২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেও শেষরক্ষা হলো না বার্সেলোনার

ম্যাচ জিতেও বার্সেলোনা দুঃখভারাক্রান্ত! আর হেরেও খুশি লিভারপুল! মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ফিরতি লেগে লিভারপুলকে তাদেরই মাঠে ১ ----- ০ গোলে হারিয়েও কোনো লাভ হয়নি বার্সেলোনার। দু সপ্তাহ আগে বার্সেলোনায় প্রথম লেগে লিভারপুল ২ ----- ১ ব্যবধানে জয় পাওয়ায় দু ম্যাচ শেষে দু দলের গোল ব্যবধান সমান (২------২)। কিন্তু প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার সুবাদে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো লিভারপুলই। আর গুডজনসেনের গোলে জিতলেও বিস্মরণযোগ্য এক ম্যাচ শেষে শূন্য হাতেই বিদায় নিতে হলো টুর্নামেন্টের গত বারের চ্যাম্পিয়ন বার্সেলোনাকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 07:44 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

‘অলরেড’ অর্থাৎ লিভারপুল হেরে গেলেও আরেক ইংলিশ ক্লাব চেলসি কিন্তু জিতেছে। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে পিছিয়ে পড়েও পোর্তোকে ২ -----১ গোলে হারিয়েছে তারা। ইংলিশ চ্যাম্পিয়নদের দুই গোলদাতা আরিয়েন রবেন ও মাইকেল বালাক। পোর্তোর একমাত্র গোলটা করেছেন রিকার্ডো কোয়ারেসমা। প্রথম ম্যাচ ১ ---- ১ গোলে অমীমাংসিত থাকায় এই জয় ‘ব্লুজ’কে পৌঁছে দিলো কোয়ার্টার ফাইনালে।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করা অন্য দুই দল রোমা ও ভ্যালেন্সিয়া। প্রথম লেগ গোলশূন্য ড্র করলেও টট্টি ও মানচিনির লক্ষ্যভেদে রোমা ২ ------ ০ গোলে জিতেছে ফরাসী চ্যাম্পিয়ন লিওঁর বিপক্ষে। অন্যদিকে নিজেদের মাঠে ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করেও কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করতে সমস্যা হয়নি ভ্যালেন্সিয়ার। মিলানে অনুষ্ঠিত আগের ম্যাচ ২ ------ ২ গোলে ড্র হওয়ায় প্রতিপক্ষের মাঠে গোল করার সুবিধা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে স্প্যানিশ ক্লাবটিই।

বার্সেলোনা থেকে জয় নিয়ে ফিরলেও নিজেদের মাঠ অ্যানফিল্ডে আক্রমণাত্মক মনোভাব নিয়েই শুরু করেছিল লিভারপুল। স্বাগতিকদের দুর্ভাগ্য, প্রথমার্ধে একাধিক গোল তারা পায়নি। প্রথম লেগে তাদের জয়ের নায়ক জন আর্ন রিসের নামটা দুর্ভাগা হিসাবে রাখতে হবে সর্বাগ্রে! অষ্টম মিনিটে এই নরওয়েজিয়ান ফরোয়ার্ডের বাঁ পায়ের জোরালো শট বার্সেলোনার পোস্ট ঘেঁষে বেরিয়ে যাওয়া দিয়ে লিভারপুলের হতাশার সূচনা। ৩ মিনিট পর তার আরেকটি বাঁ পায়ের ‘জাদু’ বার্সেলোনা গোলরক্ষক ভিক্টর ভালদেসকে বোকা বানালেও ফিরে এসেছে ক্রসবারে লেগে।

