষিণ আফ্রিকায় ছেলেরা একটা খেলা নিয়েই পড়ে থাকে না। আমাদের পরিবার এখনো সেখানেই থাকে। বেড়াতে গেলে আমি অবশ্য গলফ নিয়েই মেতে থাকি বেশি।”
গলফের মতো ঘুরে বেড়ানোটাও তার নেশা। বাংলাদেশ সফরে ঘুরে বেড়ানোর সুযোগ হল না বলে দুঃখও আছে কিছূটা, “দক্ষিণ আফ্রিকায় গেলে খুব ঘুরে বেড়াই আমি। বাংলাদেশে চট্টগ্রামে খেলা থাকলে ভালো হত। তাহলে কক্সবাজারটা ঘুরে আসতে পারতাম। শুনেছি ওটা নাকি বিশ্বের দীর্ঘতম সমূদ্র সৈকত। ১০৪ মাইল লম্বা।”
ডেনিস কম্পটনকে নিয়ে চালু থাকা মজার মজার গল্পের তালিকাও বেশ লম্বা। এই যেমন সাসেক্সের বিপক্ষে তার কাউন্টি অভিষেকে ১১ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি। ১৪ রান করার পাশাপাশি শেষ উইকেটে একটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ায় ভূমিকা রেখে মিডলসেক্সকে প্রথম ইনিংসের পয়েন্ট পাইয়ে দিয়েছিলেন। পরে আম্পায়ার বিল বেস্টউইক জানান, জলবিয়োগের তাড়া ছিল বলেই কম্পটনকে এলবিডাব্লিউ ঘোষণা করে মাঠ ছেড়েছিলেন তিনি! হাসতে হাসতে নিকও তার স্টক থেকে একটা গল্প ছাড়লেন, “আগের রাতে একটু বেশিই পান করে ফেলেছিলেন। তাই পরদিন ঘুম থেকে উঠতে দেরি হল। দাদু যখন উঠলেন তখন ইংল্যান্ড --- অস্ট্রেলিয়া টেস্ট শুরু হয় হয় করছে। হন্তদন্ত হয়ে মাঠে যাওয়ার পথে ট্যাক্সি ড্রাইভারও মনে করিয়ে দিলেন টেস্ট শুরু হয়ে যাচ্ছে। শেষমেষ খেলাটা ধরতে পারলেন। এবং ওই টেস্টে দাদু সেঞ্চুরি করেছিলেন।”
তার দাদুর চেয়ে ঢের বেশি সেঞ্চুরি আছে ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের। তাদের খেলা নিকও বেশ উপভোগ করেন। আদর্শ মানেন অবশ্য অন্য দুজনকে, “রাহুল দ্রাবিড় ও জ্যাক কালিস। অন্যদের চেয়ে মানসিক দৃঢ়তাটা তাদের ব্যাটিংয়েই ফুটে ওঠে বেশি। আর আমার ব্যাটিংও অনেকটা তাদের মতোই।” স্বপ্ন দেখেন, “আমি ইংল্যান্ডের হয়ে খেলতে চাই। ডেনিস কম্পটনের নাতি বলে আপনারা আমার কাছে আসেন। এটা অনেক বড় সম্মান। কিন্তু এখন থেকে আমি নিজের পরিচয়েও পরিচিত হতে চাই।”
চাওয়াটা যে খুব বেশি নয়, বাংলাদেশ সফরটাই তার সাক্ষী। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল ‘টেস্ট’ সিরিজে ইংল্যান্ড ‘এ’ দলের এই ওপেনারই ছিলেন সবচেয়ে সফল ব্যাটসম্যান। ৩ ইনিংসে ৪৬ দশমিক ৬৭ গড়ে ১৪০ রান করেছেন তিনি।
