২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগে একই দিনে চার সেঞ্চুরি

ইস্পাহানি মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের প্রথম দিনটা রীতিমতো সেঞ্চুরিময়। সোমবার সেঞ্চুরি করেছেন চারজন --- ঢাকার আনোয়ার হোসেন ও সাজ্জাদ কাদির, সিলেটের গোলাম মাওলা এবং চট্টগ্রামের গাজী সালাউদ্দিন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2007, 09:04 PM

Updated : 26 Apr 2022, 02:04 PM

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে রান আউটের দুর্ভাগ্যে কাটা না পড়লে ডাবল সেঞ্চুরির দেখাও পেয়ে যেতে পারতেন সালাউদ্দিন। প্রথম দিনেই  সেটার দেখা পাওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হচ্ছিল ক্রমশ। দলকে ২৯৪ রানে রেখে হান্নান সরকারের থ্রোতে রান আউট হওয়ার সময় এই ওপেনারের রান ১৬৫। ২২৭ বলের ইনিংসে ২৭ টি বাউন্ডারি হাকানো সালাউদ্দিন ছক্কাও মেরেছেন একটা। পরে তার দল দিন শেষ করেছে ৩ উইকেটে ৩৬৩ রান তুলে। দুই অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক নাজিমউদ্দিন এবং অধিনায়ক এহসানুলের রান যথাক্রমে ৫৩ ও ৪৪।  তবে প্রথম দিনে দলকে অনেকটাই প্রতিপক্ষের সাধ্যসীমার বাইরে নিয়ে যাওয়ায় ইলিয়াস সানির অবদানের কথাও না বললে নয়। সালাউদ্দিনের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৭৩ রানের পার্টনারশিপে তার অবদান ৭৪ রান।

চট্টগ্রামের মতো প্রথমদিনে চালকের আসনে বসেছে ঢাকাও। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামে তারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রাজশাহীর বিপক্ষে দিনশেষে ৬ উইকেটে তুলেছে ৩২৯ রান। আগের রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে সেঞ্চুরি (১০৮ রান) করা আনোয়ার হোসেনের ব্যাট হাতে সুসময় অব্যাহত এ ম্যাচেও। ১০৫ রান করেছেন তিনি। তবে মঙ্গলবার দ্বিতীয় দিনে ঢাকার ইনিংসকে রানচূড়ায় নিয়ে যাওয়ার দায়িত্বটা এখন উইকেটকিপার ব্যাটসম্যান সাজ্জাদ কাদিরের কাঁধে। কারণ তিনি অপরাজিত আছেন ১১৪ রানে।

গোলাম মাওলার সেঞ্চুরি সত্ত্বেও খুলনা বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে খুব বেশিদূর যেতে পারেনি সিলেটের প্রথম ইনিংস। অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় তারা ২৮৪ রানে শেষ হয়ে গেলেও গোলাম মাওলা ১০৬ রান করে অপরাজিত ছিলেন। শুন্য রানে প্রথম উইকেট হারানোর পর সাঈফ মাহমুদ (৩৫) ও অধিনায়ক অলক কাপালির (৬০) ৯৪ রানের পার্টনারশিপের পর মনেই হয়নি তিনশোও ছোঁবে না সিলেটের প্রথম ইনিংস। তবে ব্যাটসম্যানদের দিনে ব্যতিক্রম হয়ে আছেন একজন বোলারও। ১০৬ রানে ৫ উইকেট নিয়ে সিলেটকে আয়ত্বের বাইরে যেতে দেননি দিনশেষে বিনা উইকেটে ১০ রান তোলা খুলনার হুমায়ুন কবীর।