পাঁচ বছরের জন্য ক্রিকেট একাডেমীর স্পনসর গ্রামীণফোন
ব্র্যাক ব্যাংকের সঙ্গে কথাবার্তা এগিয়ে গিয়েছিল বহুদূর। কিন্তু শেষ মুহুর্তে তারা পিছটান দেওয়ায় যাত্রা শুরুর পর এক বছরেরও বেশি পৃষ্ঠপোষকবিহীন ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জাতীয় ক্রিকেট একাডেমী। তবে বিসিবির চাওয়া এবং গ্রামীণফোনের আগ্রহ এক বিন্দুতে এসে মেলায় একাডেমীর কাঠামো এখন পূর্ণ রুপ পাওয়ার অপেক্ষায়। আগামী পাঁচ বছরের জন্য এটি পরিচিত হবে ‘গ্রামীণফোন জাতীয় ক্রিকেট একাডেমী’ নামে।
এজন্য দেশের শীর্ষস্থানীয় এই মুঠোফোন সংস্থাটি প্রতিবছর বিসিবিকে দেবে দেড় লাখ ইউএস ডলার। অর্থাৎ পাঁচ বছরে এই চুক্তির মোট অর্থমূল্য ইউএস ডলারে সাড়ে সাত লাখ। অবশ্য এর বাইরেও গ্রামীণফোনের খরচের খাত থাকবে বলে জানিয়েছেন হেড অফ মার্কেটিং রুবাবা দৌলা মতিন,“ বিভিন্ন সময়ে একাডেমীর ছাত্রদের বিদেশ থেকে স্পেশালিস্ট কোচ এনে প্রশিক্ষণ দেওয়া হবে। এক্ষেত্রেও আমাদের আর্থিক সহায়তা থাকবে।”
মঙ্গলবার বিকেলে হোটেল সোনারগাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এটাও জানানো হয়, ধানমন্ডির ভাড়া করা বাড়ী থেকে একাডেমীর জন্য স্থায়ী আবাসনের প্রক্রিয়াও শুরু হচ্ছে অচিরেই। মিরপুরের হোম অফ ক্রিকেটের পাশেই তৈরী হতে যাওয়া দুই ফ্লোর মিলিয়ে ২৪ হাজার পাঁচশো স্কয়ার ফুটের কমপ্লেক্স নির্মানে আনুমানিক আড়াই কোটি টাকা খরচ হবে বলেও জানানো হয়েছে। বিসিবির সহ সভাপতি এবং কমার্শিয়াল কমিটির চেয়ারম্যান আজিজ আল কায়সার টিটো জানিয়েছেন,“ এমন নয় যে গ্রামীণফোনের টাকা দিয়েই একাডেমী চলবে। বছরে দেড় লাখ ডলার দিয়ে তারা কেবল টাইটেল কিনেছে। কিন্তু একাডেমীর পেছনে আরো অনেক বেশিই খরচ হবে। বলতে পারেন বছরে এই দেড় লাখ ডলার বিসিবির আয়।” সংবাদ সম্মেলনে প্রজেক্টরে একাডেমীর রুপরেখা সম্পর্কে ধারণা দিয়েছেন অপারেশন্স ম্যানেজার এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার স্টেইন নাভদাল, বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার মাহমুদুর রহমান এবং গেম ডেভলপমেন্টের চেয়ারম্যান এএসএম ফারুক। একাডেমী পরিচালনায় বিসিবির যে কমিটি তাতে গ্রামীণফোনেরও প্রতিনিধিত্ব থাকবে বলেও জানানো হয়েছে।
