খালেদ মাসুদসহ রাজশাহীর নয় ক্রিকেটারের জরিমানা
- মিড অফে রাজশাহীর এক ব্যাটসম্যানের সহজ ক্যাচ ফেলেন ঢাকার এক ফিল্ডার। বিরক্তিতে ওই ফিল্ডার বল ছুঁড়ে মারলে তা গিয়ে পৌছায় মিড অনে দাঁড়ানো শামসুর রহমানের হাতে।
নন স্ট্রাইকার মাহবুব আলমকে ক্রিজের বাইরে দেখে শামসুরের থ্রোতে উইকেট ভাঙ্গে। আম্পায়ার আউট দিলেও রাজশাহীর ক্রিকেটাররা তা মেনে নিতে নারাজ। তাদের দাবি বল ডেড হয়ে গেছে। এই নিয়ে বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের ম্যাচে তুলকালাম করে ফেলেন রাজশাহীর ক্রিকেটাররা। ড্রেসিংরুম থেকে তারা মাঠে গিয়ে এর প্রতিবাদে না খেলার হুমকি পর্যন্ত দেন। এতে সামিল হয়েছিলেন রাজশাহীর অধিনায়ক খালেদ মাসুদও। এই ঘটনায় ম্যাচ রেফারি হেমায়েত সিদ্দিকী মাসুদসহ রাজশাহীর নয়জন ক্রিকেটারকে আর্থিক জরিমানা করেছেন।
