২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ম্যাচের কথা মাথায় রেখে এ'তোকে বিশ্রাম

সামনেই তিন তিনটা গুরুত্বপূর্ণ ম্যাচ। আগামী শনিবার স্প্যানিশ ‘প্রিমেরা লিগা’য় থাকা সেভিয়া, মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল এবং এর পর চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই। এমন কঠিন তিন ম্যাচে স্বাভাবিকভাবেই স্যামুয়েল এ'তোর ভাল পারফরম্যান্সের দিকে অধীর আগ্রহে তাকিয়ে বার্সেলোনা। আর সেজন্যই বুধবার রিয়াল জারাগোজার বিপক্ষে স্প্যানিশ কিংস কাপের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে এ'তোকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2007, 09:22 PM

Updated : 26 Apr 2022, 02:05 PM

সিদ্ধান্তটা না নিয়ে অবশ্য উপায়ও ছিল না বার্সেলোনা কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ডের। ক্লাবের চিকিৎসকরা এ'তোকে পরিপূর্ণভাবে পাওয়ার স্বার্থে এই পরামর্শ দিয়েছেন তাকে। হাঁটুতে অস্ত্রোপচারের ধকল সামলে প্রায় চার মাস পর প্রথম একাদশে প্রত্যাবর্তনটা দুর্দান্তই হয়েছে ক্যামেরুনের এই তারকা স্ট্রাইকারের। গত রোববার স্প্যানিশ লিগে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে একটি গোল করা ছাড়াও ‘বার্সা’র অন্য দুই গোলেও বড় অবদান রেখেছেন তিনি। কিন্তু সেদিন ৬৬ মিনিট পর্যন্ত মাঠে থাকলেও স্প্যানিশ চ্যাম্পিয়নদের চিকিৎসকরা বুধবারের ম্যাচটাতে এ'তোকে বিশ্রাম দেয়ারই পক্ষে। মঙ্গলবার তারা গত মৌসুমের সর্বোচ্চ গোলদাতার হাঁটু পরীক্ষা করে জানিয়েছেন, তার সেরে ওঠার অগ্রগতি খুবই ‘ইতিবাচক’। তবে এখনই জোরে দৌড়াতে নিষেধও করেছেন তারা। আর তারপরই বুধবারের ম্যাচে দলের বাইরে রাখার ঐ পরামর্শ। জারাগোজার সঙ্গে ঘরের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে ১-----০ গোলে জয় পেলেও ফিরতি লেগ তাই এ'তোকে ছাড়াই খেলতে হবে  বার্সেলোনাকে। রাইকার্ড সেজন্য বেশ দুঃখিতই,“আমরা চিকিৎসক দল ও খেলোয়াড়ের (এ'তো) সঙ্গে কথা বলেছি। তারপর সবাই মিলে তাকে দলে না রাখার সিদ্ধান্তটা নিয়েছি। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কিন্তু এছাড়া আর তো কোনো উপায়ও নেই।”