২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতা ছাড়ার মাসেও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রীর বিতর্কিত নিয়োগ

ঠিক ক্ষমতা ছাড়ার আগেই একসঙ্গে ৫৫ জনকে নিয়োগ দিয়ে গেছেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। এর মধ্যে ২৬ জনই হচ্ছে তার নিজের জেলা নাটোরের লোক। সুতরাং মন্ত্রী হিসেবে পটলের সর্বশেষ নিয়োগ প্রক্রিয়াটিও পুরোপুরি প্রশ্নবিদ্ধ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 06:35 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

এদের মধ্যে আছে সহকারী স্টেডিয়াম প্রশাসক, অফিস সহকারি, সহকারী মাঠ------তত্ত্বাবধায়ক, লিফট অপারেটর এবং সবচেয়ে বেশি ৪৩ জন নিরাপত্তা প্রহরী। কিন্তু ক্রীড়া মন্ত্রণালয়ে এই নিয়োগ নিয়ে উঠেছে একটা প্রশ্ন , কাজ আছে বলেই লোক নেয়া হয়েছে নাকি শুধু কিছু লোকের কর্মসংস্থানের স্বার্থে এই নিয়োগ? ব্যাপারটি মন্ত্রণালেয়র উচ্চ পর্যায়ে বেশ আলোচিত হয়েছে বলেই জানা গেছে। কারণ নিয়োগের সময়কাল হচ্ছে গত বছর ১৫ আগস্ট থেকে ৮ অক্টোবর। আক্টোবরের ২৮ তারিখ ছিল বিএনপি সরকারের মেয়াদকালের শেষ দিন, মানে ক্ষমতা ছাড়ার মাসেও নিয়োগ হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। তাই আসলে তাদের কাজ আছে কিনা, এই সন্দেহটা বড় হয়ে দেখা দিয়েছে। 

তাদের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের মাসে প্রায় আড়াই লাখের মতো খরচ হয়। কিন্তু যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী পরিষদের ব্যয় সংকোচন এবং কর্মচারীর সংখ্যাও সীমিত রাখার ওপর জোর দিয়েছেন বলে ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে। এই বিতর্কিত নিয়োগের ব্যাপারটা তার নজরে আসার পরই ক্রীড়া পরিষদের কর্মচারীদের নিয়োগ ও বেতনের স্বচ্ছ্বতা নিরূপনের জন্য ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটা ছক পাঠানো হয়েছে কয়েকদিন আগে। 

অবশ্য ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশাসন) শাহনেওয়াজ চৌধুরী বলেছেন, “পে-----রোলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।” পে------ রোলে নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২০ জনের কর্মক্ষেত্র ঢাকায়------জাতীয় ক্রীড়া পরিষদ এবং বিভিন্ন স্থাপনায়। তবে লিফট অপারেটর হিসেবে পরিষদ টাওয়ারে ঢাকার মহসিন আহমেদ ও নাটোরের মাহবুবুর রহমানকে নিয়োগ দেওয়া হলেও টাওয়ারে গিয়ে তাদের সন্ধান মেলেনি। সেখানে কবির নামের একজনকে লিফট অপারেটরের দায়িত্ব পালন করতে দেখা গেছে এবং তিনি এই কাজ করছেন কয়েক মাস ধরেই।

বাকি ৩৫ জনের কর্মক্ষেত্র ঢাকার বাইরে। পরিষদ পরিচালক শাহনেওয়াজ চৌধুরী বলেছেন, “ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় আমাদের তিনটি অফিস এবং বিভাগীয় স্টেডিয়ামগুলোতে কিছু কেয়ারটেকার নিয়োগ দেওয়া হয়েছে।” কিন্তু প্রশ্নটি হচ্ছে, ঢাকার বাইরের স্থাপনায় কেন জাতীয় ক্রীড়া পরিষদ লোক নিয়োগ করবে। জেলা স্টেডিয়ামগুলোতে যেহেতু জেলা ক্রীড়া সংস্থা নিয়োগ করে এবং তাদের তত্ত্বাবধানেই চলে, সেক্ষেত্রে বিভাগীয় স্টেডিয়ামগুলোর দায়িত্ব বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোকে কেন দেওয়া হয়নি, তাও নাকি জানতে চেয়েছেন ক্রীড়া উপদেষ্টা। 

নিয়োগের মূল কাজটি হয়েছে যার হাত দিয়ে হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের প্রশাসনের দায়িত্বে থাকা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী নিশ্চিত করেছেন, কোনো বিজ্ঞাপন দিয়ে ৫৫ জনের নিয়োগ হয়নি। সেখানে ২৬ জন নাটোর থেকে কেন ? তার জবাব, “সাবেক মন্ত্রী তার এলাকার লোকদেরই হয়তো গুরুত্ব দিয়েছেন। তার জায়গায় আমি হলেও হয়তো তাই করতাম। এটা আর এমন কী।”

শাহনেওয়াজ চৌধুরীর কাছে এটা ক্ষুদ্র হলেও ক্রীড়া উপদেষ্টার কাছে এটা বড় বিষয়ই।