২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বিশ্বকাপ জেতা উচিত ভারতের : রানাতুঙ্গা

সাম্প্রতিক পারফরম্যান্সের জন্য অনেকের হিসেবেই এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর আগের মতো নিরঙ্কুশ ফেবারিট নয়। রিকি পন্টিংয়ের দলকে সরিয়ে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড,শ্রীলঙ্কা কিংবা অন্য কোনো দলকে ২০০৭ বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন ভাবতে শুরু করেছেন তারা। অর্জুনা রানাতুঙ্গাও বিশ্বকাপের সবগুলো দলকে সম্ভাব্যতার নিক্তিতে তুলে দাঁড় করিয়েছেন একটা হিসেব। সে হিসেবে সবার চেয়ে এগিয়ে দক্ষিণ আফ্রিকা,অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড বা তার নিজের দেশ শ্রীলংকা নয় ---- ভারত! ক্রিকইনফো ম্যাগাজিনে লেখা কলামে শ্রীলংকার সাবেক অধিনায়ক পরিস্কার লিখেছেন,“ এবার বিশ্বকাপ জেতা উচিত ভারতের। এত ভালো ভারতীয় দল এর আগে কখনো দেখিনি আমি। ব্যাটিংয়ে ওরা বরাবরের মতোই ভালো। এবার বোলিংয়েও মনে দাগ কাটার মতো ভালো। এ দুটো বিভাগে এত ভালো বলেই বোধহয় দলের ফিল্ডিংকে খুব সামঞ্জস্যপূর্ণ মনে হচ্ছে না।”

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2007, 09:59 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

ফিল্ডিংয়ে ভারতীয় দলের ঘাটতি প্রায় চিরন্তন বলেই হয়তো এ বিষয়টি খুব গুরুত্ব পায়নি রানাতুঙ্গার কাছে। তার কাছে বড় মনে হচ্ছে ১৯৯৬ বিশ্বকাপজয়ী শ্রীলংকা দলের সঙ্গে রাহুল দ্রাবিড়ের দলের মিলটা,“ আমার নেতৃত্বে ’৯৬ বিশ্বকাপ জেতা শ্রীলংকা দলের সঙ্গে এই দলটির অনেক মিল খুঁজে পাই আমি। মিলটা চোখে পড়ে টপ অর্ডার থেকেই। ” প্রথম দশ ওভারে সনাৎ জয়াসুরিয়া আর কালুভিতারানার মতো স্কোর বোর্ডে ঝড় তোলার সাধ্য ভারতের ওপেনারদেরও আছে ---- এই মিলের সঙ্গে রানাতুঙ্গা ’৮৩ --- র চ্যাম্পিয়নদের মাঝে খুঁজে পাচ্ছেন আরো কিছু আশা জাগানো দিক,“ রবীন উথাপ্পার উপস্থিতি মনে বেশ একটা ভালো লাগার অনুভূতি এনে দেয়। ওর স্ট্রোক খেলার প্রবণতা সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুগ্ধ করেছে আমাকে। আমার মতে ওপেনিংয় আসা উচিত শেবাগ আর উথাপ্পার। ’৯৬ --- র আসরে আমার যে ভূমিকা ছিল সেটা নেয়া উচিত রাহুল দ্রাবিড়ের। ওকে ব্যাট করতে হবে যুবরাজ আর মহেন্দ্র সিং ধোনীর মাঝখানে। শুধু ওর মানের খেলোয়াড়রাই পারে অনায়াসে খেলার গতি --- প্রকৃতি বদলে দিতে।”

“ টেন্ডুলকার, শেবাগ, গাঙ্গুলী আর যুবরাজের মতো ম্যাচ উইনারদের নিজেদের মতো খেলতে দিতে হবে”, “দ্রাবিড়কে সতীর্থদের কাছ থেকে একশ ভাগ আদায় করে নিতে হবে”, “তাদের সাময়িক ব্যর্থতার প্রতিক্রিয়া কখনোই নিজের (দ্রাবিড়) অভিব্যাক্তিতে ফুটিয়ে তুললে চলবে না” ---- সাফল্যের অপরিহার্য শর্ত হিসেবে এমন কিছু  বিষয় উল্লেখ করার পর ভাগ্যকেও বড় ব্যাপার হিসেবে স্বীকার করেছেন রানাতুঙ্গা। শ্রীলংকার ইতিহাসের সফলতম অধিনায়কের মতে ১১ বছর আগে তার দলও ভাগ্যের  ছোঁয়া  নিয়েই উঠেছিল সাফল্যের চূড়ায় “ এ ক্ষেত্রে ভাগ্যের গুরুত্বও কোনো কিছুর চেয়ে কম নয়। ’৯৬ --- তে কোলকাতায় অনুষ্ঠিত সেমিফাইনালে আমাদের টস হারাটাকে সৌভাগ্য বলেই মনে করি আমি। টসে জিতলে আমিও কিন্তু আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতাম এবং সে ক্ষেত্রে হয়তো সন্ধ্যায় এবড়ো --- থেবড়ো পিচে ব্যাট করতে নেমে ভারতের মতো নাকাল হতে হতো আমাদের।”

