বিশ্বকাপে ঠিকই জ্বলে উঠবে গিলক্রিস্ট আর অস্ট্রেলিয়া : হেইডেন
ত্রিদেশীয় কমনওয়েলথ ব্যাংক সিরিজে একদমই ভালো খেলতে পারেননি অ্যাডাম গিলক্রিস্ট। ওয়ানডে ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানের টুর্নামেন্ট --- গড়ই (২২.২) তার প্রমান। এবারের বিশ্বকাপে তাই আরো অনেক কিছুর মতো গিলক্রিস্টের পারফরম্যান্স নিয়েও দুশ্চিন্তায় অস্ট্রেলীয় শিবির। তবে ম্যাথু হেইডেনের দৃঢ় বিশ্বাস, ওয়ানডেতে তার দীর্ঘ দিনের ওপেনিং --- সঙ্গীর ব্যাট ঠিকই জ্বলে উঠবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। তার মতে, নিউজিল্যান্ডে অনুষ্ঠিত চ্যাপেল---হ্যাডলি সিরিজে বিশ্রাম পেয়ে ব্যাট হাতে আরো প্রমত্ত হয়ে উঠবেন ‘গিলি’।
‘আমি মনে করি বিশ্রামটা গিলিকে আরো শানিত করে তুলবে। এই মৌসুমে আমাদের অনেক ম্যাচ খেলতে হয়েছে। তাই তার (গিলক্রিস্টের) জন্য কয়েকটা জিনিস জরুরী হয়ে পড়েছিল। তার মধ্যে একটা হলো বিশ্রাম। সে এক জন গ্রেট ক্রিকেটার। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ এক টুর্নামেন্টে ভালো খেলার জন্য ও নিজেও খুব উদগ্রীব। আমি মনে করি, বিশ্বকাপে সে ভাল ফর্মেই থাকবে”ÑÑপ্রিয় সতীর্থকে নিয়ে এতটাই আত্মবিশ্বাসী হেইডেন।
তার মতে, দলে গিলক্রিস্টের গুরুত্ব একেবারেই আলাদা। আক্রমণাত্মক ব্যাটিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত এই উইকেটকিপার --- ব্যাটসম্যানকে অন্য কারো সঙ্গে তুলনা করতেই তিনি নারাজ,“রিকি পন্টিং বা আমার মতো কারো সঙ্গে গিলির তুলনা করা যাবে না। অ্যান্ড্রু সাইমন্ডসের মতো কোনো ব্যাটসম্যানই শুধু তার সঙ্গে তুলনীয়। ওরা খুবই আক্রমণাত্মক, বাউন্ডারি হাঁকানোতে দক্ষ, ঝুঁকি নিতেও পারদর্শী। যে কোনো ধরনের ঝুঁকি বা সুযোগ নির্ভয়ে নিতে পারে ‘গিলি’। সে কারণে কখনো কখনো ও নিজের উইকেটটা হারিয়ে বসে। তবে সবচেয়ে বড় কথা হলো, সে এক জন দুর্দান্ত ব্যাটসম্যান। তার সুবাদেই আমাদের দল সব সময় দারুণ সূচনা পেয়ে থাকে।”
গিলক্রিস্টের মতোই বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলকে নিয়েও হেইডেন খুব আশাবাদী। নিউজিল্যান্ডে বিশ্বকাপের আগে শেষ ওয়ানডে সিরিজে দেশের পক্ষে ওয়ানডে----সর্বোচ্চ ১৮১ রান করেও জেতাতে পারেননি দলকে, এড়াতে পারেননি হোয়াইটওয়াশের লজ্জা। ওসব ভুলে হেইডেন এখন সামনে বিশ্বকাপের দিকে তাকাতেই আগ্রহী,“হেরে গেলে কেউই খুশি হয় না। তবে সবচেয়ে বড় ব্যাপার হলো বিশ্বকাপ জয়। আমাদের এখনকার অনুভূতিতে শুধু আশাবাদ নয়, রয়েছে উত্তেজনার ছোঁয়াও। কারণ, আমরা ভালোমতোই জানি, আমাদের সমস্ত পরিশ্রম বিশ্বকাপকে ঘিরেই। আমার বিশ্বাস বড় একটা অর্জনের পথেই এগিয়ে যাচ্ছি আমরা।”
সেই ‘বড় অর্জন’ অর্থাৎ বিশ্বকাপে হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশন শুরু হওয়ার আগে একটা সুখবর অপেক্ষা করছে রিকি পন্টিংয়ের দলের জন্য। নিতম্বের চোটের কারণে নিউজিল্যান্ডে একটিও ম্যাচ না খেলে দেশে ফিরে আসা মাইকেল ক্লার্ক এখন অনেকখানি সুস্থ। ১৪ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে পুরোপুরি সুস্থ হয়ে যাবার ব্যাপারেও অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান বেশ আশাবাদী,“আমি বেশ কয়েকটা ব্যাটিং সেশনে অংশ নিয়েছি এবং কোথাও কোনো ব্যথা অনুভব করিনি। এখন বেশ ভাল বোধ করছি। অবশ্য (অনুশীলনে) এখনো খুব বেশি দৌড়াইনি। তবে (বিশ্বকাপের আগে) সম্পূর্ণ সুস্থ হওয়ার ব্যাপারে আমি পুরোপুরি আত্মবিশ্বাসী।”
শুক্রবার সেন্ট ভিনসেন্টে পৌঁছানোর পর অস্ট্রেলিয়া প্রথমবারের মতো অনুশীলনে নেমেছে শনিবার। আগামী মঙ্গলবার জিম্বাবুয়ে ও শুক্রবার ইংল্যান্ডের সঙ্গে দুটো প্র্যাকটিস ম্যাচ খেলবে তারা।
