২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুল- হোয়াটমোরের চোখে শুধুই সুপার এইট

২০০৬ সালে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জয়ের হার ৬৪ দশমিক ২৪ শতাংশ। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াই (৭১ দশমিক ৪২ শতাংশ) শুধু তাদের চেয়ে এগিয়ে ছিল। অবশ্য ক্রিকেট পরাশক্তিগুলোর মধ্যে একমাত্র শ্রীলঙ্কার বিপক্ষেই জিততে পেরেছে হাবিবুল বাশারের দল। বাকি জয়গুলোর সবই এসেছে জিম্বাবুয়ে, কেনিয়া আর স্কটল্যান্ডের বিপক্ষে। তবে বড় দলগুলোর বিপক্ষে সাফল্য না পাওয়ার আক্ষেপ অনেকখানি দূর হয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে, বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে। সদ্য অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে আসা নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া দুই উইকেটের জয় বাংলাদেশকে শুধু খুশির জোয়ারেই ভাসায়নি, আত্মবিশ্বাসও বাড়িয়েছে অনেক। আত্মবিশ্বাসের পারদ এখন এতটাই তুঙ্গস্পর্শী যে জোরেশোরে বিশ্বকাপের সুপার এইটে ওঠার ঘোষণা দিতেও দ্বিধা করছে না বাংলাদেশ। শনিবার এক সংবাদ সম্মেলনে কোচ ডেভ হোয়াটমোর ও অধিনায়ক হাবিবুল বাশারের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে সেই বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 09:29 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

এবারের বিশ্বকাপে ‘বি’ গ্র“পে বাংলাদেশের সঙ্গী ভারত, শ্রীলঙ্কা ও বারমুডা। শেষোক্ত দলটার সঙ্গে জয় পেতে সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ভারত বা শ্রীলঙ্কা? সুপার এইটে ওঠার জন্য এই দুই পরাশক্তির একটির বিপক্ষে অন্তত জিততেই হবে বাংলাদেশকে। কাজটা ভীষণ কঠিন হলেও আত্মবিশ্বাসের কোনো অভাব নেই হোয়াটমোরের মধ্যে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়ই সেই আত্মবিশ্বাস যোগাচ্ছে বাংলাদেশ কোচকে,“যত বেশি সম্ভব ম্যাচ জেতা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষের সঙ্গে জয় পাওয়া আমাদের জন্য দুর্দান্ত ব্যাপার। আমরা এখন ওয়ানডে র‌্যাংকিংয়ের নবম স্থানে.........আর সেজন্যই পৃথিবীর বেশিরভাগ ক্রিকেটানুরাগী মনে করেন, প্রতিপক্ষ সব সময়ই হারিয়ে দেবে বাংলাদেশকে। তবে আমরা   প্রতিনিয়ত উন্নতি করছি। এবং সেজন্যই আমার মনে হয় এবার বাংলাদেশ একটা বা দুটো অঘটন ঘটাতেও পারে!”

অধিনায়ক হাবিবুলের চোখেও ভেসে বেড়াচ্ছে সেই স্বপ্ন,“এবার আমরা সব দিক দিয়েই একটা দল হয়ে উঠেছি। আমাদের রয়েছে নির্ভরযোগ্য ব্যাটিং লাইন আপ এবং সেই সঙ্গে ভালো বোলিং আক্রমণ। দলের আত্মবিশ্বাসও অনেক ওপরে। প্রত্যেকের মানসিকতা খুব ইতিবাচক এবং প্রত্যেকেই পারফর্ম করার জন্য ব্যাকুল। দারুণ লড়াই করে দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা করছি আমরা।”

সেই লক্ষ্য পূরণ যে অসম্ভব নয় হোয়াটমোর শুনিয়েছেন সে কথাও,“ওদের (বাংলাদেশ দলের) সেই ক্ষমতা রয়েছে। দেশের প্রায় ১৫ কোটি মানুষের ভালবাসা রয়েছে তাদের সঙ্গে। এবং বাংলাদেশের প্রত্যেক শিশুই ক্রিকেট খেলতে আগ্রহী। ভারত ও শ্রীলঙ্কার মতো আমরাও ওপরে ওঠার ভিত্তি পেয়েছি সেখান থেকে........আমাদের ভবিষ্যত খুবই উজ্জ্বল।”

সেই উজ্জ্বল ভবিষ্যতের দেশটির এখন একটাই চাওয়াÑÑÑÑ ভারত বা শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটে ওঠা। কলম্বোতে জন্ম নেয়া হোয়াটমোরের অধীনেই ’৯৬ বিশ্বকাপের শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। এই অস্ট্রেলিয়ান কোচ কি পারবেন তার সাবেক দলকে হারিয়ে আবার ক্রিকেট বিশ্বকে চমকে দিতে? কিংবা টেন্ডুলকার----সৌরভের দলকে পরাজিত করে বাংলাদেশকে উচ্ছ্বাসে ভাসিয়ে দিতে?