ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করে প্রস্তুতি সারলো ভারত
“বিশ্বকাপে অবাক করতে পারে ওয়েস্ট ইন্ডিজ”। ভিভ রিচার্ডসসহ যে ক’জন সাবেক গ্রেট ব্রায়ান লারার দলকে নিয়ে এমন মন্তব্য করেছিলেন তাদের সেই মন্তব্য মিথ্যে প্রমানিত হয়নি। তবে মন্তব্যের অর্থ হয়তো বদলে গেছে অনেকের কাছে। জ্যামাইকার ট্রেলনিতে শুক্রবার তাদের মাত্র ৮৫ রানে অল আউট করে ৯ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে ভারত। সব মিলিয়ে ৪৪.২ ওভারের মধ্যে খেলা শেষ! বারমুডা বা হল্যান্ড নয়, দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের এমন শোচনীয় অবস্থা। কেউ কেউ ধরে নিতেই পারেন, বিশ্বকাপেও হয়তো লজ্জাকর পরাজয় বরণে ‘চুনোপুটি'দের পেছনে ফেলে সমর্থকদের হতাশ এবং অবাক করবে ওয়েস্ট ইন্ডিজ।
অবশ্য দু -- এক ম্যাচের হতাশা কাটিয়ে স্বাগতিক হওয়ার ফায়দা তুলে ‘ভয়ঙ্কর’ও হয়ে উঠতে পারে তারা। নিকট অতীতের দুঃস্মৃতি ভুলে জ্বলে ওঠার একটা দৃষ্টান্ত তো শুক্রবারই রেখেছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে তারা হারিয়ে দিয়েছে ৭ উইকেটে। কে বলবে ইনজামামের এই দলই ক’দিন আগে দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হয়েছে!
নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের যে হাল হলো তার তুলনায় প্রোটিয়াদের কাছে পাকিস্তানের সেই হারগুলো হয়তো তেমন লজ্জাকর নয়। পাকিস্তান এক ম্যাচে ১০ উইকেটে হেরেছিল ঠিকই, তবে সেখানেও তাদের বোলিং -- ব্যাটিং --- ফিল্ডিং একযোগে অনূর্ধ্ব - ১৪ ক্রিকেটারদের চেয়েও শিশুতোষ হয়নি।
এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বেলায় কিন্তু তা --- ই হয়েছে। তাই টসে জিতে ব্যাট করতে নেমেই বিপদ। চতুর্থ ওভারের শেষ বলে জহীরের বলে এলবিডাব্লিউ চন্দরপল, পরের ওভারের প্রথম বলে গেইলকে উইকেটের পেছনে ধোনির ক্যাচ বানালেন আগারকার। ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ১৪। সেই যে বিপর্যয় শুরু হলো তা আর রুখতে পারেননি ব্রায়ান লারা বা অন্য কেউ। পারেননি মূলত মুনাফ প্যাটেল এবং ইরফান পাঠানের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে। মাত্র ১০ রানে ৪ উইকেট নিয়েছেন প্যাটেল। তবে পাঠানকে ২৫ রানে ৩ উইকেট নিতে দেখেই বোধহয় বেশি খুশি হয়েছেন অধিনায়ক রাহুল দ্রাবিড়। বাঁ --- হাতি এই পেসার একেবারে সময়মতোই ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন, খুশি হবেন না কেন দ্রাবিড়?
