তবু অস্ট্রেলিয়াকে নিয়ে আশাবাদী মাইকেল হাসি
টানা ৫ ম্যাচে পরাজয়, নিউজিল্যান্ডের কাছে চ্যাপেল----হ্যাডলি সিরিজে হোয়াইটওয়াশ, আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান থেকে পতনÑÑÑএত সব ‘দুর্ঘটনা’র পর অস্ট্রেলিয়ার সেই বিশ্বজয়ী চেহারা এখন অনেকটাই ম্লান।
বিশ্বকাপে তাদের সম্ভাবনা নিয়ে যত প্রশ্নই উঠুক না কেন, মাইকেল হাসি কিন্তু অস্ট্রেলিয়া দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। নিউজিল্যান্ড তার নেতৃত্বেই প্রায় এক দশক পর কোনো ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলেও দল নিয়ে হাসি দারুণ আশাবাদী। সেই আশা পূরণের পথে তার হিসাবে বাধা হলো চারটি দল। এই চারটি দলের একটি অবশ্যই অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে র্যাংকিংয়ের শীর্ষে ওঠা দক্ষিণ আফ্রিকা। বাকি তিন দল পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ান ক্রিকেটকে সদ্য কলঙ্কিত করা নিউজিল্যান্ড।
ব্রেট লি’র বিশ্বকাপে খেলার সম্ভাবনা শেষ। কাঁধে অস্ত্রোপচার করানো অ্যান্ড্রু সাইমন্ডসের সামনেও প্রথম কয়েকটা ম্যাচ মিস করার আশঙ্কা। সাম্প্রতিক দুরাবস্থা ছাড়াও বিশ্বকাপের অনিঃশেষ চাপ তো আছেই। তবু অস্ট্রেলিয়া দল নিয়ে হাসির কণ্ঠে আত্মবিশ্বাস ও আশাবাদের মিশ্রণ। এই বাঁহাতি ব্যাটসম্যানের দৃঢ় বিশ্বাস, অতীতের মতো এবারো চাপের মুখে জ্বলে ওঠার ‘ঐতিহ্য’ বজায় রাখবে রিকি ,“এমনিতেই আন্তর্জাতিক ক্রিকেট মানে চাপ আর চাপ। তার ওপরে এটা তো বিশ্বকাপ। এখানে প্রত্যেকের ওপরেই চাপ থাকে। তবে আমরাও সেদিকেই তাকিয়ে আছি। আমার ধারণা অস্ট্রেলিয়া দলটার চাপের মধ্যে জ্বলে ওঠার সহজাত ক্ষমতা রয়েছে। আর তাই আমি বিশ্বাস করি অস্ট্রেলিয়াকে সেরা ফর্মেই দেখা যাবে এই বিশ্বকাপে।”তারপর সেই চারটি দল সম্পর্কে গেছেন বিস্তারিত মুল্যায়নে,“আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা অত্যন্ত সুসংগঠিত একটি দল। শ্রীলঙ্কাও হয়ে উঠতে পারে বিপজ্জনক। নিজেদের দিনে বিপজ্জনক পাকিস্তানও। আর কিউইরা (নিউজিল্যান্ড) অনেক দিন ধরেই ওয়ানডেতে ধারাবাহিকভাবে ভাল খেলছে।”
তবে অস্ট্রেলিয়া দল নিয়ে হাসির মুখে যতই আশার কথা শোনা যাক না কেন, কোনো কোনো সাবেক তারকা বিশ্বকাপে তাদের ভাল পারফরম্যান্স সম্পর্কে সন্দিহান। তাদেরই এক জন ব্যারি রিচার্ডস। দক্ষিণ আফ্রিকার এই ‘গ্রেট’ ব্যাটসম্যানের ধারণা, অস্ট্রেলীয় ক্রিকেট এখন পতনের দিকেই এগিয়ে যাচ্ছে,“ইংল্যান্ড অস্ট্রেলিয়ায় ত্রিদেশীয় সিরিজ জেতার পর অনেকেই বলেছে যে অস্ট্রেলিয়া আরো দুর্দান্তভাবেই ফিরে আসবে বিশ্ব ক্রিকেটে। কিন্তু আমার তা মনে হয় না। কয়েকটা দল নিশ্চয়ই লক্ষ্য করেছে যে অস্ট্রেলিয়ার বেশ কয়েক জন তারকা খেলোয়াড় তাদের ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। তারাও এখন বিশ্বাস করে যে অস্ট্রেলীয়দের হারানো অসম্ভব কিছু নয়। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের পক্ষে তো খুবই সম্ভব।”
অর্থাৎ যে দুটো দল নিয়ে হাসির মনে দুশ্চিন্তা তাদের কথা উঁকি দিয়েছে ব্যারি রিচার্ডসের মনেও! এবারের বিশ্বকাপে পন্টিংয়ের বিশ্ববিজয়ী দলটির সামনে আসলেই অপেক্ষা করছে বাধার পাহাড়।
