অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মনোবল বাড়ানো জয়
একের পর এক পরাজয়ে দিশেহারা অস্ট্রেলিয়াকে এই জয় উজ্জীবিত করে তুলবে নিঃসন্দেহে। বাংলাদেশের কাছে হেরে হতোদ্যম নিউজিল্যান্ডেরও মনোবল বাড়িয়ে দেবে জয়টা। বিশ্বকাপের প্রস্তুতির জন্য আয়োজিত নিজেদের শেষ ম্যাচে জিতেছে দু দলই। শুক্রবার সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ‘চিরশত্র“’ ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের জয় অস্ট্রেলিয়াকে দিয়েছে প্রতিশোধ নেয়ার আনন্দও। গত মাসে কমনওয়েলথ ব্যাংক সিরিজে এই ইংল্যান্ডের কাছেই টানা দুটো ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া করেছিল রিকি পন্টিংয়ের দল। ব্রিজটাউনের থ্রি ডাবলিউজ ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে বেশ প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হয়েছে নিউজিল্যান্ডকে। তবে উপুল থারাঙ্গার সেঞ্চুরিও শ্রীলঙ্কানদের জয় এনে দিতে পারেনি, কিউইরা ম্যাচ জিতেছে ১৮ রানে।
শুধু ঘরের মাঠে অনুষ্ঠিত কমনওয়েলথ ব্যাংক সিরিজ হারানোই নয়, নিউজিল্যান্ড থেকে চ্যাপেল হ্যাডলি সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা নিয়েও ফিরতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। পরিনামে প্রায় ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ করে ফেলা আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থানটাও হারাতে হয়েছে তাদের। সন্তানসম্ভবা স্ত্রী’র পাশে থাকার জন্য নিউজিল্যান্ডে যেতে পারেননি অ্যাডাম গিলক্রিস্ট, ওয়েস্ট ইন্ডিজেও গিয়েছেন দল পৌঁছানোর কয়েক দিন পর। জিম্বাবুয়ের সঙ্গে প্রথম প্রস্তুতি ম্যাচটাতে খেলেননি। প্রথম খেলতে নামলেন শুক্রবার, আর নেমেই বুঝিয়ে দিলেন দলে তার গুরুত্ব কতখানি! ইংল্যান্ডের ১৯৭ রান পেরিয়ে যেতে বড় ভূমিকা রেখেছে ‘গিলি’র ৭২ রানের ইনিংসটি।
কিংসটাউনের আর্নোস ভ্যালে মাঠে এক সময় অবশ্য মনে হচ্ছিল এর চেয়ে অনেক বড় সংগ্রহই গড়বে ইংলিশরা। টসে জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে এড জয়েসকে হারিয়ে ফেললেও দ্বিতীয় উইকেটে মাইকেল ভন (৬২) ও ইয়ান বেলের (৫৬) ১১৬ রানের জুটি তাদেরকে পৌঁেছ দিয়েছিল ১২২ রানে। কিন্তু এ দুজনের বিদায়ের পর (দু জনই ব্র্যাড হগের শিকার) আর কোনো ব্যাটসম্যান জ্বলে উঠতে পারেননি। শন টেইট ও স্টুয়ার্ট ক্লার্কের তোপে মাত্র ৭৫ রানে শেষ ৯ উইকেট হারিয়ে ১৯৭ রানে অলআউট হয়ে যায় তারা। ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন টেইট, ১৬ রানে ৩ উইকেট ক্লার্কের।
মাঝারি সংগ্রহ তাড়া করতে নেমে দলকে দারুণ সূচনা দিয়েছেন গিলক্রিস্ট ও শেন ওয়াটসন। উদ্বোধনী জুটিতে ২৩ দশমিক ৩ ওভারে তারা উপহার দেন ১৪০ রান। গিলক্রিস্টের ৮২ বলে ৭২ রানের ইনিংসে বাউন্ডারি ছিল ৬টি, ছক্কা একটি। অন্যদিকে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ৬৮ বলে ৫৫ রান করেছেন ওয়াটসন। পর পর দু ওভারে দু জনকে ফিরিয়ে এবং পন্টিংকেও (৭) অল্প রানে আউট করে ম্যাচে কিছুটা উত্তেজনা নিয়ে এসেছিলেন ইংল্যান্ডের বোলাররা। কিন্তু ২৪ রানে অপরাজিত থেকে ইংল্যান্ডের আশায় জল ঢেলে দেন মাইকেল ক্লার্ক। ৯ দশমিক ১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বিশ্বকাপের গত দুই আসরের চ্যাম্পিয়নরা।
