এ‘তোকে ফিরে পেয়ে পুরনো চেহারায় বার্সেলোনা
স্যামুয়েল এ'তো ফিরতেই পুরনো চেহারায় বার্সেলোনা! সেই আগের মতো উজ্জীবিত, অনুপ্রাণিত, আত্মবিশ্বাসী। প্রিয় সতীর্থকে পাশে পেয়ে রোনালদিনহোর পায়েও অনুদিত হল প্রতিপক্ষ ডিফেন্সকে গুঁড়িয়ে দেয়ার অদম্য ইচ্ছা। আর সব কিছুর যোগফল স্প্যানিশ ‘প্রিমের লিগা’য় অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ‘বার্সা’র ৩----০ গোলের সহজ জয়। তিন গোলের শেষটি করেছেন এ'তো।
দ্বিতীয়টি তার হেড থেকেই জাভির মাধ্যমে পেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। প্রথমটা আত্মঘাতী হলেও তাতে বড় ভূমিকা ছিল ‘লা লিগা’র গত বারের সর্বোচ্চ গোলদাতা এ'তোর। সব মিলিয়ে হাঁটুতে অস্ত্রোপচারের পর প্রথম বারের মতো প্রথম একাদশে থাকা এই ক্যামেরুনিয়ান স্ট্রাইকারের রাজসিক প্রত্যাবর্তনই হল ফুটবলাঙ্গনে। এমন দুর্দান্ত পারফরম্যান্স কোচ ফ্র্যাঙ্ক রাইকার্ড ও রোনালদিনদোর সঙ্গে তার ঝামেলাকেও মাটিচাপা দিল এক ঝটকায়।
তবে শুধু এ'তোই নন, রোববার বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন রোনালদিনহোও। তার মুটিয়ে যাওয়া ও বাজে পারফরম্যান্স নিয়ে স্প্যানিশ মিডিয়ায় যে গুঞ্জন, তা-ও যেন এই ম্যাচের পারফরম্যান্সে উধাও হওয়ার যোগাড়। পুরো মাঠ জুড়ে খেলে অবিরাম তো করেছেনই, কখনো কখনো নিচে নেমে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতেও দ্বিধা করেননি দু বারের ফিফা বর্ষসেরা ফুটবলার। দলের বড় দুই তারকার চোখধাঁধানো পারফরম্যান্সের দিনে দুটো সুখবরও পেয়েছে ‘বার্সা’। শিরোপা প্রত্যাশী দুই দল ভ্যালেন্সিয়া ও সেভিয়া ড্র করেছে এদিনই। ভ্যালেন্সিয়াকে ১----১ গোলে জিমন্যাস্টিক এবং সেভিয়াকে গোলশূন্যভাবে গেটাফে রুখে দেয়াতে বার্সেলোনা দারুণভাবে লাভবান। ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়েই তারাই এখন এককভাবে লিগের শীর্ষে। ২ পয়েন্ট কম নিয়ে সেভিয়ার অবস্থান দ্বিতীয়। ভ্যালেন্সিয়া ও আগের দিন ‘মাদ্রিদ ডার্বি'তে অ্যাটলেটিকোর সঙ্গে ১----১ গোলে ড্র করা রিয়াল মাদ্রিদের সংগ্রহ ৪৩ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে ভ্যালেন্সিয়া।
