২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিদের দাপটের কাছে হার মেনেছে নিউজিল্যান্ড!

হাবিবুল বাশারদের বিশ্বকাপের ‘সুপার এইট’ -- এ খেলার স্বপ্নে এবার পুরো আস্থা রাখতেই পারেন। শিরোপার দাবিদার ভারত আর শ্রীলঙ্কা বাংলাদেশের গ্র“প -- প্রতিপক্ষ বলে অনেকেই হয়তো তাদের এ লক্ষ্যকে তেমন গুরুত্ব দেননি। কিন্তু নিউজিল্যান্ডও তো বিশ্বকাপের অন্যতম ফেভারিট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2007, 06:58 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

সম্প্রতি দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করায় বিশ্বকাপ মঞ্চে কিউইদের অবস্থান মজবুত হয়েছে আরো। মঙ্গলবার বার্বাডোজের ব্রিজটাউনে নবনির্মিত থ্রি ডাব্লিউ ওভালে প্রস্তুতি ম্যাচে সেই নিউজিল্যান্ডকে ২ উইকেটে হারিয়ে বাংলাদেশ একটা বার্তাই সবার কাছে পৌছে দিল,“আমাদের লক্ষ্যের ভিত্তিও কম মজবুত নয়।”  ব্যাটে --- বলে মাশরাফি বিন মর্তুজার চোখ ঝলসানো পারফরম্যান্সই বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ দলকে আতœবিশ্বাসের শিখরে পৌঁছে দেয়ার নেপথ্যে। প্রথমে ৪৪ রানে ৪ উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ডকে বড়ো লজ্জার চৌকাঠ থেকে ফিরিয়ে আনায় ভূমিকা রাখা ব্রেন্ডন ম্যাককালাম রান আউট হয়েছেন তার সরাসরি থ্রোতেই। রান আউটে কারো নামের পাশে উইকেট লেখার নিয়ম নেই। থাকলে ওই উইকেটটা বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলারকেই দেওয়া যেত!   এরপর টানটান সমাপ্তির অপেক্ষায় থাকা ম্যাচে নিমিষেই বাংলাদেশের জন্য একরকম সহজ জয়ই লিখেছে তার ব্যাট। ১৪ বলে অপরাজিত ৩০ রানের ইনিংসে তিন তিনটি বিশাল ছক্কার মার। প্রথমটা মেরেছেন এবারের বিশ্বকাপে বড়ো কিছু ঘটিয়ে ফেলার সম্ভাবনা জাগানো পেসার শেন বন্ডকে। আর শেষ দুটো বাংলাদেশ ইনিংসের ৪৯ তম ওভারে। ওপেনার তামিম ইকবালের ব্যাটিং তোপে খেই হারানোয় বাঁ --- হাতি পেসার জেমস ফ্রাঙ্কলিনকে বোলিং আক্রমণ থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। ৪৯ তম ওভারে সেই ফ্রাঙ্কলিনকেই শেষ জ্বালাটা দিয়েছেন মাশরাফি। ওই ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে মাশরাফির বিশাল দুটো ছক্কার মার সাত বল বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিপক্ষে এই প্রথম জেতার আনন্দে  ভাসায় বাংলাদেশকে।

যদিও  এটা একদিনের আন্তর্জাতিক ম্যাচ নয়, তারপরও আগের সাত ওয়ানডের প্রতিটিতেই বাজেভাবে হারা বাংলাদেশ  যে এবার প্রবল প্রতিপক্ষকে হারানোর সামর্থ্য দেখালো এটা তো নিঃসন্দেহে বড় প্রাপ্তি। এ জয়ের পথে আরেকটা প্রথমের দেখাও পেয়ে গেছে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে কেবল নিউজিল্যান্ডের বিপক্ষেই কখনো দুশ’ পেরুতে না পারার আক্ষেপও ঘুচেছে এর মাধ্যমে।

