২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের 'মোবাইল ইএসপিএন' সেবা

রেষ্টুরেন্টে ওয়াসিম আকরামের সঙ্গে গল্প করছেন খালেদ মাসুদ পাইলট। হোটেল সোনারগাঁর লবি হয়ে বলরুমে যাওয়ার পথে দৃশ্যটা দেখে অবাক জিজ্ঞাসা অনেক সাংবাদিকের, “আরে, ওয়াসিম আকরাম এলেন কখন?” ‘ মোবাইল ইএসপিএন’ সেবা কার্যক্রমের উদ্বোধন করতে এই ক্রিকেট মহাতারকাকে ঢাকায় উড়িয়ে এনে একটা চমকই উপহার দিয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় মুঠোফোন সংস্থা গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 10:50 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

বুধবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁয় বাংলাদেশের ইএসপিএন স্টার স্পোর্টস পরিচালিত স্পোর্ট কনটেন্ট সার্ভিসের উদ্বোধন হয়ে গেল। এর আওতায় এখন থেকে গ্রামীণের গ্রাহকরা এসএমএসের মাধ্যমে ফুটবল, ক্রিকেট, টেনিস, গলফ, রাগবিসহ ইংলিশ প্রিমিয়ার লিগ, মেজর লিগ বেসবল এবং ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সর্বশেষ খবরাখবর জানতে পারবেন। এছাড়াও গ্রাহকরা নিউজ ভিডিও ক্লিপিংসের পাশাপাশি ইএসপিএন ওয়ালপেপার, রিংটোন এবং গেমস কেনার সুযোগও পাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াসিম আকরাম ছাড়াও ছিলেন গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং রুবাবা দৌলা মতিন, নিউস্টার এশিয়া প্যাসিফিকের জেনারেল ম্যানেজার কেভিন উয়ং এবং ইএসপিএন স্টার স্পোর্টসের সিনিয়র ম্যানেজার ক্রিস্টিনা ওয়াপ।