শোয়েব---আসিফকে নিয়ে অনিশ্চয়তা, তবু আত্মবিশ্বাসী ইনজামাম
পিসিবি’র কর্মকর্তারা ড্রাগ টেস্ট ফাঁকি দেয়া ক্রিকেটারদের বিশ্বকাপে না নিয়ে যাওয়ার সিদ্ধান্তে প্রায় অটল। আর তাই শোয়েব আখতার এবং মোহাম্মদ আসিফ তাই বিশ্বকাপ মিস করার আশংকার সামনে দাঁড়িয়ে কারণ এখনো পর্যন্ত তারা দুজন অংশ নেননি ড্রাগ টেস্টে। তবে কর্মকর্তারা যা-ই বলুন না কেন, ইনজামাম-উল হক কিন্তু তার সেরা দুই বোলিং অস্ত্রকে ক্রিকেটের সেরা আসরে পেতে ভীষণভাবে আগ্রহী। শোয়েব---আসিফসহ পুরো দলকে পেলে এমনকি ওয়েস্ট ইন্ডিজ থেকে ট্রফি নিয়ে ফেরার ব্যাপারেও আত্মবিশ্বাসী পাকিস্তান অধিনায়ক। তবে ইনজামামের সেই আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরাতে পারে একটা দুঃসংবাদ। সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্র্যাকটিসের সময় হাঁটুতে চোট পাওয়ায় শেষ হয়ে গেছে আব্দুল রাজ্জাকের বিশ্বকাপে খেলার আশা।
শোয়েব হাঁটু ও আসিফ কনুইয়ের চোটের চিকিৎসার জন্য এখন ইংল্যান্ডে। পিসিবি’র উদ্যোগে করা ড্রাগ টেস্টে তাই অংশ নিতে পারেননি দু জনের কেউই। যদিও পাকিস্তানের মিডিয়ার ধারণা শরীরে আর ন্যানড্রোলনের অবশিষ্টাংশ আছে কি না তা জানার জন্যই তারা গোপনে সেখানে ড্রাগ টেস্টে অংশ নিয়েছেন। তবে মিডিয়ার এ সব জল্পনাকে পাত্তা দিতে রাজি নন ইনজামাম। তার দৃঢ় বিশ্বাস শোয়েব----আসিফ চোট সারানোর জন্যই ইংল্যান্ডে গিয়েছেন। আর সেখান থেকেই দু জনকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছাতে চান পাকিস্তান অধিনায়ক,“তাদের (শোয়েব ও আসিফ) চোট সংক্রান্ত চিকিৎসকের রিপোর্ট দিন দুয়েকের মধ্যেই হাতে পেয়ে যাব আমরা। যেহেতু আমরা লন্ডন হয়ে যাব তাই সেখান থেকেই ওরা দলের সঙ্গে যোগ দিতে পারে।” আর এ দু জনকে সঙ্গে পেলে পাকিস্তানের পক্ষে যে বিশ্বকাপ জেতা সম্ভব সেটা বেশ জোর গলায়ই জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক,“আমার সামনে এখন একটাই লক্ষ্য। তা হল বিশ্বকাপ জয়। আমাদের দলে ভারসাম্য আছে যথেষ্ট। এই দলের ভাল করার ব্যাপারে আমি দারুণ আত্মবিশ্বাসী।”
কিন্তু রাজ্জাকের দুঃসংবাদটা শুনে সেই আত্মবিশ্বাস কি একটু টলে যাবে না? বিশ্বকাপে এই অলরাউন্ডারকে না পাওয়ার হতাশা লুকাননি ইনজামাম,“এটা আমাদের জন্য এক বিরাট ধাক্কা। কারণ রাজ্জাক আমাদের দলের অন্যতম সেরা খেলোয়াড়।” অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যাওয়া রাজ্জাকের এই ‘দুর্ঘটনা’য় কপাল খুলে গেছে আরেক অলরাউন্ডার আজহার মেহমুদের। রাজ্জাকের জায়গায় নেয়া হয়েছে তাকে।
যাহোক, এই দুঃসংবাদের পাশাপাশি একটা সুসংবাদও আছে পাকিস্তানের জন্য। পায়ের চোটের জন্য একটি ম্যাচ না খেলেই দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে আসা উমর গুল এখন সম্পূর্ণ সুস্থ। বিশ্বকাপে তার খেলার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছেন চিকিৎসকরা। নেটেও পুরোদমে বল করছেন ২৪ বছর বয়সী এই পেসার।