ভাগ্য বাধা হয়ে না দাঁড়ালে যে ভারত সেমিফাইনালে উঠবেই তাতে কোনো সন্দেহ নেই অর্জুনা রানাতুঙ্গার। তার মতে, এবার শেষ চারে উঠবে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড আর শ্রীলংকা। সিবি সিরিজ ফাইনাল এবং চ্যাপেল --- হ্যাডলি সিরিজে জঘন্য পারফরম্যান্সের পরও তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের হিসেবের বাইরে না রাখার কারণ,“ অস্ট্রেলিয়াকে কখনোই বাতিল ভাবা যায় না। মনে রাখতে হবে, নিউজিল্যান্ডে  ওদের ৫ --- ৬ জন নিয়মিত খেলোয়াড় খেলেনি। বিশ্বকাপে ব্রেট লি ছাড়া তাদের সবাই --- ই কিন্তু খেলবে আর তখন অস্ট্রেলিয়াও হয়ে উঠবে বেশ ভয়ঙ্কর একটা দল। ‘সুপার এইট’ --- এ চার বা পাঁচটি ম্যাচ জেতার ক্ষমতা ওদের এমনিতেই আছে , সেমিফাইনালে ওঠার জন্য যা একেবারে অপরিহার্য যোগ্যতা।”

নিজের দেশ শ্রীলংকাকে শেষ চারে রাখার কারণ দুর্দান্ত বোলিং, “ ওদের রাখতে হচ্ছে, কারণ,  বোলিংটা এবার ’৯৬ --- এর দলের চেয়েও ভালো। মুরালিধরন আর চামিন্ডা ভাস সম্পর্কে তো নতুন করে কিছু বলার দরকার নেই। ওদের সঙ্গে লাসিথ মালিঙ্গা যোগ হওয়ায় ধার আরো বাড়বে।” তবে অলরাউন্ডার বেশি থাকলে শিরোপা জয়ের সম্ভাবনা বাড়ে  --- এ ধারনা থেকে  উপুল চন্দনা আর নুয়ান জোয়সাকে দলে না নেয়াকে ভুলই মনে করছেন রানাতুঙ্গা। দেখা যাক মাহেলা জয়াবর্ধনের দলকে এ ভুলের মাশুল দিতে হয় কিনা।

অর্জুনা রানাতুঙ্গা সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় নিউজিল্যান্ডকে রেখেছেন তাদের সাম্প্রতিক পারফরম্যান্স এবং দলে অলরাউন্ডারের ছড়াছড়ি দেখে,“ ওদের দলে এখন বেশ কয়েকজন মানসম্পন্ন অলরাউন্ডার। টেলএন্ডার বস্তুটিই তো বলতে গেলে নেই  ওদের।”

স্টিফেন ফ্লেমিংয়ের দলের বড় একটা সমস্যার কথাও বলতে ভোলেননি রানাতুঙ্গা। তবে বড় ম্যাচে ---  বড় আসরে পারফর্ম করতে না পারার সেই পুরোনো অভ্যাসটাকে তারা সাম্প্রতিক সাফল্যের অভিজ্ঞতা দিয়ে জয় করতে পারবে এ আশা থেকেই ব্ল্যাক ক্যাপদের শেষ চারে রেখেছেন শ্রীলংকার ইতিহাসের সেরা অধিনায়ক।

কিন্তু বড় আসরের খারাপ পারফর্মার দক্ষিণ আফ্রিকা সম্পর্কে এতটা আশাবাদী হতে পারছেন না রানাতুঙ্গা। এমন কি অস্ট্রেলিয়াকে সরিয়ে তারা ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসার পরও নয়! কারণ, বড় আসরে খারাপ করার দুর্নাম বাড়াতে আরো কিছু দুর্বলতাও নাকি যোগ হয়েছে গ্রায়েম স্মিথের দলে,“ ওদের বোলাররা ঠিক ম্যাচ জেতানোর মতো কিনা এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নই আমি। গড়পড়তা পিচে শন পোলকও আগের মতো ভয়ঙ্কর নয়। আমি আসলে জ্যাক ক্যালিস আর হার্শেল গিবসকেই শুধু ম্যাচ জেতানো খেলোয়াড় মনে করি।”

রানাতুঙ্গা পাকিস্তানকে হিসেবে রাখার মতো দল মনে করছিলেন চমৎকার কয়েকজন মিডল অর্ডার ব্যাটসম্যান আর অলরাউন্ডার থাকায়। কিন্তু শোয়েব আখতার, মোহাম্মদ আসিফ আর আব্দুর রাজ্জাক থাকছেন না বলে বোলিংটা এতই দুর্বল হয়ে পড়েছে যে ইনজামামের দলের ওপর আস্থা রাখাটা এখন বাড়াবাড়িই মনে হচ্ছে তার।

অস্ট্রেলিয়াকে ফাইনালে হারিয়ে সিবি সিরিজ জেতার পরও ইংল্যান্ডকে সম্ভাব্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন মনে করতে পারছেন না রানাতুঙ্গা। সেই তুলনায় বরং অনেক এগিয়ে রাখছেন স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। রানাতুঙ্গার মতে ব্রায়ান লারার দল অঘটন ঘটিয়ে ফেলতে পারে,“ওদের ফিল্ডিং খুব ভালো। দলে তরুণ আর অভিজ্ঞ খেলোয়াড়দের দারুণ ভারসাম্য। ওদের ভাগ্য নির্ধারন করতে পারেন ব্রায়ান লারা আর ক্রিস গেইল। তবে ধারাবাহিকতার সমস্যা ওদেরও আছে বলে শুরুটা হতে হবে ভালো। ১৩ মার্চ পাকিস্তানের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচটা জিতলে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে ওয়েস্ট ইন্ডিজ।”