সহজ জয়ই পেয়েছে অস্ট্রেলিয়া, ভারত আর পাকিস্তান
আগের দিন আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকাকে বড় রকমের অস্বস্তিতে ফেললেও তা অনুপ্রাণিত করতে পারেনি জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস ও কানাডাকে। তাই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জয় পেতে সমস্যা হয়নি অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানের। হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে বিশ্বকাপে খেলতে আসা অস্ট্রেলিয়া মঙ্গলবার ১০৬ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। সাবেক দুই চ্যাম্পিয়নও জিতেছে বড় ব্যবধানে। নেদারল্যান্ডসের সঙ্গে ভারতের জয় এসেছে ১৮২ রানে, জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তান জিতেছে ৭৭ রানে।
কিংসটাউনের আর্নস ভ্যালে মাঠে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহের পেছনে বড় অবদান মাইকেল ক্লার্ক (৮২) ও ইনিংস সূচনা করতে নামা শেন ওয়াটসনের (৮১)। ব্যাট হাতে দু জন জ্বলে ওঠায় ৭ উইকেটে ২৯০ রান করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। নিতম্বে চোট থাকায় গত মাসে নিউজিল্যান্ডের সঙ্গে চ্যাপেল ----হ্যাডলি সিরিজ মিস করা ক্লার্ক স্বচ্ছন্দে খেলেই প্রাথমিক অস্বস্তি দূর করেছেন দলের। অস্বস্তির কারণ, উদ্বোধনী জুটিতে ৯১ রান ওঠার পরও অধিনায়ক রিকি পন্টিং (২), মাইক হাসি (১৫) ও ব্র্যাড হজের (১৭) ব্যর্থতা। প্রস্তুতি ম্যাচ বলেই ৮ জন বোলারকে ব্যবহার করেছেন পন্টিং। যদিও এই সম্মিলিত প্রচেষ্টাও অলআউট করতে পারেনি জিম্বাবুয়েকে। তবে পুরো ৫০ ওভার ব্যাট করেও জিম্বাবুইয়ানরা ৭ উইকেটে ১৮৪ রানের বেশি করতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেছেন শন উইলিয়ামস। ৩৩ রানের বিনিময়ে স্টুয়ার্ট ক্লার্ক নিয়েছেন দুই উইকেট।
জ্যামাইকার ট্রেলনিতে ভারতের দুই ওপেনার সৌরভ গাঙ্গুলী (১৯) ও বীরেন্দর শেবাগ (২৮) বেশি কিছু করতে পারেননি। তবু নেদারল্যান্ডসের বিপক্ষে অধিনায়ক রাহুল দ্রাবিড় (৭৪) ও শচীন টেন্ডুলকারের (৬১) দুটো ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ঠিক ৩০০ রান করেছে ‘টিম ইন্ডিয়া’। ৫৯ বলের ইনিংসটাতে দুটি ছক্কা ও ৫টি চার মেরেছেন ‘লিটল চ্যাম্পিয়ন’ টেন্ডুলকার। দ্রাবিড়ের ৯২ বলের ইনিংসটাও সাজানো ছিল ৫ বাউন্ডারি ও ২ ছক্কায়। শেষ দিকে মহেন্দ্র ধোনি (২১) ও ইরফান পাঠানের (২৫*) দুটো ‘ক্যামিও’ ইনিংসের সৌজন্যে তিন শ’ ছুতে পেরেছে দ্রাবিড়ের দল। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয়া অলরাউন্ডার রায়ান টেন ডুশাটে ৫৭ রানে ৫ উইকেট নিয়ে দলের সফলতম বোলার। ব্যাট হাতেও ভালই নৈপুণ্য দেখিয়েছেন ডুশাটে (৩১)। ডাচদের সফলতম ব্যাটসম্যান অবশ্য তিনি নন, ওপেনার জুইডারেন্ট (৩২)। নেদারল্যান্ডসকে মাত্র ১১৮ রানে গুটিয়ে দেয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যুবরাজ সিংয়ের। ৩ দশমিক ৫ ওভারে মাত্র ১২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া কুম্বলে ও যুবরাজ নিয়েছেন দুটি করে উইকেট।
