শোয়েব ও আসিফের জন্য অপেক্ষা না করার পরামর্শ মিয়াঁদাদের
এখনো পিসিবি’র উদ্যোগে করা ড্রাগ টেস্টে অংশ নেননি শোয়েব আখতার ও মোহাম্মদ আসিফ। তাছাড়া দু জনেই চোট সমস্যায় জর্জরিত। স্বাভাবিকভাবেই বিশ্বকাপে দুই সেরা বোলারের অংশগ্রহণ নিয়ে এ মুহূর্তে ভীষণ দুশ্চিন্তায় পাকিস্তান দল। ঠিক এমন একটা অস্বস্তিকর অবস্থায় জাভেদ মিয়াঁদাদের পরামর্শটা নিশ্চয়ই ভাল লাগবে না তাদের। কোনো রকম রাখ---ঢাক না করেই মিয়াঁদাদ জানিয়ে দিয়েছেন ইনজামামের দলের শোয়েব-----আসিফের জন্য অপেক্ষা না করাই উচিৎ! বরং পাকিস্তানের উচিৎ এই দু জনকে বাদ দিয়েই বিশ্বকাপে অংশ নেয়া।
ক্রিকেটার কিংবা কোচ হিসেবে সব সময়ই স্পষ্টবাদী ছিলেন তিনি। অনেকের মতেই পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যান মিয়াঁদাদের স্পষ্ট কথা বলার অভ্যাস আজো ম্লান হয়নি। শোয়েব----আসিফকে ঘিরে জন্ম নেয়া রহস্যময়তা একই সঙ্গে বিরক্ত ও ক্ষুব্ধ করে তুলেছে তাকে। এ সম্পর্কে কথা বলতে গিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক বিরক্তিটা লুকিয়েও রাখতে পারেননি,“তাদেরকে নিয়ে অনিশ্চয়তা জন্ম নেয়ায় আমার মনে হয় ওদেরকে মনে না রাখাই পাকিস্তানের জন্য সবচেয়ে ভাল হবে। বরং আরো স্পিনার খেলানোর নতুন কৌশল নিলেই ভাল হবে তাদের জন্য। যাদেরকে পাওয়া যাবে না তাদের পেছনে সময় নষ্ট করে কি লাভ?” ছয়টা বিশ্বকাপে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ মিয়াঁদাদের ধারণা, দানিশ কানেরিয়ার সঙ্গে আরেক জন স্পেশালিস্ট স্পিনার রাখলেই ভাল করতো পাকিস্তান,“ওরা লেগ স্পিনার দানিশ কানেরিয়াকে দলে রেখেছে। সেই সঙ্গে বাঁ হাতি স্পিনার আব্দুল রেহমানকেও রাখা উচিৎ ছিল। ওয়েস্ট ইন্ডিজের ধীর গতির পিচে তারা প্রতিপক্ষের সামনে হুমকি হয়ে দাঁড়াতে পারতো।” কানেরিয়া সুযোগ পেলেও বিশ্বকাপের ১৫ জনের দলে আব্দুল রেহমানকে রাখেনি পাকিস্তান।
এদিকে বৃহস্পতিবার শোয়েব ও আসিফকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে রওনা দিচ্ছে ইনজামামের দল। চিকিৎসার জন্য ইংল্যান্ডে থাকা আসিফ বৃহস্পতিবার ফিরতে পারেন দেশে। একই উদ্দেশে ইংল্যান্ডে যাওয়া শোয়েবের ফেরার কথা শুক্রবার। দু জনেরই মেডিকেল রিপোর্ট দেখে পিসিবি ঠিক করবে তাদের ওয়েস্ট ইন্ডিজে পাঠানো হবে কি না। তবে তার আগে ড্রাগ টেস্টে অংশ নিতে হবে দুই ফাস্ট বোলারকে।
