২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ক্রিকেট সঙ্গীত নিয়ে স্বপ্নপুরীতে বাংলাদেশ

স্বপ্ন দেখতে নাকি ঘুমানো লাগে! দুর কে বলে! স্বপ্নের জগতে যেতে নাকি হ্যালুসিনেশন --- টেশন জাতীয় বিচিত্র বৈজ্ঞানিক কায়কারবার করতে হয়। সেটাও তো ভুল!

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 03:47 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

বাংলাদেশ সময় সন্ধ্যায় টিভির সামনে বসে যারা ভোর বানিয়ে ফেললেন তাদের কাছে ভুলটা যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে না। ক্রিকেট কখনো কখনো এমন রঙ্গীন, এমনই মাদক, এমনই রুপময় যে জাগিয়ে রেখে স্বপ্ন দেখায়। বিনা পাসপোর্ট --- ভিসায় সোজা স্বপ্নলোকে নিয়ে যায়। এবং সেই ক্রিকেটটাই পোর্ট অফ স্পেনে খেলে বাংলাদেশ দল এমন চোখ ধাঁধিয়ে দিল যে ওয়েস্ট ইন্ডিজের দিন আর বাংলাদেশের রাত এখন এক। এখন দিন --- রাতের ফারাক নেই, এখন সময়ের গণনা ক্রিকেটের ভাষা মেনে, ক্রিকেটের সাথে পথ চলে। সেই ভাষায় উৎসবের আমন্ত্রণ। নতুন যুগের  দিকে স্বাগত আবাহনও।

পোর্ট অফ স্পেনের প্রেসবক্সে বসে এই জয়গাঁথা যখন লিখছি তখন মাঠে বাংলাদেশের দুই ব্যাটসম্যান এবং ভারতের ওরা ১১ জন। কিন্তু দেখছি বাংলাদেশকেই। দেখছি না ভারতকে। টেন্ডুলকার, শেবাগ, সৌরভরা আছেন, কিন্তু না থাকার মতোই। লজ্জা ওদের শরীরে। আহত জ্বালা ওদের অবয়বে। ওদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে বাংলাদেশ গাইছে বিজয়ের গান। ক্যারিবিয়ান সংগীত বাজছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত  বা দেশাত্মবোধক সঙ্গীতের তুলনায় একেবারে উচ্চস্বরের চিৎকার, কিন্তু তার মধ্যেও এক ভারতীয় সাংবাদিক বিচিত্র ভাষায় যখন ‘আমার সোনার বাংলা’ বললেন তখন সেটাই দুি নয়ার শ্রেষ্ঠতম সুর।  পোর্ট অফ স্পেন মাঠে সাগর ছুয়ে আসা বাতাসে আজ বাংলাদেশের জয়ন্তীরই  ঘোষণা শুধু।

লারা এখন জ্যামাইকায় আছেন। কাজেই দেখলেন না তার মাঠে কেমন ক্রিকেট নামল একটা জাতির স্বপ্নযাত্রার বাহন হয়ে। টেন্ডুলকার দেখলেন। তার চেয়ে বেশি অবশ্য আমরা তাকে দেখলাম। তিনি কোমরে হাত দিয়ে দাঁড়ানো। তিনি চার --- ছক্কার পর বল কুড়িয়ে আনছেন। নিজে বলও করে কিছু চেষ্টা করলেন। বিফল চেষ্টা। ভারতের সব চেষ্টাই বিফল। মুনাফ প্যাটেল গালাগালি করতে গিয়ে তামিমের হাতে এমন ছক্কা খেলেন যে পাড়ার বোলাররাও এরপর লজ্জা পাবে। তিনি লজ্জা না পেয়ে আরেকদফা গালাগালি করতে গিয়ে পুরো মাঠের গালি খেলেন। ওদের হাত থেকে ক্যাচ গলল এত বেশি যে মনে হচ্ছে অচিরেই ওদের জন্য ক্যাচিং স্কুল খূলতে হবে। স্কুলে যেমন নিয়ম করে পিটি স্যার পিটি করান তেমনি ধরে --- বেঁধে ক্যাচ ধরাতে হবে। আসলে বাংলাদেশের যে ছবি গত কয়েক বছরে আমরা দেখে অভ্যস্ত এবং বিধ্বস্ত সেটাই কাল ভারতকে ফিরিয়ে দিল বাংলাদেশ। বাংলাদেশের সব হল। ভারতের কিছুই হলো না।

