রাজশাহীতে গ্রামীণ ফোন পেসার হান্ট
বৃষ্টির বাগড়ায় ‘গ্রামীণফোন পেসার হান্ট’ প্রতিভা অন্বেষন কর্মসূচী ভালভাবে চলতে পারেনি রাজশাহীতে। থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি থামিয়ে দিয়েছিল বলের গতি। দুপুরেই প্রতিভা অন্বেষণ বন্ধ করে দেয়া হয়েছে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জড়ো হওয়া ১৬০ জন তরুন বোলারদের মধ্যে অংশ নিয়েছেন মাত্র ৬৫ জন বোলার। এর মধ্যে খুঁজে পাওয়া গেছে ৯ জনকে।
প্রতিভাবান পেসারদের বের করে আনার জন্য দ্বিতীয় বারের মত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও গ্রামীণ ফোন এ পদক্ষেপ নিয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জড়ো হয় তরুন পেসাররা। সকাল থেকে থেমে থেমে বৃষ্টির মধ্যেই রাজশাহী জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৬০ জন তরুন ক্রিকেটার ‘পেসার হান্ট’ প্রতিযোগীতায় অংশ নেন।
সকাল ৯টা থেকে চলে প্রথম দিনের বাছাই পর্ব। প্রানবন্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য মাহমুদ জামাল ও গ্রামীণ ফোনের আঞ্চলিক প্রধান ইমন কল্যান দত্ত।
বিচারকের দায়িত্ব পালন করছেন বিসিবি’র স্পেশাল ফাষ্ট বোলিং কোচ সারোয়ার ইমরান। এ প্রতিযোগিতায় বোলিংয়ে সর্বোচ্চ গতি তোলেন রাজশাহীর মোব্বাসের খান, প্রতি ঘন্টায় ৭৬ মাইল।
গ্রামীণ ফোন ও বিসিবি সূত্রে জানা যায়, দেশের ১১টি জেলার তরুন বোলার পর্যায়ক্রমে এ প্রতিযোগিতায় অংশ নেবে।
রাজশাহীতে প্রথম দিনে মোট ১৬০ জন তরুন বোলারদের মধ্যে যারা প্রতি ঘন্টায় ৭০ মাইল তুলেছেন তারাই চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছেন।
দেশের ১১টি জেলার নির্বাচিত সেরা বোলারদের নিয়ে ঢাকায় আগামী ২ থেকে ২৯ মার্চ পেসার হান্টের চুড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে।
