২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাবিবুলের দুই হাজার রান, সাকিব এগুচ্ছেন সেঞ্চুরির দিকে বাংলাদেশ ৩৬ ওভারে ১৬২/৩

নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দিকে এগুচ্ছেন সাকিব আল হাসান। আর তাকে সঙ্গে নিয়ে কানাডার বিপক্ষে বাংলাদেশের প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলে নেওয়া হাবিবুল বাশার করে ফেলেছেন ফিফটি। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন ১১৯ রানের পার্টনারশিপে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে বড়ো সংগ্রহের দিকেই এগুচ্ছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে টসে হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ। সাকিব আল হাসান সাত বাউন্ডারির মারে ৮৩ রান নিয়ে ব্যাট করছিলেন। আর হাবিবুলের ৫৭ রানের ইনিংসে বাউন্ডারি আছে ছয়টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2007, 10:02 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

অ্যান্টিগার সেন্ট জোনসের রিক্রিয়েশন গ্রাউন্ডে এদিন অনন্য এক মাইলফলকেও পৌছেছেন বাংলাদেশ অধিনায়ক। এটা তার ১০০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। আর এই উপলক্ষ্যটা কী দারুণভাবেই না উদযাপন করলেন তিনি। প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে দুই হাজার রানের মাইলফলক পেরিয়েছেন তিনি। এজন্য তার দরকার ছিল ৩৭ রানের।

এর আগে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। মাত্র চার রানের ভেতর বারমুডা ম্যাচে সেঞ্চুরি করা শাহরিয়ার নাফীস ও আফতাব আহমেদ কোনো রান না করেই আউট হয়ে যান। এরপর ওপেনার তামিম ইকবালও ১১ রান করে দলকে ৩০ রানে রেখে রান আউট হয়ে গেলে ভয়াবহ বিপদের আভাস পেতে থাকা বাংলাদেশকে পার করে নিয়ে গেছে সাকিব আর হাবিবুলের ব্যাটিং।