ক্রিকেট বলটা তিনি এত জোরে মারেন যে মনে হয় বলের সঙ্গে তার জন্মের শত্র“তা। বলটা ভেঙ্গে টুকরো-টুকরো করাই তার জীবনের এক এবং অভিন্ন লক্ষ্য। বল টুকরো হলো না, ভারতীয়দের হৃদয় আর অহং টুকরো টুকরো হলো আর বাংলাদেশ ক্রিকেট বিজ্ঞাপিত হলো এক ক্রিকেট প্রাকৃতিক সম্পদের খনি হিসাবে। কলকাতার সাংবাদিক রাহুল ব্যানার্জি বারবার উঠে এসে জানতে চাইলেন,“ এই তোমাদের এরকম আর কয়টা আছে গো!” ওয়েস্ট ইন্ডিয়ান সাংবাদিক গর্ডনের আবার মনে পড়ে গেলো ভিভ রিচার্ডসের কথা যার নামের পাশে নাম উচ্চারিত একজন ব্যাটসম্যানের ক্রিকেট জন্মের সর্বোচ্চ সার্থকতা। তামিম ইকবাল নামের কিশোর বিশ্বকাপে নিজের আবির্ভাবে এভাবেই বিশ্বকে মাত করে দিলেন। ওয়েস্ট ইন্ডিজে আসার পর বিস্মিত হয়ে লক্ষ্য করছিলাম সবাইকে ছাপিয়ে তামিমই বাংলাদেশের সেরা নায়ক। নায়ক তার নায়কোচিত কীর্তি দেখালেন ঠিক দিনেই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্র্যাকটিস ম্যাচটাতে তার মার মার কাট কাট ব্যাটিং অনেকটাই দেখা গিয়েছিল, কাল  সেটা মেলল তার শক্তির সর্বোচ্চ ডানা। জহিরের বল যেন পাখা লাগিয়ে উড়ে গেলো গ্যালারির দোতলায়, তার আগে বেরিয়ে যে দুটো বাউন্ডারি মারলেন সেগুলো কোনো  ফিল্ডারের গায়ে লাগলে মুর্ছা যাওয়ার মতোই নির্মম পরিণতি হত। নিজের খেলা বড় দুটো ম্যাচেই ম্যাচ উইনিং ব্যাটিং, তার সঙ্গে এসব ছবি জোড়া লেগে তৈরি হওয়া দৃশ্যটা চোখের সামনে ভাসার পর গর্ডনের কথায় আর বিব্রত লাগছিল না। রিচার্ডসের বয়সও একসময় ১৭ ছিল এবং তখন কি তিনি বিশ্বকাপে তার প্রথম ম্যাচেই এমন একশো কোটির দেশকে ঔদ্ধত্যের দন্ড হাতে পিষ্ট করেছিলেন! তার ৫৩ বলে ৫১ রানের এই ইনিংসটাই ১৯২ র রাস্তায় এমন চাবি দিয়ে বাংলাদেশকে ছেড়ে দিল যে এরপর পথভ্রষ্ট হতে পাপ করা লাগবে। সাকিব আল হাসানের মতো বয়স ছাড়ানো মাথা যে দলের হয়ে ব্যাট করে তাদের সেই পাপ হতে পারে না। হয়ওনি। তামিমের মতো খুনে তিনি নন, দেখিয়ে দেয়ার তাড়া নেই, কিন্তু ইনিংস শেষ হলে দেখা যায় তিনিই সবচেয়ে বেশি দেখিয়েছেন। কালও তো তাই! তামিমের চেয়ে আমি তো আরও বেশি পারি --- দেখাতে গিয়ে আফতাব আত্মঘাতি হলেন মাত্র ৮ রানে এবং বাংলাদেশ যখন পরপর দুটো উইকেট হারালো, তখন সাকিবের টিকে থাকার দরকারটা ছিল সবচেয়ে বেশি। টিকে থাকলেন, ৫৩ করলেন, তীরের সঙ্গে তরীর ব্যবধান আরও কমল। তবু যা ছিল তার জন্য ছিলেন মুশফিকুর রহিম। এই কিশোর বয়সে কত ঘাত-প্রতিঘাতের সঙ্গে তার পরিচয়, এবারও মাসুদের জায়গায় তাকে নেয়ায় সমালোচনায় ফালাফালা, কিন্তু একদিনেই এমন জবাব দিলেন যে নির্বাচকরাও মাফ। তিনিও মুক্ত।  শেষপর্যন্ত তিনি অপরাজিত! প্রেসবক্সে ভারতীয় সাংবাদিকরা কলম খুলে তাদের দলকে এক হাত নেয়ার জন্য তৈরি হচ্ছেন, বাংলার লোকজন এটাকে রাহুল দ্রাবিড়ের ব্যর্থতা হিসাবে প্রতিষ্ঠা করে সৌরভকে ফের অধিনায়ক করার মিশনে, কিন্তু সেরা সংলাপটা একজন টিভি সাংবাদিকের। বলছিলেন, আজ শিরোনাম হওয়া উচিত,“ বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের কাছে ভারতের হার।” কেন? “ যারা রান করেছে সবার বয়স ১৯ এর নীচে।”  তাই তো! শোনার পর মনে হচ্ছে বাংলাদেশের মাটি যে সত্যিই ক্রিকেট খনি হয়ে গেছে সেটা তো আমরা এতটা খেয়ালই করিনি। আমাদের কিশোর প্রজন্ম সাহস, শক্তি, শৌর্যে এতটাই সমন্বিত!

না। এই জয় বিচ্ছিন্ন একটা জয় নয়। আগেও বাংলাদেশ জিতেছে, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন জয়ই। আগে কেউ কিছু ভাবেনি, হুট করে হয়েছে। কালকেরটা তো বলে কয়ে হওয়া। বাংলাদেশ জিততে পারে সবাই বলাবলি করছিল, সুবাদে ভারত ভীষণ সতর্ক এবং সর্বোচ্চ মনযোগী, তবু ম্যাচের শুরু থেকে শেষপর্যন্ত বাংলাদেশের। এটা একটুও অঘটন নয়। ঘটনা।

আজ বাংলাদেশ স্বপ্নপুরীতে যাচ্ছে। উৎসবের স্বর্গ হয়ে, ক্রিকেট আনন্দের সবটা রং গায়ে মেখে। আর বাংলাদেশ ক্রিকেট পৌছে গেলো নতুন যুগে, যেখানে বাংলাদেশ বলে-কয়েই  যে কাউকে হারাতে পারে।

বাংলাদেশের জয় এখন থেকে বোধহয় আর অঘটন নয়। ঘটনা। স্বপ্নলোকে যেতে কথাটা মনে রাখবেন। এখন থেকে এটাই হয়ত আমাদের ক্রিকেট সঙ্গীতের প্রথম লাইন। ক্রিকেট ধর্মের পবিত্র বাণী। ক্রিকেটমানসের সুন্দরতম অলংকারও।