মাশরাফির বিধ্বংসী বোলিংয়ে শুরুতেই টালমাটাল নিউজিল্যান্ডের ব্যাটিং পথের দেখা পেয়েছিল অলরাউন্ডার জ্যাকব ওরামের ব্যাটে ভর করে। তার ৮৮ রানের ইনিংসের সঙ্গে উইকেটকিপার -- ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালামও ৪৬ রান করায় বড় কোনো লজ্জায় পড়তে হয়নি তাদের।  তাদের ৪৭ দশমিক ২ ওভারে ২২৬ রানে অল আউট করে দেওয়ায় মাশরাফির সঙ্গে আব্দুর রাজ্জাকের নামটাও আলাদা করে উল্লেখ না করলেই নয়। ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে মাশরাফির মতো এই বাঁ --- হাতি স্পিনারেরও শিকার চার কিউই ব্যাটসম্যান। সঙ্গে সৈয়দ রাসেলের বলে স্লিপে নেওয়া কিউই অধিনায়ক স্টিফেন ফ্লেমিংয়ের ক্যাচটা যোগ করলে কৃতিত্বে কারো চেয়ে পিছিয়ে থাকেন না রাজ্জাকও।

রাসেলের সঙ্গে পরে তার কাটাকুটিও হয়ে গেছে। কেননা তার বলে সেঞ্চুরির অপেক্ষায় থাকা ওরামের ক্যাচটা তো নিয়েছেন রাসেলই। অবশ্য নিউজিল্যান্ডকে যে বাংলাদেশ শুরু থেকেই চেপে ধরতে পারলো তার কারণ অবশ্যই মাশরাফি। ম্যাচের প্রথম বলে তাকে বাউন্ডারি মেরে শুরু করলেও পরের বলেই নিজের স্টাম্প ছত্রখান হতে দেখেছেন লু ভিনসেন্ট । পরে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া শেন বন্ডেরও হয়েছে একই পরিণতি। শুরু এবং শেষের মাঝে ওয়ান ডাউন ব্যাটসম্যান রস টেলরকে (১১) উইকেটের পেছনে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়েছেন মাশরাফি। আর পিটার ফুলটনকে (৫) ফেলেছেন এলবিডাব্লিউর ফাঁদে। রাসেলকে সঙ্গে নিয়ে এক পর্যায়ে কিউইদের ৩৪ রানে ৪ উইকেট হারানো দলে পরিনত করার পর সেটাকে আরো বীভৎস রুপ দিয়েছেন রাজ্জাক। স্কট স্টাইরিস (২৬) এবং ক্রেইগ ম্যাকমিলানকে (৫) দ্রুতই ফিরিয়ে দিয়ে তিনিই ৭৫/৬ বানান প্রতিপক্ষকে।

তবে বাংলাদেশের শুরুটা ছিল এর পুরো বিপরীত। জাভেদ ওমর আর তামিম ইকবালের ওপেনিং জুটি ১৫ ওভারেই তুলে নেয় ৭০ রান। তারা বিচ্ছিন্ন হয়েছেন ৮৫ রানে। ডেনিয়েল ভেট্টোরিকে ছক্কা হাঁকানো তামিম আরেকবার তা করতে গিয়ে স্টাম্পিংয়ের ফাঁদে না পড়লে সবমিলিয়ে মাত্র ৬ টা নয় আরো অনেক বাউন্ডারির পথই দেখাতো তার ব্যাট। অবশ্য তামিম খুব কম বাউন্ডারি মেরেছেন তা বলা ঠিক হবে না, কেননা, নিউজিল্যান্ডের গোটা ইনিংসেই বাউন্ডারি তার চেয়ে মাত্র একটা বেশি। এটা নিঃসন্দেহে বাংলাদেশের আঁটোসাটো বোলিংয়ের ফল।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করা তামিমের ওপেনিং পার্টনার জাভেদ ওমর ৮৬ বলে করেছেন ৪৫ রান। আফতাব কোনো রান না করলেও সাকিব আল হাসান (১৯), অধিনায়ক হাবিবুল বাশার (২০), মোহাম্মদ আশরাফুল (২৯) এবং মুশফিকুর রহিমরা (১৯) দলের সংগ্রহে ক্ষুদ্র অথচ কার্যকর অবদান রেখেছেন। আর তাতেই কদিন আগে অস্ট্রেলিয়াকে লজ্জায় ফেলা নিউজিল্যান্ডকেই লজ্জা দিয়েছে বাংলাদেশ