২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বব উলমারের ফেবারিট দক্ষিণ আফ্রিকা!

এখন তিনি পাকিস্তানের কোচ। তাই বিশ্বকাপ কে জিতবে --- এই প্রশ্নে বব উলমারের একটা উত্তরই হয়তো অনেকের কাছে প্রত্যাশিত, “ কেন, পাকিস্তান!” কিন্তু উলমার সবসময়ই গতানুগতিকতার বাইরে। ক্রিকেট কোচিংয়ে আধুনিকতার কথা উঠলেই সবার আগে ভেসে ওঠে ইংল্যান্ডের এই সাবেক ক্রিকেটারের চেহারা। সঙ্গে মনে পড়ে, এই তিনিই বর্ণবাদের জন্য আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পর দক্ষিণ আফ্রিকাকে গড়ে তুলেছিলেন ক্রিকেটের অন্যতম সেরা দল হিসেবে। এই বিশ্বকাপে উলমার অবশ্য এক অর্থে দক্ষিণ আফ্রিকাকে অন্যতম সেরা নয়, একেবারে সেরা দলের স্বীকৃতিই দিয়ে ফেলেছেন। তার মতে এবার গ্রায়েম স্মিথের দলেরই বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি,“এ মুহুর্তে দক্ষিণ আফ্রিকাই আমার ফেবারিট।”

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2007, 09:00 PM

Updated : 26 Apr 2022, 02:07 PM

না, প্রোটিয়াদের নবম বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় অন্যদের চেয়ে এগিয়ে রাখার সময় দলটির সঙ্গে তার অতীত সম্পর্ককে একেবারেই গুরুত্ব দেননি। তার কাছে গুরুত্ব পেয়েছে সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকার পারফরম্যান্সের ধারাবাহিকতা। সে কারণে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে তারা। তবে সেজন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা অন্য দলগুলোর সম্ভাবনা যে একদম উড়িয়ে দিয়েছেন তা কিন্তু নয়। উলমার মনে করেন, খুব অস্বাভাবিক কিছু না ঘটলে এবার সেমিফাইনালে উঠবে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ,নিউজিল্যান্ড আর অন্য একটি দল,“ ওরা (দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড) এখন যেভাবে খেলছে তাতে মনে হয়, সেমিফাইনালের প্রথম তিনটি জায়গায় ওরা থাকবেই। চতুর্থ স্থানের জন্য লড়বে অন্য দলগুলো।” পরে অবশ্য নিজের দল পাকিস্তানসহ টেস্ট পরিবারের বড় দলগুলোর শক্তির প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন, “ পাকিস্তান, ভারত, শ্রীলংকা এমনকি ইংল্যান্ডকেও আপনি হিসেবের বাইরে রাখতে পারেন না।”

টুর্নামেন্টে নিজের দল থাকতেও বব উলমারের দক্ষিণ আফ্রিকা --- স্তুতিতে মেতে ওঠার প্রথম কারণ চমৎকার ব্যাটিং লাইনআপ,“ওদের ব্যাটিং লাইন আপ খুবই ভারসাম্যপূর্ণ। মার্ক বাউচার ব্যাট করে সাত নাম্বারে, পোলক আটে আর জাস্টিন কেম্প নয় নাম্বারে ---- এমন লাইন -- আপ ওদের খুব বড় ব্যাটিং শক্তিতে পরিণত করেছে।” তার আগের দুই বিশ্বকাপের দলটি সবসময় পরিকল্পনার ছক কেটে এগোয় এবং পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে থাকে এ বি ডিভিলিয়ার্স এবং অধিনায়ক গ্রায়েম স্মিথের ব্যাটিং,“ সম্প্রতি আমাদের (পাকিস্তান) বিপক্ষে বলে বলে পুল করে বোলারদের এলোমেলো করে দেওয়ার কাজে এ বি ডিভিলিয়ার্সকে ব্যাবহার করেছে ওরা। গ্রায়েম স্মিথ সব বলেই ডাউন দ্য উইকেটে এসে ড্রাইভ করেছে। আসলে সব দলের বিপক্ষেই ওদের আলাদা গেম --- প্ল্যান থাকে, যা কিনা প্রতিপক্ষকে খুব চাপের মধ্যে ফেলে দেয়।”

ওয়েস্ট ইন্ডিজের পিচ ব্যাটসম্যানদের সঙ্গে কী আচরণ করবে তা মোটামুটি বোঝা গেছে প্রস্তুতি ম্যাচগুলোতেই। তাতে দক্ষিণ আফ্রিকার বোলিংও বিশ্বকাপ জেতানোর মতো হবে বলেই উলমারের আশা, “ক্যারিবীয় পিচগুলো থেকে হয়তো অতটা বাউন্স আদায় করা যাবে না। আর এখানেই ওদের আসল শক্তি। ওদের বোলাররা কখনো হাফভলি দেয় না। বল তুলতে পারে অস্বাভাবিক উচ্চতায়, যা কিনা বেশ অসুবিধায় ফেলে দেয় ব্যাটসম্যানদের।” অবশ্য একেকটা পিচ একেকরকম আচরণ করলে সব হিসেব যে উল্টে যেতে পারে সে আশঙ্কার কথাও বলেছেন  উলমার।

দক্ষিণ আফ্রিকা দলের দুর্বলতার মধ্যে উলমার প্রথমেই বলেছেন  ব্যাটসম্যানদের বেশি ঝুঁকি নেয়ার প্রবনতার কথা,“অতি আত্মবিশ্বাসী হয়ে সব বলে মারতে গিয়ে ব্যাটসম্যানরা কখনো কখনো সোজা ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেয়। এ কারণে প্রতিপক্ষ যদি তাড়াতাড়ি ওদের টপঅর্ডারকে ছেঁটে ফেলতে পারে তাহলে জেতা খুব কঠিন হবে।”

বব উলমারের চোখে দক্ষিণ আফ্রিকা দলে জ্যাক ক্যালিস, শন পোলক, মার্ক বাউচার, গ্রায়েম স্মিথ, মাখায়া এনটিনিরা তারকা খেলোয়াড় হলেও ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতার জন্য প্রশংসা পাওয়ার যোগ্য এমন খেলোয়াড় আরেকজনও আছেন। সেই খেলোয়াড়টির নাম এ বি ডিভিলিয়ার্স, “ আমি মনে করি ডিভিলিয়ার্স  এমন খেলোয়াড় যে ম্যাচ প্রতিপক্ষের  মুঠো থেকে ছিনিয়ে নিতে পারে।”

আর দক্ষিণ আফ্রিকার হাত থেকে ম্যাচ বের করে নেয়ার উপায় কী বলতে পারেন? স্পিন বোলিং! “ স্পিন বোলিংয়ের বিপক্ষে দুর্বলতা ওদের ভুগাতে পারে, যদিও স্পিনের বিপক্ষে ওরা যথেষ্ট উন্নতি করেছে।