২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশীয় বনাম বিদেশি শক্তির লড়াই দিয়ে শুরু হচ্ছে বি. লীগ

আবাহনী অংকটা কষছে বিদেশীদের নিয়ে আর মুক্তিযোদ্ধার শক্তির মূল উৎস দেশী ফুটবলাররাই। বিপরতীধর্মী চারিত্রের দুটো দলের লড়াইয়ের মধ্য দিয়েই বি. লিগের পথচলা শুরু হ্েচ্ছ শুক্রবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 05:04 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

আবু ইউসুফ তাই ম্যাচের নাম দিয়েছেন ‘দেশীয় শক্তি বনাম বৈদেশিক শক্তি’। মুক্তিযোদ্ধার এই কোচের কাছে ব্যাপারটা একধরনের চ্যালেঞ্জের মতোই, দেশীয় শক্তির শ্রেষ্ঠত্বের  পরীক্ষা দিতেই যেন মাঠে নামছেন দেশি কোচ। দায় আবাহনীর আর্জেন্টাইন কোচ ক্রুসিয়ানিরও আছে--নিজেকে প্রমাণের পাশাপাশি সঙ্গে করে নিয়ে আসা স্বদেশী তিন খেলোয়াড়ের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।

কিন্তুআবাহনী এখনও ওই তিন বিদেশীর মাঠে নামাই নিশ্চিত করতে পারেনি। আগে যেখানে খেলেছেন সেখান থেকে তাদের ছাড়পত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এসে পৌঁছেনি। বৃহস্পতিবার রাতের মধ্যে ওই ছাড়পত্র না এলে উদ্বোধনী ম্যাচে মাঠের বাইরে বসেই কাটাতে হবে তাদের। আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপু অবশ্য আশা করছেন রাতের মধ্যেই এসে যাবে ছাড়পত্র, “ওদের এজেন্টকে পাঠিয়ে দিয়েছি আর্জেন্টিনায়, সে পৌঁছেই ছাড়পত্র পাঠানোর ব্যবস্থা করবে।”

সত্যিই তাদের বাদ দিয়ে এই মুহূর্তে আবাহনী এই “বড় ম্যাচের” কথা ভাবতে পারছে না। যদিও প্র্যাকটিসে আবাহনী কর্তাদের কেবল খুশী করতে পেরেছেন একজনইÑÑ মারিয়ানো কার্লোস ক্যাপারোলে। সর্বশেষ মেক্সিকোয় খেলে আসা এই ডিফেন্ডারের খেলা দেখে তারা ভালই আশাবাদী। অন্য দুজনকে নিয়ে অতোটা নয়, নেপোলিতে খেলে আসা মিডফিল্ডার সানচেজ আর স্ট্রাইকার পেরোদির পারফরম্যান্স দেখে দেশী খেলোয়াড়রাই বিরক্ত। তবে কোচ ডিয়েগো ক্রসিয়ানি স্বদেশীদের সার্টিফিকেট দিতে কোনো কার্পন্য করছেন না, “তারা ভাল খেলে, আরো কিছুদিন প্র্যাকটিসের পর দলের সঙ্গে মানিয়ে যাবে। তখন তাদের আসল পারফরম্যন্স দেখা যাবে।” সেটা তারা কতোটা প্রমাণ করতে পারবেন কে জানে। আর্জেন্টাইন তিনজন যে এখনও আস্থার প্রতীক হতে পারেননি তার প্রমাণ দিতেই যেন বৃহস্পতিবার রাতের মধ্যে উড়িয়ে আনা হচ্ছে ঘানার ইব্রাহিমকে। গত মৌসুম আবাহনীতে খেলে যাওয়া এই বিদেশী স্ট্রাইকারের ওপর এখনও অটল ভরসা নীল--হলুদ শিবিরের। 

আর্জেন্টাইন কোচ অবশ্য স্বদেশীদের রেখেই মুক্তিযোদ্ধার বিপক্ষে দল সাজিয়েছেন। ক্রুসিয়ানির চোখে এই দল শক্তিশালী, “প্র্যাকটিস কম হলেও মুক্তিযোদ্ধার সঙ্গে ভালভাবে লড়াই করার মতো যথেষ্ট শক্তিশালী দল আবাহনী। তরুণ এবং অভিজ্ঞতার মিশ্রণও ভাল, যতো দিন যাবে ততই দল হিসেবে তারাই নিজেদের মেলে ধরবে।” তবে মৌসুমের সবচেয়ে দামী খেলোয়াড় সুজনের ইনজুরি কোচের জন্য একটা বড় ধাক্কা। “আদৌ এই মৌসুমে সুজন খেলতে পারবে কিনা আমি সন্দিহান। সুজন থাকলে ডিফেন্স নিয়ে আর কোনো চিন্তা থাকতো না। এখন ক্যাপারোলেকেই বেশি দায়িত্ব নিতে হবে।” তার অনুপস্থিতিতে ডিফেন্স--লাইন হচ্ছে, সিরজী, প্রাণতোষ, নজরুল ও ক্যাপোরোলে। কিন্তু মাঝমাঠে জয়, উজ্জ্বল, আবুলের সঙ্গে সানচেজ কতোটা প্রত্যাশা পূরণ করতে পারবেন কে জানে।

সেদিক থেকে মুক্তিযোদ্ধা একটু নির্ভার। ইনজুরির কারণে দেশ সেরা গোলরক্ষক আমিনুলকে না পেলেও দেশীয় শক্তির ওপর কোচ আবু ইউসুফের ভালই বিশ্বাস আছে, “এক মাসের মতো প্র্যাকটিসের পর মোটামুটি ভাল অবস্থায় আছে এখন দল। তবে বড় ম্যাচ বলে টেনশন অনেক কম, যে কেউ জিততে পারে এই ম্যাচে। জিতলে আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে, পরের ম্যাচগুলো অনেক সহজ হয়ে যাবে।” মুক্তিযোদ্ধার সুবিধার দিক হচ্ছে, সবার পেছনে আছে খ্যাতিমানের তকমা এবং পরিণত ফুটবলার। কিন্তু এরকম সম্মিলনের একটা অসুবিধাও দেখছেন কোচ। ইউসুফ বললেন, “তারা পুরো লিগে নিজেদের ফিটনেস কতোটা ধরে রাখতে পারবে, তার ওপরই নির্ভর করছে দলের সাফল্য।” কোচ তো একটু চিন্তিত হতেই পারেন। আরমান, রজনী, হাসান আল--মামুন, মতিউর মুন্না, পারভেজ বাবু, আলফাজরা যে অনেকদিন ধরে ফুটবল খেলছেন।

দেশীয় শক্তিতে বাড়তি পুষ্টি যোগাতে মুক্তিযোদ্ধায় আছেন দুই বিদেশী ঘানার ঘানসা ও মরোক্কোর ব্রাহিম। ব্রাহিম খেলবেন ফরোয়ার্ডে আলফাজের সঙ্গে, তাদের দিকেই চেয়ে থাকবে মুক্তিযোদ্ধা জয়সূচক গোলটির জন্য। আর আবাহনী সমর্থকদের চাওয়া এমিলি--পেরোদি স্ট্রাইকিং জুটির কাছে। যারা সফল হবে তাদের দিয়েই শুরু হবে দেশের প্রথম পেশাদার ফুটবল লিগের সাফল্যের ইতিহাস।