২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে বাংলাদেশ 'এ' দলের সান্ত্বনার জয়

এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড ‘এ’ দল। তবু শেষ ম্যাচটাকে তারা আনুষ্ঠানিকতা হিসেবে না দেখে দেখছিল হোয়াইটওয়াশের মিশন হিসেবে। কিন্তু রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। গোটা সিরিজে তাদের এই একমাত্র জয়টা ৫ উইকেটের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 07:54 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

টসে হেরে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ড ‘এ’  ৪৯ দশমিক ৪ ওভারে ১৯৪ রানে অলআউট হয়ে যায়। প্রতিপক্ষকে দুশ’র কমে গুটিয়ে দিয়ে ব্যাটসম্যানদের কাজটা সহজ করে দিয়েছিলেন আসলে দুই বাঁ হাতি স্পিনার মানজারুল ইসলাম (৩/৩৮) এবং মাহমুদুল্লাহ রিয়াদ (৩/২৭)। টার্গেট বেশি বড় নয়, তাই একটা ফিফটিও নেই বাংলাদেশের ইনিংসে। তবু ৫ দশমিক ১ ওভার বাকি থাকতেই মোটামুটি সহজ জয়ের ঠিকানায় পৌঁছে যাওয়ার কারণ দলের প্রথম সারির ব্যাটসম্যানদের ছোট্ট অথচ কার্যকর সব ইনিংসগুলো।

সিরিজের আগের দুই ম্যাচের মতো এবারো দলের সর্বোচ্চ ইনিংস নাজিমউদ্দিনের। সেঞ্চুরি ও ফিফটির পর এই ম্যাচে তিনি করেছেন ৪২ রান। ওপেনার জহুরুল ইসলাম অমি ৪১ রান করে তার পরেই। ওই দুটোর সঙ্গে অধিনায়ক তুষার ইমরান (৩৪), মানজারুল (৩৪*) এবং ফরহাদ রেজাদের (২১) ইনিংসগুলোর সমষ্টিতেই এসেছে সান্ত্বনার জয়।

এর আগে ১০ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় ইংল্যান্ড ‘এ’ । মানজারুল ওপেনার স্টিভ ডেভিসকে শিকার করে শুরু করেন। একটু অবাক হচ্ছেন! এদিন নতুন বলে ডলার মাহমুদের সঙ্গী  ছিলেন এই বাঁ হাতি স্পিনারই। অন্য ওপেনার জেফারসন (৪৫) এবং ম্যাট প্রায়োরের (৫১) ৭৩ রানের তৃতীয় উইকেট জুটি বিপর্যয় সামাল দিলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা ইংলিশরা আর জেতার মতো স্কোর দাঁড় করাতে পারেনি।