শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ চেয়েছে বাংলাদেশ
আসছে জুলাইতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে দুই টেস্ট এবং তিন ওয়ানডের সিরিজ খেলার কথা তাদের। তবে বাংলাদেশ চাইছে টেস্ট সিরিজটা হোক তিন ম্যাচের। এজন্য শ্রীলঙ্কাকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে চিঠিও পাঠানো হয়েছে।
বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মাহমুদুর রহমান রোববার বিকেলে এ প্রসঙ্গে বলছিলেন,“ এই সেদিন দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসির বোর্ড মিটিংয়ে আমাদের সাধারণ সম্পাদক এ বিষয়ে শ্রীলঙ্কার প্রতিনিধির সঙ্গে আলাপ করে এসেছেন। শনিবার আমরা চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবেও বিষয়টা তাদের জানিয়েছি। তারা আমাদের অনুরোধ রাখলে জুলাইতে শ্রীলঙ্কা সফরে তিন টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। অবশ্য আমরা এটাও বলে রেখেছি, ওরা যখন আমাদের এখানে আসবে, তখন আমরাও তিন টেস্টের সিরিজ আয়োজন করবো।”
