চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বাঁচা - মরার লড়াই
শুধু সাম্প্রতিক বাজে ফর্মই নয়, বার্সেলোনার সামনে এখন ইতিহাসেরও চোখরাঙানি! গত শনিবার সেভিয়ার কাছে ১----২ গোলে হেরে যাওয়ার মাশুল দিয়ে স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’র শীর্ষস্থান হাতছাড়া হওয়া, দু সপ্তাহ আগে লিভারপুলের কাছে একই ব্যবধানে পরাজয়ের কারণে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়ার আশঙ্কা ÑÑÑÑ গত মৌসুমের ‘ডাবল’ বিজয়ীদের সময়টা খুবই খারাপ যাচ্ছে। ‘বার্সা’ ভক্তদের আতঙ্কিত করতে পারে আরো কয়েকটি তথ্য। চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত কোনো দল শিরোপা অক্ষুন্ন রাখতে পারেনি। এবং ঘরের মাঠে প্রথম লেগে পরাজিত কোনো দল ফিরতি লেগে সর্বশেষ ঘুরে দাঁড়াতে পেরেছিল ১১ বছর আগে! এত সব প্রতিকূলতা পেরিয়ে ‘বার্সা’ কি পারবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে?
সেই লক্ষ্য অর্জনে স্প্যানিশ ও চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান শিরোপাজয়ীদের পেরোতে হবে কঠিন এক পথ। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে লিভারপুল সফরে জিততে হবে অন্তত দু গোলের ব্যবধানে। বার্সেলোনায় প্রথম লেগে ১-----২ গোলে হেরে যাওয়ার জন্যই তাদের সামনে এই কঠিন সমীকরণ। ম্যাচটা ০ ----- ১ গোলে হেরে গেলেও সমস্যা নেই লিভারপুলের। প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে কোয়ার্টার ফাইনালে চলে যাবে ‘অলরেড’রাই। বার্সেলোনা ২ ----- ১ গোলে জিতলে ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। অবশ্য ৩ ---- ১ বা ৪ ----- ৩ ব্যবধানে জিতলে প্রতিপক্ষের মাঠে বেশি গোল করার কল্যাণে শেষ আট নিশ্চিত করবে ‘বার্সা’ই।
ইংলিশ চ্যাম্পিয়ন চেলসির সামনে এত কঠিন হিসাব নেই। পোর্তোয় প্রথম লেগ ১ ----- ১ গোলে ড্র করায় নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবারের ম্যাচটা গোলশূন্য রাখতে পারলেই তাদের চলবে। ইন্টার মিলানের সঙ্গে একই ফলাফল সন্তুষ্ট রাখবে ভ্যালেন্সিয়াকেও। দু সপ্তাহ আগে মিলান থেকে যে তারা ২ ----- ২ গোলের ড্র নিয়ে ফিরেছিল! চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার আরেক ম্যাচে মুখোমুখি হবে ফরাসী চ্যাম্পিয়ন লিঁও ও ইতালির রোমা। রোমে অনুষ্ঠিত প্রথম লেগে গোল করতে পারেনি কোনো দলই।
যদিও সাম্প্রতিক পারফরম্যান্স এবং ইতিহাস তাদের প্রতিকূলে, তবে একটা তথ্য উজ্জীবিত করে তুলতে পারে বার্সেলোনাকে। মঙ্গলবার লিভারপুলের অ্যানফিল্ডে শুরু থেকেই স্যামুয়েল এ'তোকে পাচ্ছে তারা। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রথম একাদশে থাকলেও শনিবার সেভিয়ার সঙ্গে শেষ ২০ মিনিট মাঠে ছিলেন স্প্যানিশ লিগের গত বারের সর্বোচ্চ গোলদাতা। এ’তোর সঙ্গে রোনালদিনহো ও লিওনেল মেসি আক্রমণভাগে থাকায় ম্যাচটা নিয়ে আশাবাদী হয়ে উঠতেই পারেন ‘বার্সা’ সমর্থকরা।
সামনের পথটা ভীষণ বন্ধুর বলেই বোধহয় কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ডের কণ্ঠ এতটা দৃঢ়, “পরিস্থিতিটা খুব কঠিন । তবে আশা ছাড়লে চলবে না। আমাদের এমন দুর্দান্ত একটা রাত কাটাতে হবে, যেখানে সব কিছুই হবে নিখুঁত।” শনিবারের সেভিয়া -- ম্যাচ থেকেও অনুপ্রাণিত হওয়ার পরামর্শ দিচ্ছেন শিষ্যদের,“অ্যানফিল্ডের জন্য এখন আমাদের একটা শিক্ষাই জরুরী। তা হলো কিছুতেই নির্ভার থাকা চলবে না। হয়তো সবচেয়ে কঠিন যুদ্ধের সামনেই পড়তে হবে আমাদের। কিন্তু কখনোই হাল ছেড়ে দিলে চলবে না। ঠিক যেমনটা সেভিয়া করেছিল আমাদের বিপক্ষে।” পিছিয়ে পড়েও দুর্দান্ত ভাবে ঘুরে দাঁড়িয়ে সেদিনের ম্যাচটাতে জয় পাওয়ার জন্যই সেভিয়া এখন স্প্যানিশ লিগের শীর্ষে।
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি কোচ হোসে মরিনহোর সামনে আবার অন্য ধরনের সমস্যা। তিন মৌসুম আগে তার অধীনেই চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল পোর্তো। ইংল্যান্ডে ৯ বারের সফরে (মঙ্গলবারের আগে পর্যন্ত) ঐ এক বারই হার এড়াতে পেরেছিল তারা, সেবার ১-----১ গোলে ড্র করেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। সেই পোর্তোর মুখোমুখি হওয়ার আগে মরিনহোকে বড় একটা দুঃসংবাদ শুনিয়েছেন জন টেরি। গত সপ্তাহে লিগ কাপের ফাইনালে আর্সেনালের আবু দিয়াবির বুটে মুখে আঘাত পাওয়া চেলসি অধিনায়ককে মাঠের বাইরেই থাকতে হবে এই ম্যাচে। পাশাপাশি আশার কথা, আরেক ডিফেন্ডার খালিদ বুলারুজ ও মিডফিল্ডার মাইকেল এসিয়েনের ফেরার সম্ভাবনাও রয়েছে।
