আনুষ্ঠানিক পর্দা উঠছে ক্রিকেট বিশ্বকাপের
গ্রেটেস্ট শো অন আর্থ নয়, নয় পুরো বিশ্বকে একীভুত করে দেয়ার মঞ্চ, তবু রোববার থেকে ওয়েস্ট ইন্ডিজে যে মহাযজ্ঞটি শুরু হচ্ছে বাংলাদেশের কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশ্বিক আসর। কারণ এখানে, মানে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ আছে। মাথা উঁচু করেই আছে এবং ক্রিকেটে এই উঁচু মাথাটা আরও উঁচু করার স্বপ্ন নিয়েই বাংলাদেশ শুরু করছে তাদের তৃতীয় বিশ্বকাপ। সামগ্রিক হিসাবে এটি অবশ্য নবম বিশ্বকাপ। ব্যপ্তির দিক থেকে ইতিহাসের দীর্ঘতম, ১১ মার্চ (বাংলাদেশ সময় ১২ মার্চ ভোর ৫টা) কিংস্টনে উদ্বোধন হতে যাওয়া প্রতিযোগিতার ফাইনাল দেড় মাসেরও বেশি সময় পর, ২৮ এপ্রিল।
অংশগ্রহণকারী দলের সংখ্যাও ইতিহাসে সর্বোচ্চ, এবার অংশ নিচ্ছে ১৬টি দল। তারা চার গ্র“পে ভাগ হয়ে খেলবে, প্রতি গ্র“পের শীর্ষ দুটো করে দল নিয়ে সুপার এইট। পরের হিসাবটা খুবই সহজ এবং স্বাভাবিক। শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে, বিজয়ী দুই দল ফাইনালে। তারপর ২৮ এপ্রিল তাদের বিজয়ীরাই ঘোষিত হবে পরের চার বছরের ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠতম দল হিসাবে।
বছর জুড়ে খেলা হয়। অল্প কয়েকটি দেশ খেলে। সবাই সবার চেনা। দর্শকদেরও ক্রিকেটারদের সবাই অতি চেনা। মিলিয়ে যা হয় তাতে ফুটবলের মতো ক্রিকেট মানে আর ঠিক বিশ্বকাপ ক্রিকেট নয়। বাংলাদেশ খেলছে, শুরুর ডাক চর্তুদিকে, তবু তার বাহ্য চেহারা এমন কিছু মাত করা নয়। কারণ বোধহয় বিশ্বকাপ ক্রিকেট দেখার জন্য ঠিক প্রস্তুতি লাগে না। সব খেলোয়াড় চেনা--জানা আছে বলে, সব তথ্য হাতের মুঠোয় বলে খেলা শুরুর আগে তর্কে--আড্ডায় জ্ঞান বাড়াতে হয় না। নিজেকে শানিত করারও দরকার নেই। তাই প্রাক বিশ্বকাপ উত্তেজনা এমন কিছু থাকে না, উত্তেজনার শুরুটা হয় বিশ্বকাপ শুরু হলে।
সেজন্যই আনুষ্ঠানিক শুরু, মানে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বাড়তি একটা অপেক্ষা আছে। সেই অপেক্ষাটা শেষ হচ্ছে বাংলাদেশ সময় ১২ র্মাচ ভোরে, জ্যামাইকার রাজধানী কিংস্টনে আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে তার আনুষ্ঠানিক সূচনা। উদ্বোধনী ম্যাচের জন্য তারপরও এক দিনের অপেক্ষা। বাংলাদেশ সময় ১৩ মার্চ সন্ধ্যায় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের বিশ্বকাপ।
এরপর একটানা ৫০ দিন। উত্থান--পতন, আনন্দ--নিরানন্দ কত কী! এবং তার মধ্যে বাংলাদেশ আছে। মাথা উঁচু করেই আছে। এবং সেই মাথা উঁচু থেকে আরও উঁচুতে ওঠানোর মঞ্চ হবে বিশ্বকাপ সেই আশা নিয়ে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশের দিন গণনা। ক্রিকেট আশায় মোড়া স্বপ্নের ক্যালেন্ডার।
