গত বিশ্বকাপের বদলা এবং শিরোপা-----কানাডার বিপক্ষে বাংলাদেশের দুটো লক্ষ্য
প্রত্যেক দল মাত্র দুটো করে ম্যাচ খেলছে। তবুও তিনটি দেশের অংশগ্রহণ বলে নাম হয়ে গেছে ত্রিদেশীয় সিরিজ। তাতে বাংলাদেশ বারমুডাকে ৮ উইকেটে উঁড়িয়ে দিলেও কানাডার জয় কষ্টার্জিত। সোমবার তারা মাত্র ৩ উইকেটে হারিয়েছে ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশটিকে। তবু দু----দলেরই যখন একটি করে জয় তখন আজকের ম্যাচে যে জিতবে সে----ই চ্যাম্পিয়ন। আর সে হিসেবে বাংলাদেশ----কানাডা আজকের ম্যাচটি এক অর্থে ফাইনাল।
অ্যান্টিগার সেন্ট জোনসের রিক্রিয়েশন গ্রাউন্ডে বুধবার বাংলাদেশের মুখোমুখি হওয়ার সময় তাই ত্রিদেশীয় সিরিজের শিরোপার দাবি থাকবে কানাডারও। বাংলাদেশ যেমন ভারত ও শ্রীলঙ্কাকে একবার করে হারানোর অভিজ্ঞতা থেকে বিশ্বকাপেও তাদের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখতে পারছে, তেমনি কানাডারও না পারার কারণ নেই। বাংলাদেশকে হারিয়ে গত বিশ্বকাপের প্রথম চমকটা তো উপহার দিয়েছিল তারাই।
এই ফাইনালের আগে কানাডাকে একবার দেখে নেওয়ার ইচ্ছা ছিল হাবিবুল বাশারের। দেখলে বোঝা যেত চার বছরে সেই দলটা কতোটা পাল্টেছে। কিন্তু দেখা হয়নি বাংলাদেশ অধিনায়কের। না দেখলেও তার জানার চাহিদা ঠিকই মিটেছে। মিটিয়েছেন গত বিশ্বকাপে কানাডার কোচের দায়িত্ব পালন করা গাস লোগি। এই ক্যারিবীয় গ্রেট এখন বারমুডার কোচ। তার কাছ থেকে জেনে এখনকার কানাডা সম্পর্কে অ্যান্টিগা থেকে ফোনে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট টাইগার ক্রিকেট ডটকমকে হাবিবুল জানিয়েছেন সবিস্তারে,“কানাডার খেলা একদমই দেখা হয়নি। তবে না দেখলেও গাস লোগির কাছ থেকে কিছুটা ধারনা পাওয়া গেছে। তিনি বলেছেন কানাডার এই দলটা নাকি ২০০৩ এর বিশ্বকাপে খেলা দলের চেয়েও ভালো। তাই মনে হচ্ছে প্রতিপক্ষ হিসেবে ওরা একেবারে খারাপ হবে না।”
তবে বাংলাদেশ দলের জন্য একটা খারাপ খবরও আছে। অবশ্য এখনো সেটাকে গুরুতর কিছু ভাবার পক্ষপাতী নয় টিম ম্যানেজমেন্ট। দলের মূল স্টাইক বোলার মাশরাফি বিন মর্তুজা ভুগছেন কোমরের ব্যথায়, তাই কানাডার বিপক্ষে ম্যাচেও তাকে খেলাটা নিশ্চিত নয়। তার ব্যাপারে জানাতে গিয়ে হাবিবুল বলছেন,“মাশরাফির পায়ের সমস্যা কেটে গেলেও কোমরে এখন আবার সামান্য ব্যথা অনুভব করছে বলে অভিযোগ করেছে। যদিও ফিজিও আমাদের তেমন কোনো সমস্যা নয় বলে আশ্বস্ত করেছেন। তারপরও আজ (মঙ্গলবার) প্র্যাকটিস আছে। কানাডা ম্যাচের দল ঠিক করার আগে প্র্যাকটিসে আমরা ওকে আরেকবার দেখে নিতে চাই।” মাশরাফির খেলার বিষয়টা নিশ্চিত করতে না পারলেও জানিয়ে দিয়েছেন এ ম্যাচে তার নতুন বলের সঙ্গী শাহাদাত হোসেন রাজীব খেলছেনই। তাকে জায়গা দিতে বাদ পড়েবন কে, এটা অবশ্য জানাননি বাংলাদেশ অধিনায়ক। জানা গেছে ব্যাটিংয়ে এ ম্যাচে কোনো পরিবর্তনই আনা হবে না। মাশরাফিও খেলতে পারলে হিসাব পরিষ্কার --- ড্রেসিং রুমে বসে এ ম্যাচ দেখতে হবে তাপস বৈশ্য এবং সৈয়দ রাসেলকে।
একাদশ যাই হোক না কেন, বাংলাদেশ গত বিশ্বকাপে হারের জ্বালা জুড়ানোর জন্যই নামবে। সেটা জুড়ানো গেলে একেবারে নতুন একটা জিনিসের সাক্ষাৎও পাবে। এর আগে তো কখনো কোনো ত্রিদেশীয় সিরিজ জেতা হয়নি!
