স্বপ্নের ম্যাচ খেললো বার্সেলোনা-রিয়াল
১৩ মিনিটে তিন গোল, ২৮ মিনিটে চতুর্থ! সেই সঙ্গে পুরো ম্যাচ জুড়ে আক্রমণ---- পাল্টা আক্রমণের ঢেউ! চির প্রতিদ্বন্দ্বী দুটো দলের মধ্যে ঠিক যে রকম লড়াই সবার কাছে আকাক্সিক্ষত, সেটাই পূরণ হল শনিবার বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে। দারুণ উপভোগ্য এক ম্যাচে তিন বার এগিয়ে গিয়েও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’য় ‘এল ক্লাসিকো’ নামে পরিচিত ম্যাচটাতে লিওনেল মেসির দুর্দান্ত এক হ্যাটট্রিকের সৌজন্যে রিয়ালের সঙ্গে ৩-----৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। রিয়ালের হয়ে দুটো গোল করেছেন রুড ফন নিস্টলরয়, অন্যটা সার্জিও র্যামোস। বিরতির ঠিক আগে ওলেগার দ্বিতীয় হলুদ কার্ড দেখে বেরিয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধের পুরোটা সময় দশ জন নিয়ে খেলতে হয়েছে ‘বার্সা’কে।
গত সপ্তাহে (মঙ্গল ও বুধবার) চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্ব থেকে বিদায় নিতে হয়েছে দু দলকেই। সেই যন্ত্রণাই যেন ফুটে উঠেছিল রিয়াল-----বার্সার খেলায়। যুদ্ধংদেহি মনোভাব, প্রতিপক্ষের রক্ষণভাগে অনিঃশেষ আক্রমণের ইতিবাচক মানসিকতা, জয়ের সুতীব্র ইচ্ছা, চ্যাম্পিয়ন্স লিগ থেকে আগেভাগেই বিদায় নেয়ার দুঃখ মুছে ফেলার প্রতিজ্ঞাÑÑÑÑ সব কিছুই যেন ঠিকরে বেরোচ্ছিল প্রত্যেক ফুটবলারের শরীর থেকে। এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে প্রথম গোলের জন্ম মাত্র পঞ্চম মিনিটে, বার্সেলোনার লিলিয়ান থুরামের ভুলের মাধ্যমে। বাঁ দিক থেকে রিয়ালের আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুইয়ানের ক্রস ঠিক মতো বিপদমুক্ত করতে পারেননি এই ফরাসী ডিফেন্ডার। সেটাকে কাজে লাগিয়ে বক্সের ঠিক ওপরে থাকা নিস্টলরয় দারুণ এক শটে এগিয়ে দেন রিয়ালকে। সেই আনন্দ অবশ্য ৬ মিনিটের বেশি উপভোগ করতে পারেনি স্পেনের সফলতম ক্লাবটি। বাঁ দিক দিয়ে তীব্র গতিতে ঢুকে পড়ে দারুণ এক ক্রস করেছেন স্যামুয়েল এ'তো। তা থেকেই ১৯ বছর বয়সী মেসির প্রথম গোল।
দু মিনিট পর আবার গোল! বক্সের মধ্যে ওলেগার রিয়ালের হয়ে ৩০০তম লিগ ম্যাচ খেলতে নামা গুতিকে ফেলে দিলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। বার্সেলোনার গোলকিপার ভিক্টর ভালদেসের বাঁ দিক দিয়ে ঠান্ডা মাথায় ম্যাচের দ্বিতীয় ও মৌসুমের চতুর্দশ গোল করতে সমস্যা হয়নি নিস্টলরয়ের। পিছিয়ে পড়ে রিয়ালের ডিফেন্সের ওপরে বাঘের মতো ঝাঁপিয়ে পড়েছেন ‘বার্সা’র বিশ্বখ্যাত ফরোয়ার্ডরা। আর তার সুফল এসেছে ২৮ মিনিটের সময়। দু জনকে কাটিয়ে জোরালো শট নিয়েছিলেন রোনালদিনহো। দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারের সেই শট রিয়ালের গোলকিপার ইকার ক্যাসিয়াস ফিরিয়ে দিলেও মেসির বাঁ পায়ের সাইড ভলি আর ঠেকানো সম্ভব হয়নি তার পক্ষে (২-----২)। এর পরও দু দলের আক্রমণ---- পাল্টা আক্রমণে ভাটা পড়েনি কোনো। কিন্তু তা থেকে গোল না পেয়ে হতাশ দু দলই যখন বিরতিতে যাওয়ার মানসিক প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই বার্সেলোনার জন্য চরম এক আঘাত! রিয়ালের আর্জেন্টাইন মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেছেন ওলেগার, আর স্বাগতিকরাও পরিণত হয়েছে ১০ জনের দলে।
