তিন মাসের জন্য মাঠের বাইরে থিয়েরি অঁরি!
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয়ার ধাক্কা সামলে উঠতে না উঠতেই আর্সেনালের জন্য আরেকটা বড় আঘাত! এই মৌসুমে আর খেলতে পারবেন না থিয়েরি অঁরি! শনিবার দুঃসংবাদটা জানিয়েছেন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।
বুধবার নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে পিএসভি আইন্দহোফেনের সঙ্গে ১ --- ১ গোলে ড্র করে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ‘গানার্স’। আর সেদিনই পাকস্থলি ও কুঁচকির পেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর্সেনালের সর্বকালের সফলতম স্ট্রাইকার অঁরির। অবস্থা এত খারাপ যে ইংলিশ প্রিমিয়ার লিগে গত ৫ মৌসুমে ৪ বারের সর্বোচ্চ গোলদাতাকে আগামী তিন মাস পাচ্ছে না আর্সেনাল। ক্লাবের ওয়েবসাইট িি.িধৎংবহধষ.পড়স --- এ সে দুঃসংবাদটাই শুনিয়েছেন ওয়েঙ্গার,“থিয়েরি অঁরিকে কমপক্ষে ৩ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। দুর্ভাগ্যজনকভাবে, এর অর্থ হলো মৌসুমের বাকি সময়ে ঘরোয়া ও আন্তর্জাতিক দু ধরনের ফুটবলই মিস করতে যাচ্ছে সে। তবে আগামী মৌসুমের শুরুতে তাকে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী।”
