বগুড়ায় বাংলাদেশ "এ" দলের ব্যাটিং বিপর্যয়
বৃষ্টির জন্য খেলা হয়েছে ৪৫ ওভার, তাতে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ১২১। এটাই যথেষ্ট খারাপ, কিন্তু হতে পারত তার চেয়েও খারাপ যদি না নবম উইকেট জুটিতে সগীর এবং এনামুল জুনিয়র খানিকটা প্রতিরোধ গড়ে না তুলতেন। ৮৪ রানে ৮ উইকেট পড়ার পর এই দুজন জুটি বেঁধে অবিচ্ছ্ন্নি থেকে যোগ করেছেন ৩৭ রান, আর তাতে ইংল্যান্ড ‘‘এ’’ দলের বিপক্ষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠানরত ম্যাচটিতে বাংলাদেশ ‘‘এ’’ দলের স্কোর এখন ৮ উইকেটে ১২১। বৃহস্পতিবার নির্ধারিত প্রথম দিনের খেলা বাজে আবহাওয়ার জন্য না হতে পারায় চার দিনের ম্যাচটি হয়ে গেছে তিন দিনের ম্যাচ এবং শুক্রবারও আবহাওয়ার কুপ্রভাবে খেলা হতে পেরেছে মাত্র ৪৫ ওভার।
ইংল্যান্ড ‘‘এ’’ দল টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায়। নেমে প্রথম ওভারেই বাংলাদেশ পড়ে বিপর্যয়ের মুখে, ৩ বল খেলেই শুন্য রানে বোল্ড হয়ে ফিরে যান ওপেনার জহুরুল। এরপর মেহরাব জুনিয়র (২০), নাসিরউদ্দিন ফারুক (১২), তুষার ইমরান (১৯), মার্শাল আইয়ুব (৮) দের কেউই তেমন কিছু না করতে পারায় নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ দল। ফল চরম ব্যাটিং বিপর্যয়। আর তাই ৮৪ রানে ৮ উইকেট হারিয়ে রান ১০০ হওয়ার আগেই যখন গুটিয়ে যাওয়ার আশংকা তখনই সগীর এবং এনামুল জুনিয়রের প্রতিরোধ। ৬৯ বল খেলে দুটো বাউন্ডারিসহ ৩০ রানে অপরাজিত আছেন সগীর, এনামুল জুনিয়র ব্যাট করছেন ১২ রান নিয়ে। ইংল্যান্ড ‘‘এ’’ দলের পক্ষে তাদের পেস বোলার স্টুয়ার্ট ব্রড ৫৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
