এ'তো নয়, এবার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার দ্রগবা
গত বছর দু জনের মধ্যে ব্যবধান ছিল মাত্র দুই ভোটের। পুরস্কারটার ৩৬ বছরের ইতিহাসে প্রথম ও দ্বিতীয়র মধ্যে সবচেয়ে কম ব্যবধান সেটাই। আফ্রিকার বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে এবারো তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তবে এবার পাল্টে গেছে প্রথম ও দ্বিতীয়’র নাম। টানা তিন বার এই পুরস্কার বিজয়ী স্যামুয়েল এ'তোকে পেছনে ফেলে ২০০৬ সালের আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে নিয়েছেন দিদিয়ের দ্রগবা। ক্যারিয়ারে প্রথম বারের মতো এই সম্মান উঠলো তার হাতে।
গত বছরটা এক কথায় দুর্দান্ত কেটেছে চেলসির স্ট্রাইকার দ্রগবার। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির টানা দ্বিতীয় শিরোপা জয়ে বড় ভূমিকা রাখা ছাড়াও আফ্রিকান নেশন্স কাপে আইভরি কোস্টকে রানার্স আপ করানোর পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। আইভরি কোস্ট প্রথম বারের মতো বিশ্বকাপও খেলেছে তার নেতৃত্বে । এত সব অর্জনের জন্যই আফ্রিকার ৫৩ জন জাতীয় কোচের মধ্যে করা জরীপে সবচেয়ে বেশি ৭৯ ভোট পেয়েছেন দ্রগবা। গত মৌসুমে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতা, বার্সেলোনার ক্যামেরুনিয়ান স্ট্রাইকার এ'তোর প্রাপ্ত ভোট ৭৪। ৩৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন দ্রগবার চেলসি সতীর্থ ঘানার মিডফিল্ডার মাইকেল এসিয়েন।
এছাড়া অলিম্পিক মার্সেইয়ের নাইজেরিয়ান ডিফেন্ডার তায়ে তাইয়ো সেরা তরুণ ফুটবলার, ঘানা সেরা আন্তর্জাতিক দল, মিশরের আল আহলি সেরা ক্লাব এবং তাদের ম্যানুয়েল হোসে সেরা কোচ নির্বাচিত হয়েছেন আফ্রিকার।
