মাসুদ আউট শাহীন ইন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আইসিসি আম্পায়ার্স প্যানেলে পরিবর্তন আসছে। সাবেক টেস্ট ক্রিকেটার এনামুল হক মনি এবং নাদির শাহদের পারফরম্যান্স নিয়ে কোনো অভিযোগ নেই। এই দুই ফিল্ড আম্পায়ারের সঙ্গে সর্বশেষ প্যানেলে থাকা টিভি আম্পায়ার জিয়াউল ইসলাম মাসুদ বাদ পড়েতে যাচ্ছেন। কারণ তার পারফরম্যান্স সন্তোষজনক নয়। এমনকি গত ডিসেম্বরে দেশের মাটিতে হওয়া জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালেও তার ব্যাপারে অভিযোগ করে যাওয়ায় ঘোষিত হতে যাওয়া নতুন প্যানেলে থাকছেন না এই সাবেক পেস বোলার। বিসিবির আম্পায়ারিংয়ের ব্যাপার স্যাপারগুলো দেখে আসা লোকদের কাছ থেকেই এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। মাসুদের জায়গায় তিনজনের প্যানেলে ঢুকছেন আখতারউদ্দীন শাহীন।
পারফরম্যান্স সুবিধের না হওয়ায় এর আগের প্যানেল থেকে শাহীনও বাদ পড়েছিলেন। তার জায়গায় এই মাসুদই ঢুকেছিলেন। সেবার ফিল্ড আম্পায়ার থাকলেও এবার টিভি আম্পায়ার হিসেবেই বাংলাদেশের আইসিসি প্যানেলে আসছেন শাহীন। প্রসঙ্গত জিম্বাবুয়ে সিরিজের এক ম্যাচে সাত বলের ওভারও হয়। এ ব্যাপারে আগে থেকেই মাঠের আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণের দায়িত্ব ছিল টিভি আম্পায়ার মাসুদের। কিন্তু তিনি সেটা না করাতে ম্যাচ রেফারি মাদুগালে ভীষণ চটেছিলেন তার ওপর। ফিরে যাওয়ার আগে তিনি বিসিবির কাছে মাসুদকে নতুন প্যানেলে না রাখার সুপারিশও করে গেছেন বলে জানা গেছে।