ত্রিনিদাদের সেন্ট অগাস্টিনে পাকিস্তানকে কিছুটা হলেও চিন্তায় ফেলে দিয়েছিল কানাডা। ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা ’৯২ -- এর চ্যাম্পিয়নদের সেই দুশ্চিন্তা দূর করেছে অধিনায়ক ইনজামাম --- উল হক (৫৯) ও মোহাম্মদ হাফিজের (৬১) ৯৩ রানের জুটি। এর পর কামরান আকমলও (৩৭ বলে অপরাজিত ৫৬, দুই বাউন্ডারি ও চার ছক্কা) ঝড় তোলায় ৮ উইকেটে ২৭৩ রানে পৌঁছেছে পাকিস্তান। ৪৮ ওভারের ম্যাচটাতে জবাব দিতে নেমে ৪৬ দশমিক ৪ ওভারে ১৯৬ রানে অলআউট হয়ে গেছে কানাডা। ৩টি করে উইকেট নিয়েছেন রাও ইফতিখার ও হাফিজ।
সংক্ষিপ্ত স্কোর :
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ২৯০/৭ ( ওয়াটসন ৮১, হ্যাডিন ৪৭, পন্টিং ২, ক্লার্ক ৮২, হজ ১৭, হাসি ১৫, হগ ৫, জনসন ২০*, ব্র্যাকেন ১৩*, অতিরিক্ত ৮; পোফু ১/৪৪, আয়ারল্যান্ড ০/৪০, রেইন্সফোর্ড ১/৩২, ব্রেন্ট ০/৪০, চিগুম্বুরা ১/৫, উতসেইয়া ০/৩৬, শন উইলিয়ামস ২/৪৮, দেবাংওয়া ১/৪৫), জিম্বাবুয়ে : ৫০ ওভারে ১৮৪/৭ ( ডাফিন ৫, সিবান্দা ৫, চিবাবা ২২, শন উইলিয়ামস ৪৪, মাতসিকেনেরি ৩৫, চিগুম্বুরা ১৫, টেলর ১০*, দেবাংওয়া ১৫, ব্রেন্ট ০*, অতিরিক্ত ৩৩; টেইট ০/২৪, ব্র্যাকেন ১/৮, ম্যাকগ্রা ১/৮, জনসন ১/২২, স্টুয়ার্ট ক্লার্ক ২/৩৩, হগ ০/৩৬, হজ ১/২৬, ওয়াটসন ০/১৪)।
ভারত : ৫০ ওভারে ৩০০/৯ (শেবাগ ২৮, সৌরভ ১৯, উথাপ্পা ২০, টেন্ডুলকার ৬১, দ্রাবিড় ৭৪, যুবরাজ ১৪, ধোনি ২১, কার্তিক ৩, পাঠান ২৫*, হরভজন ০, কুম্বলে ২*, অতিরিক্ত ৩৩; ইয়ঙ্কমান ০/৩৬, রিকার্স ১/৩৪, ডুশাটে ৫/৫৭, ডি লিডে ১/৪১, স্টেলিং ০/৩৩, কাশিফ ০/৪৪, বোরেন ২/৪৫), নেদারল্যান্ডস : ৩৭.৫ ওভারে ১১৮ ( জুইডারেন্ট ৩২, রিকার্স ৬, কারভেজি ১৪, ডুশাটে ৩১, ফন বুঙ্গে ৪, শোয়ার্সঙ্কি ৫, ডি লিডে ৪, ট্রুস্ট ০, বোরেন ১৩, স্টেলিং ০*, স্মিটস ০, অতিরিক্ত ৯*, পাঠান ১/১২, শ্রীশান্ত ০/২৪, প্যাটেল ১/৩০, হরভজন ২/২৪, কুম্বলে ২/১৪, যুবরাজ ৪/১২)
পাকিস্তান : ৪৮ ওভারে ২৭৩/৮ (ইমরান নাজির ২৬, ইউনিস ১১, ইউসুফ ২১, ইনজামাম ৫৯, শোয়েব মালিক ১, হাফিজ ৬১, আফ্রিদি ০, আকমল ৫৬*, মেহমুদ ২৩, নাভিদ ৭*, অতিরিক্ত ৮; ভাট্টি ১/৩২, কামিন্স ২/৫৮, ওসিন্দে ২/৪১, সামাদ ০/৪৪, সান্দার ০/৪১, ডেভিসন ১/২৮, ধনিরাম ২/২৬), কানাডা : ৪৬ দশমিক ৪ ওভারে ১৯৬ (বার্নেট ২৮, সামাদ ২৭, বাগাই ১৩, বিলক্লিফ ১, ডেভিসন ৬, আশিফ ৩১, কায়সার ৩৭, চামনি ৬, ধনিরাম ১৯, ভাট্টি ৩*, কামিন্স ০, অতিরিক্ত ২৫; নাভিদ ১/৪৩, গুল ০/২৮, ইফতিখার ৩/২৩, কানেরিয়া ১/১৬, আফ্রিদি ০/৩২, মেহমুদ ২/২৪, শোয়েব মালিক ০/১৫, হাফিজ ৩/১০)।
