বিশ্বকাপে স্বাগতিকদের ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে চান লারা
যে কোনো খেলাতেই স্বাগতিক দল একটা বাড়তি সুবিধা পেয়ে থাকে সাধারণত। নিজেদের মাঠে পরিচিত পরিবেশে, সমর্থনপুষ্ট হয়ে প্রতিপক্ষের সামনে দাঁড়ানোর সুবিধা কিন্তু বিশ্বকাপ ক্রিকেটে আজ পর্যন্ত সেভাবে নিতে পারেনি কোনো দেশ।
১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কা জয়োৎসবে মেতে উঠেছিল বটে, তবে সেবার অর্জুনা রানাতুঙ্গার দল ছিল টুর্নামেন্টের সহ---স্বাগতিক। ফাইনালটাও হয়েছিল পাকিস্তানের লাহোরে। বিশ্বকাপে স্বাগতিকদের ব্যর্থতার মিছিলে এবার কি যতি পড়বে? গোটা ক্রিকেট দুনিয়া যতই অবিশ্বাসে মাথা নাড়–ক না কেন, ব্রায়ান লারা কিন্তু তার দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের আশা, বিশ্বকাপে স্বাগতিকদের ব্যর্থতার ‘ঐতিহ্য’ ভেঙ্গে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উৎসবের আলো ছড়িয়ে পড়বে এবার।
একের পর এক পরাজয়ে ওয়েস্ট ইন্ডিজ যখন হতদ্যোম, নিরাশার অন্ধকারে নিমজ্জিত ঠিক তখনই তৃতীয় বারের মতো অধিনায়কত্বের দায়িত্ব পান তিনি। লারার নেতৃত্বে ক্যারিবীয়রা সাফল্যের চূড়ায় আরোহণ করতে না পারলেও তাদের অর্জনও কিন্তু একেবারে কম নয়। বিশেষ করে ওয়ানডেতে। গত অক্টোবরে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার ঠিক আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে (অন্য দুই দল অস্ট্রেলিয়া ও ভারত) রানার্সআপ হওয়া তাদের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতই দিয়েছে। আর সেজন্যই ঘরের মাঠে অনুষ্ঠেয় ক্রিকেটের ‘মহাযজ্ঞ’ আশাবাদী করে তুলেছে লারাকে। তবে আপাতত লক্ষ্যটাকে সেমিফাইনাল পর্যন্ত নির্ধারণ করে রেখেছেন তিনি,“আমরা সেমিফাইনালে যাওয়ার আশা করছি। আর তার পরে আরো সামনে যাওয়াই আমাদের লক্ষ্য।” দেশের মাটিতে তাদের ভাল পারফরম্যান্সের জন্যই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের এই আশাবাদ,“দেশের মাটিতে আমাদের খুবই ভাল রেকর্ড। আমাদের খেলোয়াড়রাও এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দিকে অধীর আগ্রহে তাকিয়ে। আমাদের দলটা ভারসাম্যপূর্ণ এবং বিশ্বকাপের জন্য পুরোপুরি প্রস্তুত। ভাল করার মতো সক্ষমতাও রয়েছে আমাদের।”
আগামী ২ মে ৩৮ বছর পূর্ণ হবে তার। অর্থাৎ এটাই তার শেষ বিশ্বকাপ। সেই শেষ বিশ্বকাপে কি স্বদেশবাসীর মনে উৎসবের রং ছড়াতে পারবেন লারা? যেমন ছড়িয়েছিলেন টেস্টে ৩৭৫ ও অপরাজিত ৪০০ এবং কাউন্টিতে ওয়ারউইকশায়ারের হয়ে অপরাজিত ৫০১ রানের তিনটি অবিস্মরণীয় ইনিংস খেলে। উত্তরটার আরো কিছুদিন অপেক্ষায় থাকতেই হচ্ছে ক্রিকেটামোদীদের!
