২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় ‘এ’ দলের বোলারদের হতাশার দিন

সুন্দর সকাল কখনোই যে একইরকম অপরাহ্নের নিশ্চয়তা নয়, তুষার ইমরানদের এখন সেটা সবচেয়ে ভালো বোঝার কথা। সকালে বোলাররা তুষারের মুখে হাসির রেখা স্পষ্ট করে তুলছিলেন। কিন্তু এরপর তা মেলাতে মেলাতে দিনের শেষে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কের মুখাবয়বে অন্ধকারই নেমে আসার কথা। কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব মাঠে সোমবার থেকে শ্রীলঙ্কা ‘এ’ দলের সঙ্গে শুরু হওয়া প্রথম চারদিনের ম্যাচে সফরকারীরা যে বেশ বিপদেই আছে। মালিন্দা ওয়ার্নাপুরা ও থিলান সামারাবীরার সেঞ্চুরি এবং সেই সঙ্গে তাদের অবিচ্ছিন্ন ট্রিপল সেঞ্চুরি পার্টনারশিপে প্রথম দিনেই শ্রীলঙ্কা ‘এ’ দল তুলে ফেলেছে ২ উইকেটে ৩৩৫ রান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2007, 07:28 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

অথচ ওপেনিং বোলার নাজমুল হোসেন সকালে প্রতিপক্ষের দুই ওপেনারকে দ্রুতই বিদায় করে দিয়েছিলেন। মাহেলা উদাওত্তেকে (৫) নাজিমউদ্দিনের ক্যাচ বানানোর পর সুবিধা করতে পারেননি অন্য ওপেনার মাইকেল ভ্যানডর্টও (১০)। তিনি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার সময় শ্রীলঙ্কা ‘এ’ দলের রান ২২। সেখান থেকে তৃতীয় উইকেটে ওয়ার্নাপুরা --- সামারবীরার ৩১৩ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ দিনের শেষে রান চূড়ায় নিয়ে গেছে তাদের। সাতজন বোলার ব্যবহার করেও সারাদিনে আর কোনো সাফল্য পাননি সফরকারী দলের অধিনায়ক। সত্তরের দশকে শ্রীলঙ্কার হয়ে টেস্ট খেলা বান্দুরা ওয়ার্নাপুরার ভাতিজা মালিন্দা ওয়ার্নাপুরার ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১১ টি সেঞ্চুরি আছে। দ্বাদশটিকে তিনি নিয়ে যাচ্ছেন প্রথম ডাবলের দিকেই। দিনের শেষে তার নামের পাশে ১৭৭ রান। আর শ্রীলঙ্কার হয়ে ৩৯ টেস্টের ক্যারিয়ারে পাঁচটি সেঞ্চুরি করা সামারাবীরা অপরাজিত আছেন ১২৯ রানে।