শনিবার থেকে শুরু বার্সেলোনার অগ্নিপরীক্ষা
সেভিয়া, লিভারপুল, রিয়াল মাদ্রিদ------ বার্সেলোনার সামনে এখন তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ! শনিবার স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’য় সেভিয়া, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল এবং আগামী সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ফ্র্যাঙ্ক রাইকার্ডের দল। অগ্নিপরীক্ষার এই ‘স্পেল’ শুরু হচ্ছে শনিবার, সেভিয়া সফরের মাধ্যমে। যে ম্যাচে জিতলেই স্প্যানিশ লিগের দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার চেয়ে ‘বার্সা’ এগিয়ে যাবে ৫ পয়েন্টে। হ্যাটট্রিক শিরোপার স্বপ্নটা উজ্জ্বল হবে আরো।
গত রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হওয়ার আগেও একটা অস্বস্তির কালো চাদর ঘিরে রেখেছিল বার্সেলোনা শিবিরকে। তখন তাদের তাড়া করে ফিরছিল ভ্যালেন্সিয়া ও লিভারপুলের কাছে টানা দুই ম্যাচে পরাজয়ের দুঃস্মৃতি। কিন্তু হাঁটুর চোট কাটিয়ে প্রায় চার মাস পর প্রথম একাদশে সুযোগ পাওয়া স্যামুয়েল এ'তোর দুর্দান্ত পারফরম্যান্সে সেদিন তাদের সমস্ত দুশ্চিন্তা উধাও! এ'তো একটি গোল করলেন, আরেকটি করালেন। তার সঙ্গে রোনালদিনহোও বেশ কিছু দিন পর জ্বলে ওঠায় বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটা ৩------০ গোলের বড় ব্যবধানে জিততে সমস্যা হয়নি স্প্যানিশ চ্যাম্পিয়নদের।
অমন চোখধাঁধানো নৈপুণ্যের পরও বুধবার স্প্যানিশ কিংস কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে এ'তোকে মাঠে নামায়নি তারা। কারণ চিকিৎসকরা ক্যামেরুনের এই তারকা স্ট্রাইকারকে বিশ্রাম দেয়ার পরামর্শ দিয়েছিলেন। তবু জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার লক্ষ্যভেদে ২------১ গোলে সেই ম্যাচ জিতেছে বার্সেলোনা। এবং এই দুই জয়ে তারা এখন অনেকটাই আত্মবিশ্বাসী। সেই সঙ্গে গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা এ'তো ফিরে আসায় শনিবার সেভিয়ার মাঠে অনেক বেশি উজ্জীবিত থাকারই কথা ‘বার্সা’র।
তাদের প্রতিপক্ষ কিন্তু তেমন স্বস্তিতে নেই। বুধবার কিংস কাপে রিয়াল বেটিসের বিপক্ষে ম্যাচ চলার সময় গ্যালারি থেকে উড়ে আসা একটি পানির বোতল আঘাত হেনেছে সেভিয়া কোচ হুয়ান্দে র্যামোসের শরীরে। ঐ আঘাতে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যান তিনি, নিয়ে যাওয়া হয় হাসপাতালেও। এখন খানিকটা সুস্থ র্যামোস শুক্রবার দলের অনুশীলনের সময় মাঠে ছিলেন। কিন্তু নিজেই জানিয়েছেন, এই দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি এখনো তাড়া করে বেড়াচ্ছে তাকে।
বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ এই রাউন্ডে রোববার ঘরের মাঠে মুখোমুখি হবে গেটাফের। আর তাদের সমান পয়েন্ট পেয়েও গোল গড়ে তৃতীয় স্থানে থাকা ভ্যালেন্সিয়ার প্রতিপক্ষ সেল্টা ভিগো। ম্যাচটা হবে শনিবার, ভ্যালেন্সিয়ার মাঠে।