যদিও প্রতিপক্ষ রেলিগেশনের আতঙ্কের সামনে থাকা বিলবাও, কিন্তু ঘরের মাঠ ন্যু ক্যাম্পে হাসিমুখে ম্যাচটা শুরু করতে পারেনি স্প্যানিশ চ্যাম্পিয়নরা। স্প্যানিশ লিগে ভ্যালেন্সিয়া ও চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের কাছে টানা দু ম্যাচে পরাজয়ই ‘বার্সা’র বিষন্নতার কারণ হয়ে দাঁড়িয়েছিল গত কয়েক দিনে। সেই মেঘ কেটেছে ২২ মিনিটের সময়। ডান দিক থেকে আসা লুদোভিক জুলির গড়ানো বল বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই জড়িয়ে দিয়েছেন বিলবাও ডিফেন্ডার অ্যামোরেবিয়েতা। পাশেই দাঁড়ানো ছিলেন এ'তো। তা দেখেই বোধহয় তড়িঘড়ি করতে গিয়ে এই ভুল। ৭ মিনিট পর দ্বিতীয় গোল দারুণ এক আক্রমণের ফসল। রোনালদিনহোর পাস থেকে এ'তোর মাথা ছুঁয়ে আসা বল দারুণ এক সাইড ভলিতে জালে পৌঁছে দিয়েছেন জাভি। বিরতির মিনিট পাঁচেক আগে আবার গ্যালারি ভরা দর্শককে আনন্দে ভাসিয়ে দিয়েছেন এ'তো। রোনালদিনহোর দুর্দান্ত এক থ্রু ধরে এগিয়ে ঠান্ডা মাথায় দলকে তৃতীয় গোল উপহার দিয়েছেন তিনি।
বিরতির পরও বার্সেলোনার আক্রমণের ঢেউ স্তিমিত হয়নি। তবে দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের দিকে ভাগ্যদেবী মুখ তুলে চায়নি। এবং নিঃসন্দেহে এই অর্ধে সবচেয়ে বেশি দুর্ভাগা রোনালদিনহোর। দু দু বার তার শট স্পর্শ করেছে প্রতিপক্ষের ক্রসবার। প্রথমবার বাঁ দিক থেকে চোখ ধাঁধানো ড্রিবল করে, তিন জনকে কাটিয়ে নেয়া তার শট ক্রসবারে বাধা পেয়ে ফিরে এসেছে মাঠে। পরের বার ছিল সেই ‘ট্রেডমার্ক’ ফ্রিকিক। কিন্তু প্রতিপক্ষের সবাইকে ফাঁকি দিলেও ক্রসবার ছুঁয়ে বল চলে গেছে বাইরে। ইনিয়েস্তার দুর্ভাগ্যও কম নয়। তার একটা প্রচেষ্টা সাইড বারে বাধা না পেলে আরো বড় ব্যবধানে জিততে পারতো ‘বার্সা’। তার পরও বার্সেলোনার খেলোয়াড়রা এই জয়ে দারুণ খুশি। বিশেষ করে রোনালদিনহো। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জার্সি খুলে ফেললেন তিনি, তার মুটিয়ে যাওয়া নিয়ে বিদ্রুপের জবাব দিতেই যেন। মাঠের পাশে থাকা সাংবাদিকদের সঙ্গে হাসি--ঠাট্টায় মেতেও উঠলেন এই ব্রাজিলিয়ান তারকা।
ওদিকে ইতালিয়ান সিরি ‘এ'তে জয়যাত্রা অব্যাহত রয়েছে ইন্টার মিলানের। রেকর্ড টানা সপ্তদশ জয়ের পথে তারা ৫----২ গোলে উড়িয়ে দিয়েছে ক্যাটানিয়াকে। গোল করেছেন ওয়াল্টার স্যামুয়েল, সান্টিয়াগো সোলারি, ফ্যাবিও গ্রসো, জøাতান ইব্রাহিমোভিচ ও হুলিও ক্রুজ। এই জয়ের ফলে ২৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রোমার চেয়ে ১৪ পয়েন্টেই এগিয়ে রইলো ইন্টার। রোববার রোমাও জিতেছে বড় ব্যবধানে। ফ্রানসেস্কো তাভানো, ফিলিপ্পে মেক্সেস ও ক্রিস্টিয়ান পানুচ্চির লক্ষ্যভেদে তারা ৩----০ গোলে হারিয়েছে রেজ্জিনাকে। ফ্রানসেস্কো টট্টি পেনাল্টি মিস না করলে ব্যবধানটা আরো বড়ও হতে পারতো।
