লিড নিয়েছে চট্টগ্রাম, বড় সংগ্রহের পথে সিলেট
অধিনায়ক এহসানুল হক সিজানের সেঞ্চুরিতে খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়েছে চট্টগ্রাম। আর ৩৩৬ রানে রাজশাহীর প্রথম ইনিংস শেষ করে দেওয়া বরিশাল দারুণ জবাব দিচ্ছে। দ্বিতীয় দিন শেষে তারা ২ উইকেটে করেছে ১৭৩ রান। নারায়ণগঞ্জের ফতুল¬া স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে চারদিনের ম্যাচের প্রথমদিনেই বড় সংগ্রহের পথে সিলেট। তারা ৬ উইকেট হারিয়ে তুলেছে ২৯৩ রান। চট্টগ্রাম --- খুলনা এবং রাজশাহী --- বরিশাল ম্যাচ দুটো রোববার শুরু হলেও ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের নবম রাউন্ডের এ ম্যাচটা শুরু হয়েছে একদিন পর।
দুই ওপেনার ইমাতিয়াজ হোসেন (৭৪) এবং গোলাম রহমানের (৩৯) ১০৯ রানের দারুণ সূচণাতেই বড় সংগ্রহের ভিত্তি পায় সিলেট। সেখান থেকে অলক কাপালি (৪১), গোলাম মাওলা (৪৭) এবং রেজাউল হকদের (৪৭*) বড় নয় অথচ কার্যকর ইনিংসগুলোর সমষ্টি দিনের শেষে বড় ইনিংসের স্বপ্ন দেখাচ্ছে তাদের।
খুলনাকে আগের দিনের ২৮৯ রানেই অলআউট করে দেওয়ার পর শুরুটা দারুণ হয়েছিল চট্টগ্রামেরও। ওপেনিংয়ে ৮১ রান এনে দেওয়া গাজী সালাউদ্দিন (৫২) এবং নাফিস ইকবালের (২৪) কেউই বড় ইনিংস খেলেননি। পরে নাজিমউদ্দিন (৪০) ও ফয়সাল হোসেনকে (৪৮) সঙ্গে নিয়ে সেই অপূর্ণতা দূর করেছেন অধিনায়ক এহসানুল। দলকে ৩৫৪ রান পর্যন্ত নিয়ে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়া এহসানুল ১১৬ রান করতে খেলেছেন মাত্র ১১৩ বল। তার ইনিংসে ১৫ টি বাউন্ডারির পাশাপাশি একটি ছক্কাও ছিল। প্রথম ইনিংসে ৬৫ রানে এগিয়ে যায় চট্টগ্রাম। তারপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯ রান তুলতে ১ উইকেট হারিয়ে ফেলেছে খুলনা। মানে চট্টগ্রামের চেয়ে এখনো ৪৬ রানে পিছিয়ে তারা।
রাজশাহীতে আগেরদিনের ৭৪ রান নিয়ে দিন শুরু করা ফরহাদ হোসেন আর মাত্র ৫ রান যোগ করেই আউট হয়ে যান। তবে ৫২ রানে থাকা হাসানুজ্জামান রোজেল (৯১) সেঞ্চুরি প্রায় পেয়েই গিয়েছিলেন। ১০১ রান খরচায় ৬ উইকেট তুলে নিয়ে রাজশাহীকে আর বেশি বাড়তে না দেওয়ায় মুখ্য ভূমিকা রাখা তরিকুল ইসলামকে রিটার্ন ক্যাচ দিয়েছেন হাসান। পরে নয় নাম্বার ব্যাটসম্যান দেলোয়ার হোসেনের (৫১*) ফিফটিতে ৩৩৬ রানে শেষ হয় রাজশাহীর প্রথম ইনিংস। এরপর ইমরান আহমেদ এবং হান্নান সরকারের ১০০ রানের উদ্বোধনী জুটি দিয়ে বরিশালও জানায় তারা ছেড়ে কথা বলবে না। হান্নান ৩৭ রান করে আউট হয়ে গেলেও ইমরান আছেন সেঞ্চুরির অপেক্ষায়। ৯৬ রান নিয়ে দিন শেষ করেছেন তিনি।
