২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের সেঞ্চুরিতে কানাডাকে ১৩ রানে হারালো বাংলাদেশ

জয়টি বড় দলের বিপক্ষে নয়, জয়ের ব্যবধানও ছোটই বলা চলে--তবুও এ জয়টি বাংলাদেশের জন্য দারুণ এক পাওয়া। গত বিশ্বকাপে কানাডার কাছে হেরে যাওয়ার পর দাঁত কামড়ে প্রতিশোধের অপেক্ষায় ছিল বাঘবাহিনী। ম্যান অফ দি ম্যাচ সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে তা নেওয়া হয়েছে। ফলাফল গাস লোগির কানাডা--১৩ রানে পরাজিত। সূত্র, টাইগার ক্রিকেট ডট কম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2007, 09:42 AM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সাকিব আল হাসানের অপরাজিত ১৩৪,  গুরুত্বপূর্ণ ৫৫ রান করে হাবিবুল বাশারের দুই হাজার রানের মাইলফলক পেরুনো এবং মোহাম্মদ আশরাফুলের ৪৫ বলে ৬০ রানে ভর করে  ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছিল ২৭৮ রান। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহটা বিশালই মনে হচ্ছিল। আর এক রানেই উত্তর আমেরিকার দেশটির উদ্বোধনী জুটির পতনে মনে হচ্ছিল বাংলাদেশের জয়টা শুধু সময়ের ব্যাপার। তবে বারনেট আর বিলক্লিফের ১৭৭ রানের জুটি দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলো টাইগারদের।

কিন্তু দিনটি ছিল সাকিবের। তাই বল হাতে পেয়েই তিনি ফিরিয়ে দেন বারনেটকে। শেষ পর্যন্ত  ৫০ ওভার পর্যন্ত লড়াইটা জিইয়ে রাখা কানাডা সাত উইকেট হারিয়ে ২৬৫ রান করতে পারে। আবদুর রাজ্জাক তিনটি আর সাকিব দুইটি উইকেট তুলে নেন। মাশরাফি কোনো উইকেট না পেলেও তার নতুন বলের সঙ্গী শাহাদাত পেয়েছেন একটি উইকেট। ১০ ওভার করেও উইকেট শূণ্য থেকেছেন রফিক, কানাডীয়রা তার কাছ থেকে তুলে নিয়েছে ৪৯ রান।

অবশ্য ৩০ রানে ৩ উইকেট হারানোর পর পথ হারানোর ভয়ই হয়তো  পেয়েছিল বাংলাদেশ। ৪ রানের ভেতর বারমুডা ম্যাচের সেঞ্চুরিয়ান শাহরিয়ার নাফীস এবং আফতাব আহমেদ কোনো রান না করেই ফিরে যান। দলকে ৩০ রানে রেখে ওপেনার তামিম ইকবালও ১১ রান করে রান আউট হয়ে গেলে ভয়াবহ বিপদে পড়ে যায় হাবিবুল বাশারের দল। সেখান থেকে দলকে উদ্ধারে সাকিবকে সঙ্গে নিয়ে অধিনায়ক নিজেই রেখেছেন অগ্রণী ভূমিকা। চতুর্থ উইকেটে তাদের ১৩২ রানের পার্টনারশিপ বড়ো সংগ্রহের ভিত গড়ে দেয় বাংলাদেশকে। ৭৫ বলে সাত বাউন্ডারির মারে ৫৭ রান করে হাবিবুল বিদায় নিলেও সাকিব শেষপর্যন্ত ছিলেন। এবং আশরাফুলকে নিয়ে পঞ্চম উইকেট জুটিতেও যোগ করেছেন ১১৬ রান। ইনিংসের শেষ বলে আউট হওয়া আশরাফুল মাত্র ৪৫ বলে খেলেছেন ৬০ রানের বিধ্বংসী ইনিংস। তার এই ইনিংসে ছিল সাতটি বাউন্ডারি ও একটি ছক্কার মার। আর সাকিব ততোক্ষণে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিকও। গত বছর ভারতের জয়পুরে জিম্বাবুয়ের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাহরিয়ার নাফীসের অপরাজিত ১২৩ রান টপকে সাকিব বুধবার খেলেছেন অপরাজিত ১৩৪ রানের ইনিংস। ১৫২ বলে খেরা এই ইনিংসটি সাজানো ছিল ১৪টি বাউন্ডারি দিয়ে।

অ্যান্টিগার সেন্ট জোনসের রিক্রিয়েশন গ্রাউন্ড শুধু সাকিবের জন্যই নয়। স্মরণীয় হয়ে থাকবে হাবিবুলের জন্যও। এদিন অনন্য এক মাইলফলকেও পৌছেছেন বাংলাদেশ অধিনায়ক। এটা তার ১০০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। আর এই উপলক্ষ্যটা কী দারুণভাবেই না উদযাপন করলেন তিনি। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফলক পেরিয়েছেন তিনি। এজন্য তার দরকার ছিল ৩৭ রানের।