বিশ্বকাপ দলে শেবাগের সুযোগ পাওয়ার আসল কারণ
শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের শেষ ম্যাচে ৪৬ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। তারপরও বীরেন্দর শেবাগের সময়টা খুব ভালো যাচ্ছে তা বলা যাবে না। সর্বশেষ ১৩ ম্যাচে মাত্র একটি ফিফটি করায় ‘বীরু'কে বিশ্বকাপের দলে না রাখার কথাও উঠেছিল। শেষ পর্যন্ত তা হয়নি। সতীর্থদের সঙ্গেই ওয়েস্ট ইন্ডিজের বিমানে উঠেছেন শেবাগ। তবে দ্বিতীয় বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ার জন্য অধিনায়ক রাহুল দ্রাবিড়ের কাছে তার কৃতজ্ঞ থাকা উচিৎ। দ্রাবিড়ই নাকি শেবাগকে রাখার অনুরোধ জানিয়েছিলেন প্রধান নির্বাচক দিলীপ ভেঙ্গসরকারকে! স্বয়ং ভেঙ্গসরকারই তথ্যটা ফাঁস করেছেন শনিবার।
“(দল ঘোষণার আগে) আমি কোনো চাপের মধ্যে ছিলাম না। তবে আমি সব সময়ই দলের অধিনায়ককে সমর্থন করি এবং করবো”ÑÑ কথাটা বলে ভারতের সাবেক অধিনায়ক ভেঙ্গসরকার জানিয়েছেন, শেবাগকে দলে রাখার ব্যাপারে দ্রাবিড়ই নাকি মুখ্য ভূমিকা রেখেছেন। ভারতের বর্তমান অধিনায়ক শেবাগকে দলে রাখার বিশেষ অনুরোধ জানিয়েছেন কারণ,তার বিশ্বাস, শেবাগের উপস্থিতি দলকে দারুণভাবে উজ্জীবিত করে তুলবে, অন্য দলের সঙ্গে গড়ে দেবে পার্থক্য। অবশ্য টেস্টে ভারতের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ানের অতীত পারফরম্যান্সও সিদ্ধান্তটা নিতে প্রভাবিত করেছে ভেঙ্গসরকারকে,“দলের আরো কয়েক জন খেলোয়াড়ও শেবাগের পাশে দাঁড়িয়েছে। তাছাড়া অতীতে শেবাগ তো খুব ভালো খেলেছেও।”
