২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আম্পায়ারদেরও বেতন দেবে বিসিবি

ক্রিকেটারদের মতো এবার আম্পায়ারদেরও বেতন কাঠামোর আওতায় আনতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আপাতত সাতজন আম্পায়ারকে দুই শ্রেনীতে বেতনভুক্ত করার প্রস্তাব এখন বিসিবির রিক্রুটমেন্ট কমিটির সভায় অনুমোদনের অপেক্ষায়। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত বিভিন্ন সূত্র থেকে এসব তথ্য পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 07:28 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

প্রথম শ্রেনীতে থাকবেন বিসিবির আইসিসি প্যানেল আম্পায়াররা। নতুন প্যানেলে এনামুল হক মনি এবং নাদির শাহর সঙ্গে থাকছেন আখতারউদ্দিন শাহীন। জিয়াউল ইসলাম মাসুদকে বাদ দিয়ে প্যানেলে শাহীনকে আনা হচ্ছে। তাদের জন্য মাসিক ৩০ হাজার টাকা বেতন প্রস্তাব করা হয়েছে। আর দ্বিতীয় শ্রেনীতে অন্তর্ভূক্ত হতে যাওয়া জিয়াউল ইসলাম মাসুদ, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান এবং মঞ্জুর রহমানদের জন্য প্রস্তাব করা হয়েছে ২০ হাজার টাকা বেতন।

পর্যায়ক্রমে বেতনভোগী আম্পায়ারের সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা আছে বলেও জানা গেছে।  দেশে এখন অনেক সাবেক ক্রিকেটারই আম্পায়ারিং পেশায় নিজেকে নিয়োজিত করার কথা ভাবছেন। এই যেমন সাবেক টেস্ট ক্রিকেটার এনামুলের পদাঙ্ক অনুসরণ করে কিছুদিন আগে আম্পায়ারিংয়ে নাম লিখিয়েছেন আনিসুর রহমানও। বাংলাদেশ দলের এই সাবেক পেসারের মতো আরো অনেককেই উৎসাহিত করাই আম্পায়ারদের বেতনভোগী করার একমাত্র কারণ নয়। আম্পায়ার সংকটও একটা কারণ। যেকারণে একই আম্পায়ারকে অনেক ম্যাচে দিনের পর দিন দাঁড়াতে হয়। চাকরি নয় বিধায় অনেকে অপারগতাও প্রকাশ করে বিপদে ফেলেন বিসিবিকে। এখন সাতজনকে বেতন কাঠামোয় এনে অন্যদেরও আশায় রাখার পথও খুঁজে পেয়েছে বিসিবি। এতে সংকট যদি আগের চেয়ে কমে!