লিভারপুলের সামনে ক্রসবার বাধা হয়ে দাঁড়িয়েছে আরো এক বার। ৩২ মিনিটে ভালদেসের দায়িত্বহীন এক শট থেকে বল পেয়ে গিয়েছিলেন সিসোকো। ভালদেস তখন পোস্ট থেকে বেশ দূরে। কিন্তু প্রায় ৪৫ মিটার দূর থেকে নেয়া সিসোকোর জোরালো শট ক্রসবার ছুঁয়ে চলে গেছে বাইরে। এর মিনিট ছয়েক আগে অবশ্য সেই ভালদেসই অ্যাক্রোবেটিক ঢঙে ক্রেইগ বেলামি ও ডার্ক কুইটের পর পর দুটো শট ঠেকিয়ে দিয়ে বিপদ থেকে রক্ষা করেছেন ‘বার্সা'কে। তারপরও বিপদ কাটেনি। ফিরতি বলে রিসের নেয়া আরেকটা জোরালো শট গোললাইন থেকে হেড করে বার্সেলোনাকে রক্ষা করেন অধিনায়ক কার্লোস পুয়োল।

প্রথমার্ধে লিভারপুলের আক্রমণের ঝড়ে একেবারে হিমশিম খাওয়া স্প্যানিশ চ্যাম্পিয়নরা মাত্র একটা শটই নিতে পেরেছে প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে। বিপরীতে লিভারপুল শট নিয়েছে ১০টি! রোনালদিনহো----মেসি-----এ'তো সমৃদ্ধ বার্সেলোনার বিশ্বখ্যাত আক্রমণভাগকে খুঁজেই পাওয়া যায়নি এ সময়টায়।

বিরতির পর অবশ্য ‘বার্সা'কে চেপে ধরার লক্ষ্য থেকে সরে এসেছে ‘অলরেড’রা। সেই সুযোগে আক্রমণে ওঠার চেষ্টা করেছে ফ্র্যাঙ্ক রাইকার্ডের দল। যদিও সে রকম সুযোগ তারা পায়নি। তবে ৫৩ মিনিটে রোনালদিনহোর সামনে একটা সুযোগ এসেছিল দলকে এগিয়ে নেয়ার। কিন্তু দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলারও রিসে-----সিসোকোদের মতোই দুর্ভাগা! তার নেয়া দুর্দান্ত শটটাও ফিরে এসেছে ক্রসবারে লেগে। শেষ পর্যন্ত বার্সেলোনা কাক্সিক্ষত গোল পেয়েছে ৭৫ মিনিটের সময়, গুডজনসেনের মাধ্যমে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার জন্য দরকার ছিল আরেকটি গোল। কিন্তু এর পর লিভারপুলের আঁটোসাঁটো ডিফেন্সকে আর সেভাবে দুশ্চিন্তায় ফেলতে পারেনি।

তাই জিতেও খুশি হতে পারেননি বার্সেলোনা কোচ রাইকার্ড। ম্যাচ শেষে দেয়া প্রতিক্রিয়াতে প্রথম ম্যাচে পরাজয়ের যন্ত্রণাই যেন ফুটে উঠেছে তার কণ্ঠে,“ ভুলে গেলে চলবে না যে আজকের (মঙ্গলবারের) ম্যাচে আমরাই আসলে জিতেছি। হয়তো তা কিছুটা ভাগ্যের সহায়তায়, তবে এই জয় যে যথেষ্ট নয়, তা---ও আমরা জানি। আসলে দু সপ্তাহ আগে ন্যু ক্যাম্পে ২ ---- ১ গোলে হেরে আমরা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছি।”

অন্যদিকে হেরে গেলেও লিভারপুলের কোচ রাফায়েল বেনিটেজ তার দল নিয়ে গর্বিত,“দলটা ভালো মতোই গড়েছি আমি। এই ম্যাচে একাধিক গোল প্রাপ্য ছিল আমাদের। ওরা গোল করার পর আমরা কিছুটা চাপের মধ্যে পড়েছিলাম ঠিকই, কিন্তু ০ ------ ১ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও আমরা ওদেরকে চেপে ধরার চেষ্টা করেছি। দল যেভাবে খেলেছে তাতে আমি সত্যিই খেলোয়াড়দের নিয়ে গর্বিত।”