২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোয়েব ও আসিফও বিশ্বকাপে নেই

আব্দুল রাজ্জাককে হারানোর ধাক্কা সামলে উঠতে না উঠতেই পাকিস্তানের জন্য আরেকটি দুঃসংবাদ। একটা না বলে অবশ্য দুটো বলাই ভাল। রাজ্জাকের মতো বিশ্বকাপে শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফকেও পাচ্ছে না পাকিস্তান! তাদের জায়গায় মোহাম্মদ সামি ও ইয়াসির আরাফাতকে নেয়া হচ্ছে বিশ্বকাপের দলে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 06:14 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

দেশের দুই সেরা ফাস্ট বোলারকে ক্রিকেটের সেরা আসরে দেখা যাবে কি না তা নিয়ে গত কয়েক দিন পাকিস্তানের ক্রিকেটাঙ্গন ভীষণ উদ্বিগ্ন ছিল। দু জনের চোটজনিত সমস্যা তো ছিলই। সেই সঙ্গে পিসিবি’র ড্রাগ টেস্টে শোয়েব---আসিফের অংশ না নেয়াও কম জটিলতার জন্ম দেয়নি। শোয়েবের  হাঁটু এবং আসিফের কনুইয়ের চোটের চিকিৎসার জন্য ইংল্যান্ডে থাকাটাকেও ভাল চোখে দেখেনি পাকিস্তানের মিডিয়া। তাদের ধারণা শরীরে ন্যানড্রোলনের অবশিষ্টাংশ আছে কি না তা জানার জন্যই দু জনে সেখানে লুকিয়ে ড্রাগ টেস্ট করিয়েছেন! তবে শোয়েব ও আসিফকে বিশ্বকাপে না পাওয়ার কারণ হিসাবে চোটের কথাই জানিয়েছেন পিসিবি’র প্রধান নির্বাচক ওয়াসিম বারি,“চিকিৎসকরা জানিয়েছেন চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তাদের আরো অন্তত তিন সপ্তাহ সময় লাগবে। আমাদের পক্ষে এত দিন অপেক্ষা করা সম্ভব নয়। তাদের বদলে ইয়াসির আরাফাত ও মোহাম্মদ সামিকে ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হবে।” বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিমানে ওঠার আগে দুঃসংবাদটা পেয়ে স্বাভাবিকভাবেই মর্মাহত পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল হক,“নিঃসন্দেহে এটা আমাদের জন্য কোনো আদর্শ পরিস্থিতি নয়। এক সঙ্গে তিন জন অভিজ্ঞ খেলোয়াড়কে হারানো ভীষণ হতাশাজনক ব্যাপার। তবে যারা আছে তাদের নিয়েই মানিয়ে নিতে হবে আমাদের। আর আমাদের দলের অন্যরাও ভাল খেলতে সক্ষম।” কোচ বব উলমারও হতাশা ভুলে সামনের দিকে তাকাতে আগ্রহী,“আমাদের জন্য এটা বড় ধাক্কা হলেও আমি আত্মবিশ্বাসী, ইয়াসির হামিদ ও মোহাম্মদ সামি প্রত্যাশা মতোই জ্বলে উঠতে পারবে। এক সপ্তাহের মধ্যে ওরা দলের সঙ্গে যোগ দেবে। আশা করি চোট সংক্রান্ত সমস্ত সমস্যা একতাবদ্ধ হয়েই আমরা কাটিয়ে উঠতে পারবো।”

তবে পাকিস্তানের মিডিয়া যে সন্দেহ করেছিল তা অমূলক না-ও হতে পারে! দিন কয়েক আগেই আইসিসি’র প্রধান নির্বাহী ম্যালকম স্পিড বলেছিলেন ওয়েস্ট ইন্ডিজে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ড্রাগ টেস্টের সামনে পড়তে হতে পারে শোয়েব ও আসিফকে। পিসিবি’র এক ঘনিষ্ঠ সূত্রও জানিয়েছে ড্রাগের বিরুদ্ধে আইসিসি’র এই কঠিন অবস্থানের কারণেই শোয়েব ও আসিফকে হয়তো বিশ্বকাপের বাইরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে! কারণ চিকিৎসা বিশেষজ্ঞদের মতে ন্যানড্রোলনের আলামত মানবদেহে ৬ মাস পর্যন্তও থাকতে পারে। গত অক্টোবরে এই ড্রাগ নেয়ার অভিযোগেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে শোয়েব ও আসিফকে প্রত্যাহার করে নিয়েছিল পাকিস্তান। এর পর শোয়েবকে দুই ও আসিফকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল পিসিবি। তবে এই শাস্তির বিরুদ্ধে আবেদন করে ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেও এসেছিলেন দু জনে। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বকাপের বাইরেই থাকতে হল পাকিস্তানের দুই নতুন বলের বোলারকে।