হাবিবুলের দুই হাজার রান, সাকিবের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, বাংলাদেশ ৫০ ওভারে ২৭৮/৫
সাকিব আল হাসানের প্রথম ওয়ানডে সেঞ্চুরি, ফিফটি দিয়ে হাবিবুল বাশারের দুই হাজার রানের মাইলফলক পেরুনো এবং মোহাম্মদ আশরাফুলের ব্যাটিং ঝড় --- এই সবকিছুর মিলিত ফল কানাডার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের রানের পাহাড়। টসে হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রাথমিক ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২৭৮ রান।
অথচ ৩০ রানে ৩ উইকেট হারানোর পর পথ হারানোর ভয়ই হয়তো পেয়েছিল বাংলাদেশ। ৪ রানের ভেতর বারমুডা ম্যাচের সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফীস এবং আফতাব আহমেদ কোনো রান না করেই ফিরে যান। দলকে ৩০ রানে রেখে ওপেনার তামিম ইকবালও ১১ রান করে রান আউট হয়ে গেলে ভয়াবহ বিপদে পড়ে যায় হাবিবুল বাশারের দল। সেখান থেকে দলকে উদ্ধারে সাকিবকে সঙ্গে নিয়ে অধিনায়ক নিজেই রেখেছেন অগ্রনী ভূমিকা। চতুর্থ উইকেটে তাদের ১৩২ রানের পার্টনারশিপ বড়ো সংগ্রহের ভিত গড়ে দেয় বাংলাদেশকে। ৭৫ বলে সাত বাউন্ডারির মারে ৫৭ রান করে হাবিবুল বিদায় নিলেও সাকিব শেষপর্যন্ত ছিলেন। এবং আশরাফুলকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতেও যোগ করেছেন ১১৬ রান। ইনিংসের শেষ বলে আউট হওয়া আশরাফুল মাত্র ৪৫ বলে খেলেছেন ৬০ রানের বিধ্বংসী ইনিংস। তার এই ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও একটি ছক্কার মার। আর সাকিব ততোক্ষণে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিকও। গত বছর ভারতের জয়পুরে জিম্বাবুয়ের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাহরিয়ার নাফীসের অপরাজিত ১২৩ রান টপকে সাকিব বুধবার খেলেছেন অপরাজিত ১৩৪ রানের ইনিংস। ১৫২ বলে খেরা এই ইনিংসটি সাজানো ছিল ১৪টি বাউন্ডারি দিয়ে।
অ্যান্টিগার সেন্ট জোনসের রিক্রিয়েশন গ্রাউন্ড শুধু সাকিবের জন্যই নয়। স্মরণীয় হয়ে থাকবে হাবিবুলের জন্যও। এদিন অনন্য এক মাইলফলকেও পৌছেছেন বাংলাদেশ অধিনায়ক। এটা তার ১০০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। আর এই উপলক্ষ্যটা কী দারুণভাবেই না উদযাপন করলেন তিনি। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফলক পেরিয়েছেন তিনি। এজন্য তার দরকার ছিল ৩৭ রানের।
