২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকা নয়, ওয়ার্নের হিসাবে অস্ট্রেলিয়ার বাধা শ্রী লংকা এবং নিউজিল্যান্ড

ক’ দিন আগেও তাদের চেহারা থেকে ফুটে বেরোতো আত্মবিশ্বাসের ছটা। ক্রিকেট বিশ্বের অবিসংবাদিত সেরা, বিশ্বকাপ জয়ে সবার চেয়ে এগিয়ে থাকা সেই অস্ট্রেলিয়াকে ঘিরেই এখন সংশয়ের কাল মেঘ। তবে এবারের বিশ্বকাপে রিকি পন্টিংয়ের ভাল পারফরম্যান্স সম্পর্কে যে-ই সন্দিহান হোক না কেন, শেন ওয়ার্নের দৃঢ় বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ঘুরে দাঁড়াবেই তার সাবেক সতীর্থরা। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিকের মনে জেগে উঠেছে আরেকটা বিশ্বাসও। তার ধারণা, অস্ট্রেলিয়াকে সরিয়ে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠা দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী না--ও জ্বলে উঠতে পারে। বরং অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক শিরোপার পথে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2007, 07:10 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

গত কিছু দিনে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স এক কথায় বিস্ময়কর। কমনওয়েলথ ব্যাংক সিরিজের ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজয় এবং চ্যাপেল---হ্যাডলি সিরিজে নিউজিল্যান্ডের হাতে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবার যোগফলে তারা আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা হারিয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। অন্যদিকে এই অনন্য সম্মান অর্জন করার পথে ভারত ও পাকিস্তানকে ওয়ানডে সিরিজে বিধ্বস্ত করেছে গ্রায়েম স্মিথের দল। আর সেজন্যই এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার নামও উচ্চারিত হচ্ছে জোরেশোরে। কিন্তু সর্বকালের সেরা লেগ স্পিনার ওয়ার্নের ধারণা, দক্ষিণ আফ্রিকা দলে একতার অভাব থাকায় তাদের শিরোপা জয়ের তেমন সম্ভাবনা নেই,“আমার তো মনে হয় না দক্ষিণ আফ্রিকার (বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার) সুযোগ আছে। ওদের দলের অনৈক্য বেশ চোখে পড়ার মতো। আমি জানি যে এই মুহূর্তে ওদেরকেই বিশ্বের এক নম্বর দল হিসাবে ধরা হচ্ছে। তবে আমার মনে হয় না ওরাই বিশ্বের সেরা দল।”

বরং শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের খেলার ধরন বেশ পছন্দ ‘ওয়ার্নি’র। প্রথম বোলার হিসাবে টেস্টে ৭ শ’ উইকেটের মাইলফলক স্পর্শ করা ওয়ার্নের ধারণা, ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন এই দুটো দলকে সাহায্য করবে অনেকখানি,“তারা (শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড) যেভাবে খেলে তা আমার বেশ পছন্দের। আমার ধারণা (ওয়েস্ট ইন্ডিজের) ছোট মাঠে ও উইকেটে ওদের ভাল করার সুযোগ রয়েছে। আমি নিশ্চিত এই দুটো দল বিশ্বকাপে ভাল করবেই।”

তবে জয়াবর্ধনে ও ফ্লেমিংয়ের দলের প্রশংসায় মেতে উঠলেও নিজের দলের কথা ভুলে যাননি তিনি। গত এক মাসে অস্ট্রেলিয়ার বাজে পারফরম্যান্স নিয়ে ক্রিকেট বিশ্বে গুঞ্জন শুরু হলেও ওয়ার্নের বিশ্বাস বিশ্বকাপে ঠিকই জ্বলে উঠবে তার প্রিয় সতীর্থরা,“অস্ট্রেলিয়ার এই দল নিয়ে আমার মনে কোনো সন্দেহই নেই। তারা একটু হোঁচট খেয়েছে শুধু। কয়েকটা সামান্য সমস্যার সমাধান করা, ঠিক পথে এগিয়ে চলা এবং প্রতিপক্ষের ইনিংসের মাঝপথ থেকে শেষ পর্যন্ত বোলিংটা ঠিক মতো করতে পারলে আমি নিশ্চিত, এবারের বিশ্বকাপে তারা ভাল খেলবেই।”