এক জন ডিফেন্ডার কমে যাওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতে এ'তোকে বসিয়ে সিলভিনহোকে নামিয়েছেন বার্সেলোনার কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড। গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতার অনুপস্থিতিতে আক্রমণেও ভাটা পড়েছে স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। সেই সুযোগে রিয়াল একের পর এক আক্রমণ করে ব্যতিব্যস্ত করে তুলেছে প্রতিপক্ষ ডিফেন্সকে। তবে ভালদেসের অসাধারণ নৈপুণ্যে বিপদে পড়তে হয়নি ‘বার্সা'কে। নিস্টলরয়ের একাধিক প্রচেষ্টা দারুণ দক্ষতায় নষ্ট করে দেয়া বার্সেলোনা গোলকিপারের সেরা সেভ নিঃসন্দেহে ৬৪ মিনিটের সময়। হিগুইয়ানের পাস থেকে বল পাওয়া নিস্টলরয় হ্যাটট্রিক পেয়েই গিয়েছিলেন প্রায়। কিন্তু ‘ওয়ান টু ওয়ান’ অবস্থায় বক্সের ওপর থেকে নেয়া এই ডাচ স্ট্রাইকারের চিপ এক হাত দিয়ে, অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দিয়েছেন ভালদেস।
৭৩ মিনিটে কিন্তু দলকে গোল খাওয়ার হাত থেকে বাঁচাতে পারেননি তিনি। গুতির ফ্রিকিক র্যামোসের মাথার পেছনে লেগে ঢুকে গেছে বার্সেলোনার জালে। তৃতীয় বার পিছিয়ে পড়ার পর আবার জেগে উঠেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। তবে সমতাসূচক গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। রোনালদিনহোর পাস থেকে বল পেয়ে, এক জনকে কাটিয়ে এবং অন্য জনকে বোকা বানিয়ে বাঁ পায়ের চোখ ধাঁধানো এক শটে রিয়ালের জাল কাঁপিয়ে দিয়েছেন মেসি (৩-----৩)। আর তাই ২৪ বছর পর ন্যু ক্যাম্পে জয়ের সুবাস পেতে থাকা রিয়ালকে সন্তুষ্ট থাকতে হয়েছে এক পয়েন্ট নিয়েই।
দলকে ৩ পয়েন্ট এনে দিতে পারেননি। তবে দারুণ এক হ্যাটট্রিক করে ভরাডুবির হাত থেকে তো বাঁচিয়েছেন। ম্যাচশেষে তাই স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেসি। এখনো চেহারায় কৈশোরের সারল্য বহন করা মেসি হ্যাটট্রিক করে নিজেও ভীষণ উত্তেজিত, অভিভূত। তবে কৃতিত্বটা সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে কার্পণ্য করেননি এই আর্জেন্টাইন তারকা,“আজ (শনিবার) সতীর্থরা অনেক জায়গা জুড়ে খেলতে দারুণ সাহায্য করেছে আমাকে। আমি সেই সুবিধাটা নেয়ার চেষ্টা করেছি এবং আজকে সেটা কাজও করেছে। এটা ছিল বিশেষ, বিশেষ এক ম্যাচ।” মেসি তার উল্লাসকে বাধ দিয়ে রাখলেও কোচ রাইকার্ড মেসি---বন্দনায় কোনো সীমানা মানতে চাননি,“আমাদের সবগুলো গোলই সে (মেসি) করেছে। সত্যিই, এটা ছিল তার জন্য বিশেষ এক ম্যাচ। সে অসাধারণ প্রতিভাবান ফুটবলার। তার গোলগুলোই আমাদের বাঁচিয়েছে।”
রাইকার্ডের কণ্ঠে স্পষ্টতই উচ্ছ্বাসের ছাপ। তার প্রতিপক্ষ রিয়ালের কোচ ফ্যাবিও ক্যাপেলো কিন্তু এতটা উৎফূল্ল নন। বরং অজস্র সুযোগ কাজে লাগাতে না পারার হতাশাই ফুটে উঠেছে তার কণ্ঠে,“আরো বেশি গোল পাওয়ার মতো অনেকগুলো পরিষ্কার সুযোগ আমরা পেয়েছিলাম। কিন্তু বার্সেলোনার গোলকিপার বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সেভ করেছে।” অবশ্য সমালোচকদের এক হাত নিতেও তিনি ছাড়েননি। গত কিছু দিন ধরে রিয়ালের বাজে পারফরম্যান্সের কারণে এই ম্যাচে হেরে গেলে ক্যাপেলোর বরখাস্ত হওয়ার জল্পনা চলছিল স্প্যানিশ মিডিয়ায়। ম্যাচ শেষে সমালোচকদের সেই জল্পনার জবাব দিয়েছেন একেবারে শ্লেষ মিশিয়ে,“আপনাদের জন্য আমি কখনোই সঠিক কাজটা করতে পারবো না!”
এই ম্যাচে ড্র করায় ৫০ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে ফিরলো বার্সেলোনা। সেভিয়ার পয়েন্টও তাই, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা। রিয়ালের মাদ্রিদের পয়েন্ট ৪৫।