ম্যাথু হেইডেন ও অ্যান্ড্রু সাইমন্ডসকে ছাড়াই এমন এক জয় পেয়ে স্বাভাবিকভাবেই দারুণ স্বস্তিতে পন্টিং। সর্বশেষ ৫টি ওয়ানডেতে উইকেটশূন্য থাকা ব্র্যাড হগের পারফরম্যান্সেও অস্ট্রেলিয়ার অধিনায়ক আনন্দিত,“এখানকার কন্ডিশনের সঙ্গে ভালো মতোই মানিয়ে নিয়েছি আমরা। এই ম্যাচ থেকেও অনেক কিছু পেয়েছি। সবচেয়ে আগে বলতে হবে ব্র্যাড হগের কথা। সে কিছুটা জোরে বল করেছে আজ। বৈচিত্র্যেও মুন্সিয়ানা দেখিয়েছে ও।”
অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডও উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহ পেয়েছে। অধিনায়ক স্টিভেন ফ্লেমিং (৬৫) ও লু ভিনসেন্টের (৭০) সৌজন্যে পাওয়া ১৩১ রানের জুটিটাই বড় স্কোর গড়ার পথে এগিয়ে দিয়েছে টসে হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত কিউইদের। যদিও এরপর পিটার ফুলটন (৫৯) ছাড়া কেউই বলার মতো কিছু করতে পারেননি। তবু ৮ উইকেটে ২৮৫ রানের স্বস্তিকর জায়গায় পৌঁছাতে সমস্যা হয়নি নিউজিল্যান্ডের। শ্রীলঙ্কানদের জন্য সবচেয়ে বড় ধাক্কা নিঃসন্দেহে মুত্তিয়া মুরালিধরনের পারফরম্যান্স। ১০ ওভার বল করে ৬৪ রানের বিনিময়ে মুরালির শিকার মাত্র একটি উইকেট।
জবাব দিতে নেমে থারাঙ্গার ১০৬ রানের দারুণ এক ইনিংসের পরও ২৬৭ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। থারাঙ্গা ছাড়া বলার মতো অবদান শুধু দু জনেরÑÑÑ চামারা সিলভার ৪০ ও রাসেল আরনল্ডের অপরাজিত ৩২ রান। শেন বন্ড, স্কট স্টাইরিস ও জ্যাকব ওরাম নিয়েছেন দুটি করে উইকেট।
ফ্লেমিংয়ের দল অবশ্য প্রাণ খুলে জয়োৎসব করতে পারেনি ম্যাচ শেষে। সাঙ্গাকারার ক্যাচ ধরতে গিয়ে বাঁ হাতের কড়ে আঙ্গুল ভেঙ্গে ফেলেছেন ফুলটন। হাসপাতালেও যেতে হয়েছে তাকে। ভাইরাস সংক্রমণের জন্য মাঠের বাইরে থাকা পেসার মার্ক গিলেস্পির পর ফুলটনের এই চোট দুশ্চিন্তায়ই ফেলে দিল নিউজিল্যান্ডকে।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ৪৮ দশমিক ৩ ওভারে ১৯৭ (জয়েস ৫, ভন ৬২, বেল ৫৬, পিটারসেন ৪, কলিংউড ১৮, ফ্লিনটফ ১৩, ড্যালরিম্পল ৮*, নিক্সন ৬, প্লাঙ্কেট ০, মাহমুদ ২, লুইস ৫, অতিরিক্ত ১৮; ব্র্যাকেন ১/৩৯, টেইট ৪/৩৩, ম্যাকগ্রা ০/১৩, জনসন ০/২০, ওয়াটসন ০/২০, হগ ২/২৮, মাইকেল ক্লার্ক ০/২০, স্টুয়ার্ট ক্লার্ক ৩/১৬), গিলক্রিস্ট ৭২, ওয়াটসন ৫৫, পন্টিং ৭, মাইকেল ক্লার্ক ২৪*, হজ ১৪, হাসি ০, হ্যাডিন ৬*, অতিরিক্ত ২২; অ্যান্ডারসন ০/৩৯, লুইস ১/২৯, প্লাঙ্কেট ০/২৮, ড্যালরিম্পল ১/২৫, কলিংউড ১/১৫, ফ্লিনটফ ০/২৫, মাহমুদ ১/২২, পানেসার ১/১৬)।
নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৮৫/৮ (ভিনসেন্ট ৭০, ফ্লেমিং ৬৫, টেলর ৩০, স্টাইরিস ০, ফুলটন ৫৯, ওরাম ১৬, ম্যাকমিলান ৩, ম্যাককালাম ৭*, ফ্র্যাঙ্কলিন ১, টাফি ১*, অতিরিক্ত ৩৩; মাাহারুফ ১/২৩, ফার্নান্দো ০/৬১, কুলাসেকারা ১/৪১, মুরালিধরন ১/৬৪, বান্দারা ১/৩৭, দিলশান ০/২৬, মালিঙ্গা ২/২৬), শ্রীলঙ্কা : ৪৮ দশমিক ২ ওভারে ২৬৭ (আতাপাত্তু ২৪, থারাঙ্গা ১০৬, জয়াবর্ধনে ২, সাঙ্গাকারা ১৩, চামারা সিলভা ৪০, মাহারুফ ২, দিলশান ৫, আরনল্ড ৩২*, বান্দারা ৬, কুলাসেকারা ৫, মালিঙ্গা ১, অতিরিক্ত ৩১; ম্যাসন ০/৩১, ২/৫০, টাফি ০/৫২, স্টাইরিস ২/৪৪, প্যাটেল ১/৫৫, ওরাম ২/২৬)।
