২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক পরিচালকদের অভিযোগের জবাব বিসিবির

সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালকরা এন্তার অভিযোগ জানিয়েছিলেন বর্তমান কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে। এমনকি এখনকার ক্রিকেট বোর্ডকে ‘অবৈধ’ আখ্যাও দিয়েছিলেন। পাশাপাশি মলাটবন্দী করে দুর্নীতির ফিরিস্তিও তুলে দিয়েছিল সংবাদ মাধ্যমের হাতে। এরপরই বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় সিদ্ধান্ত হয়, নিজেদের অবস্থান পরিষ্কার করে এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সেটাই জানিয়েছে বিসিবি। এর কিছু উল্লেখযোগ্য অংশ এখানে তুলে ধরা হল :

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 10:55 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

“ জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে বর্তমান কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছে। যেখানে নির্বাচন কমিশনার ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ ১৯৭৪ পরিপন্থী বলে ২০০২ সালে সাবেক বোর্ডের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করেন একজন কাউন্সিলর এবং তার ভিত্তিতে  হাইকোর্ট বিভাগ জাতীয় ক্রীড়া পরিষদ অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন করতে বলেন। স্থপতি মোবাশ্বের হোসেনসহ আরও কয়েকজন সাবেক পরিচালকও এই মামলায় লড়াই করেন। শেষপর্যন্ত হাইকোর্ট ২০০৫ সালের ২৬ ফেব্র“য়ারি নতুন গঠনতন্ত্র অনুযায়ী সাবেক বোর্ডের অধীনে নির্বাচন করার নির্দেশ দেন । বিসিবি এবং এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ)  সাবেক বোর্ডের অধীনে নির্বাচন দেওয়ার রায়ের বিরুদ্ধে আপীল করে। যার নাম্বার ৮০৫। আপীলে মি. মোবাশ্বেরসহ অন্যরাও লড়েন। আপিল বিভাগ দুই পক্ষের  শুনানির পর হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেন যাতে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে নির্বাচন হতে পারে।

“ আবারো মি. মোবাশ্বেররা ২০০৫ সালে নতুন গঠনতন্ত্রকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে নতুন রিট পিটিশন দায়ের করেন। যার নাম্বার ১২৯১। নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনে স্থগিতাদেশের রায় পায় তারা। এই রায়ের বিরুদ্ধে  আপীল করে এনএসসি। হাইকোর্টের এই আদেশেও স্থগিতাদেশ দেন আপিল বিভাগ ।

“ পরবর্তীতে নতুন গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হয় যা জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত।  প্রকৃতপক্ষে যারা আজ এসব অভিযোগ তুলছেন, তাদেরই কেউ কেউ এই নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন নয়তো অংশ নিয়েছেন। দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তাছাড়া এখন অডিট করানো এবং বার্ষিক রিপোর্টও প্রকাশ করা হয়ে থাকে। আগের বোর্ডে এসব ছিল না। আর যেকোনো অনুমোদন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও একটা প্রক্রিয়া আছে।

“ আইসিসির সাবেক সভাপতি এহসান মানির সফরের পর পেশাদার কাঠামোয় প্রবেশ করে। টেস্ট খেলুড়ে দেশ হিসেবে যার প্রয়োজন ছিল। তখন অনেক নিয়োগেরও প্রয়োজনীয়তা দেখা দেয়। জাতীয় এবং বয়সভিত্তিক ক্রিকেটারদের ক্রমোন্নতি যার ফল।

“ বোর্ড এটাও পরিষ্কার করে দিতে চায় যে, নিম্বাসের সঙ্গে মিডিয়া রাইটস চুক্তি সম্ভব সর্বোচ্চ স্বচ্ছতায় করা হয়েছে। সব ডকুমেন্ট তৈরির জন্য পেশাদার এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অডিট ও ল ফার্মকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এসবই তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেওয়া হয়েছিল। টেন্ডার জমা এবং তা উন্মুক্ত করার প্রক্রিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং মিডিয়াও নিমন্ত্রিত ছিল। সব ডকুমেন্ট এবং প্রক্রিয়া পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সরকার চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেয়।

“ আমরা আশা করি এই বিবৃতি বিসিবির বিরুদ্ধে উত্থাপিত ভিত্তিহীন সব অভিযোগের প্রেক্ষিতে কোনো দ্বিধা কিংবা ভুল বোঝাবুঝি সৃষ্টি করে থাকলে তার অবসানে সক্ষম হবে।”