২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রীড়া উপদেষ্টার কাছে অন্তবর্তী কমিটি গঠনের দাবি ‘‘পরিচালকদের’’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০০১ সালের নির্বাচন অবৈধ ঘোষিত হয়নি। সুবাদে তারা এখনো তারা নির্বাচিত পরিচালক হিসেবে দাবি করেন নিজেদের। আর সেই দাবি নিয়েই গত ৪ মার্চ মোবাশ্বের হোসেন, দেওয়ান সফিউল আরেফীন টুটুল, আহমেদ সাজ্জাদুল আলম ববিরা গিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর কাছে। এবং ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির যাবতীয় অনিয়ম-----দুর্নীতি, স্বজনপ্রীতির কথা তুলে ধরে একটা অন্তবর্তীকালীন কমিটি গঠনের অনুরোধ জানিয়েছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2007, 09:48 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পরই তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করেছেন ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে। সেখানে তাদের দাবীর পক্ষে যুক্তি দেখাতে গিয়ে তারা বলেছেন, মামলাটি ছিল সাজানো।  আর তার সুযোগ নিয়েই গত জোট সরকার সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও অনিয়মতান্ত্রিকভাবে বোর্ডের নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে সাবেক প্রধানমন্ত্রীর পুত্র ও তার বন্ধু------বান্ধব ও বিএনপি দলীয় লোকজনের সমন্বয়ে উপদেষ্টা কমিটি করে বোর্ড চালিয়েছে। সেই যুক্তির ভিত্তিতেই তারা প্রশ্ন তুলেছেন ক্রিকেট বোর্ডের সিইও’র ৪ লাখ ৪০ হাজার টাকা বেতন নিয়ে, নিম্বাসের সঙ্গে চুক্তি নিয়ে, নির্বাচকদের বেতন দেওয়া ও ক্রিকেটারাদের কাছ থেকে কমিশন খাওয়া নিয়ে। এর সঙ্গে খুটিনাটি আরও অনেক অভিযোগের তালিকা একেবারে বাঁধাই করেই ক্রীড়া উপদেষ্টার হাতে দিয়ে এসেছেন ২০০১ সালের নির্বাচিত পরিচালকরা।

এসব দুর্নীতি রোধের জন্যই তারা একটা অর্ন্তবর্তীকালীন কমিটি দাবি করেছেন উপদেষ্টার কাছে। “এই সরকার দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছে। তাই আমরা মাননীয় উপদেষ্টাকে অনিয়মগুলোর কথা জানিয়ে এসেছি। সত্যি হলো এখন আওয়ামীলীগ ক্ষমতায় গেলেও ক্রিকেট বোর্ডের এসব দুর্নীতি বিরুদ্ধে অতো কঠোর ব্যবস্থা নিতে পারতো কিনা আমার সন্দেহ আছে। তাই এই সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি”-------বলেছেন দেওয়ান সফিউল আরেফীন টুটুল।

স্থপতি মোবাশ্বের হোসেন নিজেদের ‘পরিচালক’ পদবীর যৌক্তিতা দাবি তুলে বলেছেন, “আদালতে স্থগিতাদেশ অমান্য করেই হয়েছে ক্রিকেট বোর্ডের গত কমিটির নির্বাচন। সে হিসেবে আমরা এখনও বৈধ পরিচালক।’’