উইন্ডিজ অধিনায়ক লারা কিন্তু খুশি হওয়ার মতো কিছুই পাননি এ ম্যাচ থেকে। দলের পক্ষে সর্বোচ্চ স্কোর তার ব্যাট থেকে আসা ২২ রান, সেরা জুটি তার আর সারওয়ানের ৩৯ রানের তৃতীয় উইকেট জুটি, ২৫.৫ ওভারে শেষ হয়ে যাওয়া ইনিংসে দু অঙ্ক ছাড়াতে পেরেছেন মাত্র তিন জন ব্যাটসম্যান --- ব্যাটিংয়ে শুধু হতাশা বাড়ানো তথ্যের ছড়াছড়ি।
বোলিংয়ে লারা -- বাহিনীর একমাত্র সাফল্য বীরেন্দর শেবাগকে কোনো রান করতে না দেয়া। বাজে ফর্মের ধারাবাহিকতায় ফিরতে মাত্র দু বল খেলেছেন শেবাগ, তারপরই ড্যারেন পাওয়েলের বলে রামদিনের হাতে ক্যাচ! সহজ জয়ের পথে বাকিটুকু উথাপ্পা আর কার্ত্তিকের সাবলীল যাত্রা। যাত্রা শেষে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতির তৃপ্তি তো পেয়েছেনই, সঙ্গে দুটো দুশ্চিন্তাও পেয়েছেন রাহুল দ্রাবিড়। এক. বীরেন্দর শেবাগের ফর্মে ফিরতে না পারা। দুই. সৌরভ গাঙ্গুলীর গোড়ালিতে চোট। এ কারণে ফিল্ডিংয়ের সময় ১৩ ওভার পর মাঠ ছেড়ে যান,পরে ইনিংস সূচনা করতেও আসেননি গাঙ্গুলী।
এ ম্যাচে পাকিস্তানের দুশ্চিন্তা কিছুটা কমেছে। ইনজুরির জন্য বিশ্বকাপ মিস করা শোয়েব আখতার আর মোহাম্মদ আসিফের অভাব একেবারেই বুঝতে দেননি মোহাম্মদ সামি, উমর গুলরা। যদিও খেলা হয়েছে এমন পিচে যাকে ম্যাচ শুরুর আগে ‘ খেলার অনুপযুক্ত ’ বলে রায় দিয়েছিলেন দু দলের কোচই। যা হোক, টসে জিতে সেই পিচেই দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে বলেন ইনজামাম। দিনের বাকি তিন ম্যাচের দুটির মতো এখানেও আগে ব্যাট করা দল বিশেষ সুবিধা করতে পারেনি। মাত্র ১৯৯ রান করতে পেরেছিল দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ হাফিজ , ইউনিস খান আর মোহাম্মদ ইউসুফের দায়ীত্বশীল ব্যাটিংয়ে পাকিস্তান ওই রান ছাড়িয়ে যায় ম্যাচের ৩৩ বল হাতে রেখে।
দক্ষিণ আফ্রিকা : ৪৮.৩ ওভারে ১৯৯ ( স্মিথ ১, ডিভিলিয়ার্স ৩, ক্যালিস ২৯, গিবস ১১, প্রিন্স ৩৫, বসম্যান ৫৩, বাউচার ২২, পোলক ৯, নেল ৫, পিটারসন ৪, টেলেমেকাস ১*, অতিরিক্ত ২৬, উমর গুল ২/২০, সামি ২/১৩, কানেরিয়া ১/৩৫. হাফিজ ২/২৩, শোয়েব মালিক ২/৩৫)
পাকিস্তান : ৪৪.৩ ওভারে ২০০/৩ ( ইমরান নাজির ০, হাফিজ ৪৯, ইউনিস ৭৯, ইউসুফ ৪৮*, শোয়েব মালিক ১৬*, নেল ১/২১, ল্যাঙ্গেভেল্ট ১/২১, স্মিথ ১/৩৪)
ফল : পাকিস্তান ৭ উইকেটে জয়ী
ওয়েস্ট ইন্ডিজ : ২৫.৫ ওভারে ৮৫ (গেইল ৬, চন্দরপল ৬, সারওয়ান ১৩, লারা ২২, ব্রাভো ০, পোলার্ড ২, রামদিন ৩, স্যামুয়েলস ০, সিমন্স ৯, স্মিথ ১৩, টেলর ০, অতিরিক্ত ১১, আগারকার ১/২৭, জহীর ১/২২, পাঠান ৩/২৭, প্যাটেল ৪/১০, কুম্বলে ১/১০)
ভারত : ১৮.৩ ওভারে ৮৬/১ ( শেবাগ ০, উথাপ্পা ৩৫*, কার্ত্তিক ৩৮*, অতিরিক্ত ১৩, পাওয়েল ১/২১)
ফল : ভারত ৯ উইকেটে জয়ী
